নতুন রূপে শেখ রাসেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উৎসবমুখর পরিবেশে দলবদল সারল শেখ রাসেল। সেই উৎসবেরই অংশ এই টমটম। গতকাল নাম নিবন্ধনের পর ঘোড়ার গাড়িতে চড়ে বাফুফে ভবন ছেড়ে যাচ্ছেন রাসেলের ফুটবলাররা l প্রথম আলো
উৎসবমুখর পরিবেশে দলবদল সারল শেখ রাসেল। সেই উৎসবেরই অংশ এই টমটম। গতকাল নাম নিবন্ধনের পর ঘোড়ার গাড়িতে চড়ে বাফুফে ভবন ছেড়ে যাচ্ছেন রাসেলের ফুটবলাররা l প্রথম আলো

সামনে মোটরসাইকেলের বহর, পেছনে ঘোড়ার গাড়িতে খেলোয়াড়েরা। বাদ্যযন্ত্রের শব্দে ততক্ষণে বাফুফে ভবন চত্বরে বিয়েবাড়ির উৎসব। শেখ রাসেল ক্রীড়াচক্র কাল বিকেলে প্রিমিয়ার লিগের দলবদল কার্যক্রম সারল মহা ধুমধামে।
এমন দলবদল ঢাকার ফুটবলে নতুন নয়। তবে শেখ রাসেল এবার যেন দেখা দিয়েছে নতুন রূপে। গতবারের আগের মৌসুমে ট্রেবলজয়ী দলটি গতবার সাদামাটা দল নিয়ে ঘরোয়া ফুটবলে ছিল সাফল্যহীন। কলম্বোতে যদিও এএফসি প্রেসিডেন্স কাপে তারা হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন। সেই শেখ রাসেল এবার গড়েছে অন্যতম সেরা দল। ক্লাবে এসেছে নতুন উদ্দীপনা।
বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান হয়েছেন শেখ রাসেলের চেয়ারম্যান। তাঁরই উদ্যোগে শেখ রাসেল বসুন্ধরা আবাসিক এলাকায় পাচ্ছে নিজস্ব অনুশীলন মাঠ, সেখানেই হবে থাকার ব্যবস্থা। দলটির দীর্ঘদিনের চাওয়া পূরণ হচ্ছে, যা ঘরোয়া ফুটবলের জন্য ভালো খবরই। বড় অঙ্কের আর্থিক সহায়তা তো পাবেই। সব মিলিয়ে শেখ রাসেলের সাংগঠনিক কার্যক্রমে লেগেছে করপোরেট হাওয়া।
গতবারের মন্টেনেগ্রিয়ান কোচ দ্রাগান দুকানোভিচকে নিয়ে আসা হয়েছে এরই মধ্যে। জাতীয় দলের এমিলি, মিঠুন, জাহিদ, মিশু, হেমন্ত, ইয়াসিন, গোলরক্ষক লিটন নাম লিখিয়েছেন। আবাহনী থেকে এসেছেন ডিফেন্ডার ওয়ালি ফয়সাল, শাহেদ, জামাল, ভাসানী। মোহামেডান ছেড়ে তপু বর্মণ, গোলরক্ষক মামুন খান। খুব ভালো স্থানীয় সংগ্রহ। শেখ জামালে জাতীয় দলের খেলোয়াড় ১৪ জন, শেখ রাসেলে সংখ্যাটা ৭। স্থানীয় খেলোয়াড়েরা আসলে উনিশ-বিশ। ব্যবধান গড়বে বিদেশিরাই।
বিদেশি খেলোয়াড়েরা সংগ্রহে নতুন মৌসুমে শেখ রাসেল দেখাতে চায় বড় চমক। মাসে ১০-১২ হাজার ডলার পারিশ্রমিক বা তার চেয়েও বেশি দামি খেলোয়াড় আনার কথা বলছেন কর্মকর্তারা। দুজন বিদেশি বসনিয়ার বোজান পেত্রিক ও নাইজেরিয়ার কিংসকে নিবন্ধন করানো হয়েছে কাল। বাকি তিনজনের কোটা পূরণে হাইতিসহ আরও কয়েকটি দেশে চোখ কর্তাদের। দলবদল করতে এসে জনাজীর্ণ সংবাদ সম্মেলনে ক্লাবের ডাইরেক্টর ইনচার্জ ইসমত জামিল আকন্দ বলছিলেন, ‘এবার এমন বিদেশি আনব আমরা, যা কেউ ভাবতেই পারবেন না। একটু অপেক্ষা করুন।’
তবে কিছু সমস্যাও আছে। উইঙ্গার জাহিদকে নেওয়া হলেও তাঁর খেলা অনিশ্চিত। জাহিদকে এ মৌসুমে খেলতে হলে গতবার মোহামেডানের সঙ্গে চুক্তির অর্ধেক টাকা (১৭ লাখ) তাঁকে এবার ফেরত দিতে হবে। সেটি দিলেই তিনি মুক্ত হবেন। জাহিদ কাল শেখ রাসেলে নাম লেখাতে এসে জানালেন, বাফুফের ডিসিপ্লিনারি কমিটির দেওয়া শাস্তির বিরুদ্ধে আপিল করবেন।
শাহেদ ও শেখ জামাল থেকে আসা ইয়াসিনের বিরুদ্ধে দুই ক্লাব থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এসব নিষ্পত্তি হওয়ার পরই এই খেলোয়াড়দের পাবে শেখ রাসেল। তবে কর্মকর্তাদের আশা, সমস্যা মিটে যাবে। অভিযুক্ত খেলোয়াড়দের পাশেই তাঁরা থাকবেন বলে জানালেন।
খেলোয়াড়দের কাছে ক্লাবের প্রত্যাশার বেলুন বেশ স্ফীতই এবার। সেটি মাথায় রেখেই স্ট্রাইকার এমিলি বলছিলেন, ‘সবগুলো ট্রফির দিকেই আমরা চোখ রাখছি। তবে অন্তত দুটি পাব আশা করছি।’ ওয়ালি ফয়সালেরও একই আশা। মিঠুন চৌধুরীর সংযোজন, ‘অনেক প্রত্যাশা নিয়ে বড় বাজেটে দল গড়েছে শেখ রাসেল। এখন খেলোয়াড়দের দায়িত্ব দলকে এক নম্বর হিসেবে তুলে ধরা।
শেখ জামাল ও আবাহনীও চায় এক নম্বর হয়ে দেখা দিতে। শেখ রাসেলের সামনে তাই বড় চ্যালেঞ্জই।