নতুন শুরু 'নতুন' স্পেনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ ফ্রান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ‘নতুন’ স্পেনের নতুন মিশন। স্পেন চাইবে অনুশীলন থেকে ফেরার পথে রামোস-কোকে, কাজোরলা-ক্যাসিয়াসদের এই যে হাসি, সেটি অমলিন থাকুক ম্যাচ শেষেও l রয়টার্স
জ ফ্রান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ‘নতুন’ স্পেনের নতুন মিশন। স্পেন চাইবে অনুশীলন থেকে ফেরার পথে রামোস-কোকে, কাজোরলা-ক্যাসিয়াসদের এই যে হাসি, সেটি অমলিন থাকুক ম্যাচ শেষেও l রয়টার্স

প্রীতি ম্যাচের মেলায় বিশ্বজুড়ে আজ আছে ১১টি ম্যাচ। প্যারিসের স্তাদে দি ফ্রান্সে ফ্রান্স-স্পেন ম্যাচটা তো আছেই, ফুটবলপ্রেমীদের কৌতূহল থাকবে ইতালি-হল্যান্ড ম্যাচটি নিয়েও
বিশ্বকাপের গ্রুপপর্বেই লজ্জাজনক বিদায়। স্পেনের কাছে ২০১৪ বিশ্বকাপ যেন বিশাল এক ঝড়ের নাম। এই ঝড় রাজত্ব-রাজমুকুট দুটোই উড়িয়ে নিয়ে গেছে। পাল্টে দিয়েছে দলের চেহারা। যে টিকি-টাকা দিয়ে বিশ্ব ফুটবলে রাজত্ব বিস্তার করেছিল স্পেন, সেই টিকি-টাকার মৃত্যুই দেখেছেন অনেকে। তবে ঘুরে দাঁড়িয়ে নতুন করে শুরু করার চ্যালেঞ্জটা স্পেনের শুরু হয়ে যাচ্ছে আজই।
বিশ্বকাপ ভরাডুবির পর আজই প্রথম মাঠে নামছে স্পেন। প্রতিপক্ষ বিশ্বকাপে উজ্জীবিত পারফরম্যান্স দিয়ে নজরকাড়া ফ্রান্স। প্রীতি ম্যাচের মেলায় বিশ্বজুড়ে আজ আছে ১১টি ম্যাচ। প্যারিসের স্তাদে দি ফ্রান্সে ফ্রান্স-স্পেন ম্যাচটা তো আছেই, ফুটবলপ্রেমীদের কৌতূহল থাকবে ইতালি-হল্যান্ড ম্যাচটি নিয়েও।
স্প্যানিশ ফুটবল ফেডারেশন কোচ হিসেবে ভিসেন্তে দেল বস্ককেই রেখে দিয়েছে। যদিও পরিবর্তনের হাওয়ায় দলের চেহারা গেছে পাল্টে। ডেভিড ভিয়া আগেই বলে দিয়েছিলেন, এই বিশ্বকাপই তাঁর শেষ। পরে বিদায় বলে দিয়েছেন স্পেনের সোনালি প্রজন্মের অন্যতম দুই স্তম্ভ জাভি হার্নান্দেজ এবং জাবি আলোনসোও। চোটের কারণে দলে নেই আন্দ্রেস ইনিয়েস্তা, জেরার্ড পিকে ও জাভি মার্টিনেজ। দেল বস্কের নতুন দলে জায়গা হয়নি ফার্নান্দো তোরেস, হুয়ান মাতা ও গোলরক্ষক পেপে রেইনার। দলে তাই এখনো আন্তর্জাতিক ম্যাচ না খেলা পাঁচজন।
দেল বস্ক নতুন চেহারার এই দলটাকে বলছেন অভিজ্ঞ ও নবীন খেলোয়াড়দের মিশ্রণ। নতুন করে শুরুর আগে অভিজ্ঞ ডিফেন্ডার সার্জিও রামোস বলছেন, ‘আমরা চেষ্টা করব সেই জায়গায় পৌঁছাতে, যেখানে আমরা ছিলাম। আমাদের যে সাফল্য আছে, তা ভুলে যেতে হবে। কারণ সব সময় অতীত-সাফল্য ধরে বসে থাকলে চলবে না।’ আগামী সোমবারই মেসিডোনিয়ার সঙ্গে ২০১৬ ইউরো বাছাইপর্বের ম্যাচ স্পেনের। প্যারিসের আজকের ম্যাচটা তাই দেল বস্কের দলের কাছে ইউরোর জন্যও নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগও।
ফ্রান্সের অবস্থাটা ঠিক স্পেনের উল্টো। বিশ্বকাপের দল থেকে পরিবর্তন মাত্র তিনটি। যার একজন অবসর নিয়েছেন। বাকি দুজন বাদ পড়েছেন চোটের কারণে। কোচ দেশম জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে ১-০ গোলে হারা ম্যাচে যে দলটা নামিয়েছিলেন, আজ স্পেনের সঙ্গেও প্রায় সেই দলটাই নামাবেন তিনি।
স্পেনের মতো ইতালিরও বিশ্বকাপটা ছিল হতাশার। ইংল্যান্ডের সঙ্গে ২-১ গোলে জয় দিয়ে শুরুর পরও গ্রুপপর্ব থেকেই বিদায়। ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়িয়েছেন কোচ সিজারে প্রানদেল্লি। এসেছেন আন্তোনিও কন্তে। তবে দায়িত্ব নিয়ে দলে খুব বেশি পরিবর্তন আনেননি জুভেন্টাসের সাবেক কোচ। বাদ দিয়েছেন শুধু মারিও বালোতেল্লিকে। কিয়েলিনি-অসভালদোদের নিতে পারেননি চোটের কারণে। তবে কন্তে আশাবাদী, ইতালিকে ঠিকই নিজেদের জায়গায় পৌঁছে দিতে পারবেন, ‘আমার দল হবে অবশ্যই বিনয়ী, গর্বিত এবং এককাট্টা। সবার আগে আমাদের মানুষের মন জয় করতে হবে।’ হল্যান্ডের চ্যালেঞ্জটা হলো বিশ্বকাপের পারফরম্যান্সটা ধরে রাখা। বিশ্বকাপে তৃতীয় হওয়া হল্যান্ডের কোচ লুই ফন গাল বিশ্বকাপের পরপরই দায়িত্ব নিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের। হল্যান্ডের দায়িত্বে এখন অভিজ্ঞ গাস হিডিঙ্ক। ৬৭ বছর বয়সী হিডিঙ্ক পারবেন পূর্বসূরির মতো দলকে কক্ষপথে রাখতে? এএফপি।