নতুন রূপে ফিফা বর্ষসেরা পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিফা আর ব্যালন ডি’অর আলাদা হয়ে গেছে—এটা পুরোনো খবর। ফিফার সঙ্গে ছয় বছরের চুক্তি শেষ হয়ে যাওয়ায় আবার নিজেদের নিয়মে ব্যালন ডি’অর দেওয়ার প্রক্রিয়ায় ফিরে যাচ্ছে ফরাসি সাময়িকী ফ্রান্স ফুটবল। তবে পুরো প্রক্রিয়াটায় কিছু পরিবর্তন এনেছে তারা। সেই পথে হেঁটেই বুঝি এবার ফিফাও তাদের বর্ষসেরা পুরস্কারটা শুরু করতে যাচ্ছে নতুন রূপে।
১৯৯১ থেকে ফিফার সব সদস্যদেশের কোচ ও অধিনায়কদের ভোটে ফিফা দিয়ে আসছিল ‘ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার অব দ্য ইয়ার’ পুরস্কার। যেটি ফ্রান্স ফুটবল-এর ব্যালন ডি’অরের সঙ্গে একীভূত হয়েছিল ২০১০ সালে। এবার আলাদা হয়ে যাওয়ার পর ব্যালন ডি’অর পুরস্কার দেওয়ার প্রক্রিয়ায় পরিবর্তন এনেছে ফ্রান্স ফুটবল। ফিফাও ঢেলে সাজিয়েছে কাঠামোটা। নতুন নাম দেওয়া হয়েছে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’। নতুন নিয়মে ফিফা বর্ষসেরা ফুটবলার ছাড়াও দেওয়া হবে বর্ষসেরা নারী খেলোয়াড়, বর্ষসেরা কোচ, নারী দলের বর্ষসেরা কোচ, সবচেয়ে সুন্দর গোলের জন্য পুসকাস পুরস্কার, ফেয়ার প্লে পুরস্কার ও ফিফপ্রো একাদশ। এর সঙ্গে এবার একেবারে নতুন একটা পুরস্কার যোগ করা হয়েছে। ফিফার একদল বিশেষজ্ঞ বছরের সেরা কিছু ফুটবল মুহূর্ত বাছাই করবেন। সেখান থেকে সমর্থকদের অনলাইন ভোটের মাধ্যমে নির্বাচিত হবে বছরের সেরা ফুটবল মুহূর্ত।
ভোটের প্রক্রিয়ায়ও কিছু পরিবর্তন আনছে ফিফা। সেরা খেলোয়াড় ও সেরা কোচ বাছাইয়ের ক্ষেত্রে এখন থেকে নেওয়া হবে সাধারণ সমর্থকদের ভোটও। ফিফার সব সদস্যদেশের কোচ ও অধিনায়কদের হাতে থাকছে ৫০ ভাগ ভোট। বাকি ৫০ ভাগ ভোট দেবেন সারা বিশ্বের নির্বাচিত দুই শতাধিক সাংবাদিক ও সাধারণ সমর্থকেরা।
ফ্রান্স ফুটবল ব্যালন ডি’অর দিয়ে দেবে ডিসেম্বরেই। তবে এ বছর ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ দেওয়া হবে ৯ জানুয়ারি, জুরিখে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো পুরো আয়োজনটা নিয়ে আগাম উচ্ছ্বসিত, ‘এই ইভেন্টটা খেলোয়াড়, কোচ ও সমর্থক সবার জন্য। এটা নতুন করে নতুন রূপে শুরু করার মাধ্যমে আমরা আমাদের প্রিয় খেলাটাকে উদ্যাপন করব।’ রয়টার্স।