রোনালদোর সামনে নতুন শিকার

চেনা খাবারে মাঝে মাঝেই অরুচি ধরে। মুখের স্বাদ পাল্টাতে তাই নতুন কিছু খুঁজে নেন খাদ্য রসিকেরা। রোনালদোর মুখেও এই মৌসুমে একটু অতৃপ্তির ছাপ। আজ লা পালমাসের কপালে বোধ হয় দুঃখই আছে। লা লিগার সব ক্লাবের বিপক্ষেই গোল করার রেকর্ড ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর। কিন্তু ক্যানারি দ্বীপপুঞ্জের এই দল লা লিগায় উন্নীত হয়েই রোনালদোর রেকর্ডে দাগ ফেলে দিয়েছে। তবে নতুন এক দলকে সামনে পেয়ে স্বাদ পাল্টানোর সুযোগ পাচ্ছেন রোনালদো। বার্নাব্যুতে আজ গোল করার একটু বাড়তি তাড়নাই থাকবে সি আর সেভেনের।
এ মৌসুমটা খুব একটা ভালো যাচ্ছে না রোনালদোর। লিগে নয় ম্যাচে মাত্র সাত গোল! হ্যাঁ, মাত্রই। গত কয়েক মৌসুমে নিজেকে যে উচ্চতায় তুলে নিয়েছেন, তাতে ম্যাচপ্রতি কমপক্ষে এক গোল না পাওয়াটাই এখন অবিশ্বাস্য। তবে লিগে টানা দুই ম্যাচে গোল পেয়ে চেনা ফর্মে ফেরার ইঙ্গিত দিচ্ছেন রোনালদো। আর সামনে পাচ্ছেন পুঁচকে পালমাসকে। লা লিগার বাকি ১৮ দলের বিপক্ষেই গোল আছে। রোনালদো রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর এই প্রথম লা লিগায় উঠল পালমাস। পালমাসের বিপক্ষে তাই গোলও নেই। লা লিগার সব দলের বিপক্ষেই গোল করার রেকর্ডটিও তাই আপাতত রোনালদোর হাতছাড়া। রেকর্ড পুনরুদ্ধার করার সুযোগ পাচ্ছেন আজ, তাও নিজেদের মাঠেই। পালমাসের ভয় পাওয়াই উচিত।
লস ব্লাঙ্কোসদের জার্সি গায়ে চাপানোর পর থেকে লা লিগায় এখন পর্যন্ত ২৯টি দলকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন রোনালদো। সব দলের বিপক্ষেই গোল করেছেন তিনি। আজ ৩০তম ‘শিকার’ হিসেবে সামনে পাচ্ছেন পয়েন্ট তালিকার ১৮তম দলকে। বাড়তি একটা প্রেরণাও হয়তো আছে। পালমাসের বিপক্ষে গোল করতে পারেননি মেসি। প্রতিদ্বন্দ্বীকে ছাড়িয়ে যাওয়ার সুযোগটা কি আর তিনি হাতছাড়া করতে চাইবেন! সূত্র: মার্কা।