‘নতুন রোনালদো’র জন্য ক্লাব ছাড়ছেন এক কালের ‘নতুন মেসি’

রোনালদো ও দিবালা জুটি সেভাবে উপভোগ করতে পারেননি জুভ ভক্তরাছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এককালে পাওলো দিবালাই নয়নের মণি ছিলেন জুভেন্টাসের।


পালেরমোর হয়ে ইতালির শীর্ষ লিগে দুর্দান্ত এক মৌসুম কাটানোর পর প্রায় সাড়ে তিন কোটি ইউরোর বিনিময়ে ২০১৫ সালে এই আর্জেন্টাইন স্ট্রাইকারকে দলে টেনেছিল জুভেন্টাস। ২১ নম্বর জার্সিটা তুলে দিয়ে ভেবেছিল, তুরিনের বুড়িদের হয়ে একই নম্বরের জার্সি পরা আন্দ্রেয়া পিরলো, জিনেদিন জিদানদের কীর্তিকে ছাপিয়ে যাবেন এই ২১ বছর বয়সী। তবে তাঁর খেলার ধরনে ছিল লিওনেল মেসির ছাপ। দিবালাও ছিলেন বাঁ পায়ের খেলোয়াড়, বল পায়ে দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখার ঈশ্বরপ্রদত্ত ক্ষমতা পেয়েছিলেন মেসির মতোই।

পাওলো দিবালা
ছবি: এএফপি

কিন্তু বিভিন্ন চোট আর ফর্মহীনতা মিলিয়ে জুভেন্টাসের আশা পূরণ করতে পারেননি পুরোপুরি। জুভেন্টাসও উপায় না পেয়ে ভরসা রেখেছে ক্রিস্টিয়ানো রোনালদো, ফেদেরিকো কিয়েসা কিংবা দুসান ভ্লাহোভিচদের ওপর। এখন দিবালা জুভেন্টাস আক্রমণভাগের মূল ভরসাও নন।


কয়েক বছর আগেও দিবালাকে ‘নতুন মেসি’ বলা হতো। সাত বছর জুভেন্টাসে কাটানো এই ২৮ বছর বয়সী এখন ক্লাব ছাড়ার দ্বারপ্রান্তে। ইতালিয়ান নির্ভরযোগ্য মিডিয়াগুলোর খবর, জুভেন্টাসের হয়ে আর চুক্তি নবায়ন করতে চাইছেন না দিবালা। জুভেন্টাসের কাছে যে বেতন চেয়েছেন, সেটা পাচ্ছেন না দেখেই এ সিদ্ধান্ত। আগামী জুনেই চুক্তিমুক্ত হয়ে যাবেন, তখন ইচ্ছেমতো যেকোনো ক্লাবের হয়ে চুক্তি সই করতে পারবেন তিনি।

দুসান ভ্লাহোভিচ
ছবি : রয়টার্স

কিন্তু কেন জুভেন্টাসের হয়ে চুক্তি নবায়ন করছেন না দিবালা? এককালের ‘নতুন মেসি’র দল ছাড়ার নেপথ্যে ভূমিকা রাখছেন ‘নতুন রোনালদো’। গত জানুয়ারিতে সাড়ে সাত কোটি ইউরোর বিনিময়ে ফিওরেন্তিনা থেকে সার্বিয়ান স্ট্রাইকার দুসান ভ্লাহোভিচকে দলে টেনেছে জুভেন্টাস, দিয়েছে রোনালদোর ফেলে যাওয়া সাত নম্বর জার্সির অধিকার।

জুভেন্টাস আক্রমণভাগের কেন্দ্রবিন্দু এখন ভ্লাহোভিচ। তাঁকে ঘিরেই এখন দল সাজাচ্ছেন কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি। ভ্লাহোভিচ চলে আসার কারণে দিবালা এখন আর জুভেন্টাস প্রকল্পের মূল খেলোয়াড় নন। এ কারণে এই আর্জেন্টাইন স্ট্রাইকারকে বেশি বেতন দিয়ে আর রাখতে চাইছে না ক্লাবটি।

মেসির উত্তরসূরি মানা হতো দিবালাকে
ফাইল ছবি: এএফপি

গতকাল দিবালা ও তাঁর মুখপাত্রের সঙ্গে বৈঠক করেছেন জুভেন্টাসের কর্তাব্যক্তিরা। সেখানেই দিবালাকে জানিয়ে দেওয়া হয়েছে চুক্তি নবায়ন না করার ব্যাপারটা। দিবালা চেয়েছিলেন নতুন চুক্তির মেয়াদ যেন চার বছর হয়, বার্ষিক অন্তত ৮০ লাখ ইউরো বেতন চেয়েছিলেন। জুভেন্টাস অত বেশি বেতনে রাজি হয়নি, চুক্তিও তিন বছরের বেশি দিতে চায়নি। ব্যাপারটা খোলাসা করেছেন জুভেন্টাসের প্রধান নির্বাহী মরিজিও আরিভাবেন, ‘ভ্লাহোভিচের আসার কারণে দিবালা এখন আর আমাদের আক্রমণভাগের মূল অংশ নয়। তাই আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।’


জুভেন্টাসের হয়ে পাঁচবার লিগ জিতেছেন দিবালা, চারবার জিতেছেন কোপা ইতালিয়া। ২৮৩ ম্যাচ খেলে ১১৩ গোলও করেছেন। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৯ ম্যাচ খেলে ১৩ গোল করেছেন। দিবালাকে পাওয়ার দৌড়ে আছে ইন্টার মিলান, আতলেতিকো মাদ্রিদ ও টটেনহাম হটস্পারের মতো ক্লাবগুলো।