নতুন যুগের শুরু স্পেনের

বিশ্বকাপের দুঃস্বপ্ন ভোলানো জয়? না, সেটা বলা যাবে না। বিশ্বকাপে পারফরম্যান্স যেমনই হোক, স্পেন ইউরোর বর্তমান চ্যাম্পিয়ন এবং এত কিছুর পরেও ফিফা র্যা ঙ্কিংয়ে তাদের সর্বশেষ অবস্থান সাতে। এই স্পেন ফিফা র্যা ঙ্কিংয়ের ৭৬ নম্বরে থাকা মেসিডোনিয়ার সঙ্গে বড় ব্যবধানে না জিতলে সেটাই বরং বিস্ময়কর হতো।
সিওতাত দে ভ্যালেন্সিয়া স্টেডিয়ামে ৫-১ গোলের বিশাল জয়টা স্পেনের কোচ ভিসেন্তে দেল বস্কের কাছে গুরুত্বপূর্ণ আসলে অন্য কারণে। বিশ্বকাপে ব্যর্থতার মধ্য দিয়েই স্পেনের একটা সোনালি প্রজন্মের শেষ দেখছেন অনেকে। সেটিকে পেছনে রেখে কোথাও না কোথাও থেকে তো নতুন করে শুরু করতে হবে। মেসিডোনিয়ার বিপক্ষে জয় নতুন করে শুরু করার প্রথম ধাপ। একই সঙ্গে ইউরোর বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচটা জেতার স্বস্তিও।
সেই একই স্বস্তি ইংল্যান্ডের কোচ রয় হজসনেরও। ড্যানি ওয়েলবেকের জোড়া গোলে সুইজারল্যান্ডকে তাদেরই মাঠে ২-০ ব্যবধানে হারিয়ে বাছাইপর্বে শুভসূচনা করেছে তাঁর দলও। ‘ই’ গ্রুপে এ দুটি দলের সঙ্গী অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ স্লোভেনিয়া, এস্তোনিয়া, সান মারিনো আর লিথুয়ানিয়া। চূড়ান্ত পর্বের জায়গার লড়াইয়ে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে দেওয়ায় একটু ফুরফুরে থাকতেই পারেন হজসন।
বিশ্বকাপ থেকে প্রথম রাউন্ডেই বিদায়ের পর গত সপ্তাহে ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচেও হেরেছিল স্পেন। তবে বিশ্বকাপের পর প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচেই জয়টাকে নতুন যুগের সূচনা বলেই মনে করছেন স্পেন কোচ ভিসেন্তে দেল বস্ক, ‘আমরা এক ধাপ সামনে এগিয়েছি। আমরা নতুন একটা যুগের সূচনা করতে যাচ্ছি এবং আশা করি, সামনে আরও অনেক কিছু আসছে।’
শুরুটা নতুন যুগের। তবে পরশু ম্যাচে দেল বস্কের একাদশের ১০ জনই কিন্তু ছিলেন স্পেনের বিশ্বকাপ দলেও। একমাত্র নতুন মুখ ভ্যালেন্সিয়ার ২১ বছর বয়সী স্ট্রাইকার পাকো আলক্যাসার। প্রতিযোগিতামূলক ম্যাচে জাতীয় দলে অভিষেকের ১৭ মিনিটের মধ্যেই যিনি প্রথম গোলটাও পেয়ে গেছেন। সঙ্গে জাতীয় দলের হয়ে ৭০তম ম্যাচে এসে সার্জিও বুসকেটসের প্রথম গোল, বদলি হিসেবে নেমে বার্সেলোনার মরোক্কান বংশোদ্ভূত ফরোয়ার্ড মুনির এল হাদ্দাদির দারুণ অভিষেক, নতুন ভূমিকায় সেস্ক ফ্যাব্রিগাস আর ডেভিড সিলভাদের দারুণ পারফরম্যান্স—নতুন যুগের আভাস থাকল এমন আরও অনেক কিছুতেই। দেল বস্ক অবশ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছেন জয় দিয়ে বাছাইপর্ব শুরু করাটাকেই, ‘আমরা তিন পয়েন্ট নিয়ে বাছাইপর্ব শুরু করেছি, খুব ভালো খেলেছি, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের পর আমরা কিছুটা সুখ্যাতি হারিয়েছি। ধীরে ধীরে সেটাও ফিরে পেতে হবে।’
বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে নিজেদের কিছুটা ফিরে পাওয়ার দাবি এখন ইংল্যান্ডও করতেই পারে। গত সপ্তাহে প্রীতি ম্যাচে নরওয়েকে হারিয়েছে হজসনের দল। পরশু যাদের হারাল, সেই সুইজারল্যান্ড গত প্রায় চার বছর দেশের মাটিতে হারেনি। সর্বশেষ পরাজয়টাও এই ইংল্যান্ডের বিপক্ষেই, ২০১০ সালের অক্টোবরে। যেটি বাড়তি উচ্ছ্বাসের কারণ হয়েছে হজসনের, ‘সুইজারল্যান্ড তো সাধারণত নিজের মাঠে হারে না। আমাদের এর জন্য অনেক কষ্ট করতে হয়েছে।’
গত পরশু ইউরো বাছাইপর্বেই দেশের হয়ে শততম ম্যাচটা খেলতে নেমেছিলেন সুইডিশ স্ট্রাইকার ইব্রাহিমোভিচ। নিজে হলুদ কার্ড দেখায় এবং দল অস্ট্রিয়ার সঙ্গে ১-১ ড্র করে পয়েন্ট হারানোয় উপলক্ষটা ঠিক স্মরণীয় করে রাখতে পারেননি পিএসজি স্ট্রাইকার। এএফপি, রয়টার্স।