নতুন রূপে পুরোনো মেসি

প্রাক-মৌসুমের খেলাগুলো শুরু হয়েছে বেশ কিছু দিন হলো। কোপার ধকলের কারণে একটু বাড়তি ছুটি নেওয়ায় প্রাক-মৌসুমের শুরুর দিকে বার্সেলোনার জার্সি গায়ে দেননি দুই লাতিন মহারথী লিওনেল মেসি ও নেইমার। সে কারণেই হয়তো মৌসুম-প্রস্তুতিতে ঠিক চেনা রূপে দেখা ছিল না স্প্যানিশ-জায়ান্টরা। তবে মেসি ফিরতেই বার্সা ফিরে পেয়েছে তাদের পরিচিত রূপ। কাল রাতে রোমার বিপক্ষে তারা জিতেছে ৩-০ গোলে।
মেসি অবশ্য শিরোনাম হবেন একটু অন্য কারণেই। মারামারিতে জড়িয়ে কাল একটু হলেই লালকার্ড দেখতে বসেছিলেন এই আর্জেন্টাইন তারকা। কোপার পর থেকে তাঁর ওপর যে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে, সেটারই প্রতিফলন দেখা গেল তাঁর খেলার মধ্যে। মেজাজ হারিয়ে বসলেন রোমার ফরাসি ডিফেন্ডার এমাপো ইয়াঙ্গা এমবিয়ার সঙ্গে। মারামারিটা প্রায় লেগেই গিয়েছিল। কিন্তু মেসি বলেই কিনা রেফারি হলুদ কার্ডের বেশি দেখাননি তাঁকে।
মাঠের খেলায় অবশ্য পুরোনো রূপেই ছিলেন মেসি। নিজেদের মাঠে ইতালীয় দলটির বিপক্ষে বার্সা ছিল রীতিমতো অপ্রতিরোধ্য। মেসি-নেইমার জুটির তোপে শুরু থেকেই দিশেহারা হয়ে পড়েছিল রোমার রক্ষণব্যূহ। গোলরক্ষক সেজনিকে ধন্যবাদ দিতেই পারেন রোমা সমর্থকেরা। কয়েকটি দুর্দান্ত সেভে দলের মুখরক্ষা করেছেন আর্সেনাল ছেড়ে আসা এই গোলরক্ষক। খেলার ২৬ মিনিটে অবশ্য আর দলের গোল হজম ঠেকাতে পারেননি সেজনি। মেসির কাছ থেকে পাওয়া বল জেরেমি ম্যাথিউ ঠেলে দেন নেইমারের কাছে। তিনি দলকে এগিয়ে নিতে একেবারেই ভুল করেননি। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই মেসির পা থেকে আসে আরও একটি গোল। বিরতির পর ইভান রাকিতিচের গোল জয় সুনিশ্চিত করে বার্সেলোনার।
বার্সার ছন্দে ফেরার দিনে অবশ্য হারের তেতো স্বাদ নিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। বায়ার্ন মিউনিখের কাছে তারা হেরেছে ১-০ গোলে। ক্রিস্টিয়ানো রোনালদো, গ্যারেথ বেল আর করিম বেনজেমাকে ছাড়াই কাল দল সাজিয়েছিলেন কোচ রাফায়েল বেনিতেজ। প্রাক-মৌসুম মেজাজে দল সাজিয়ে অবশ্য প্রায় রুখেই দিয়েছিলেন বায়ার্নকে। তবে রবার্ট লেভানডোফস্কির ৮৮ মিনিটের গোল জয় এনে দেয় জার্মান-জায়ান্টদের। তবে খেলায় বায়ার্নের আধিপত্য ছিল খেলার আগাগোড়াই। তবে রিয়ালের হয়ে দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন গোলরক্ষক কেইলর নাভাস। খেলা শেষ হওয়ার ২ মিনিট আগে গোরোটা আলগা করেন লেভানডোফস্কি। সূত্র: এএফপি।