নতুন সকাল নতুন আশা

প্রতিদিনের মতো থিম্পুর আকাশে আজও উঠেছে একই সূর্য। কিন্তু সকালের নাশতার আগে ও পরে হোটেল থেকে সামনে বের হয়ে জাফর ইকবাল, টুটুল হোসেন বাদশারা আকাশে তাকিয়ে যেভাবে সূর্য দেখছিল, মনে হলো থিম্পুর আকাশে সূর্যটা আজই প্রথম উঠেছে! বুঝতে বাকি রইল না, আজকের সকালটা তাদের কাছে অন্য রকম; যে সকালে তাঁদের হাত ধরে আসতে পারে দেশের ফুটবলের নতুন আশা।
২০১৫ সালে অনূর্ধ্ব-১৬ কচিকাঁচার আসর বাদ দিলে বাংলাদেশ শেষ কবে শিরোপা জিতেছিল, তা মনে করাও দুষ্কর। ২০০৯ সালে শেষ জিতেছিল এসএ গেমস। এরপর কেটে গেছে আট বছর। কোনো সুসংবাদ নেই। উল্টো গত বছর থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে দুর্বল ভুটানের কাছে হেরে ‘গেল গেল, সব গেল’ রব ওঠে। সে কলঙ্কের ছোপ ছোপ দাগ এখনো লেগে আছে চাংলিমিথাংয়ের প্রতিটি ইটের কণায়। অনূর্ধ্ব-১৮ সাফ ফুটবল দিয়ে চাংলিমিথাংয়ে আজই হতে পারে সেই কলঙ্কমোচন। যুবাদের লড়াইয়ে ভুটানকে হারাতে পারলে ধুয়ে-মুছে যাবে সব কলঙ্ক। সঙ্গে একটি সমীকরণ মিলে গেলে অনূর্ধ্ব-১৮ সাফ ফুটবলের শিরোপা নিয়েও ফিরবে বাংলাদেশ। যে শিরোপাটি হবে দেশের ফুটবলের নতুন আশা। কলঙ্ক মুছে গৌরবের ইতিহাস লিখতে পারবে তো যুবারা?
শিরোপা জিততে হলে সবার আগে আজ বিকেলে চারটায় শুরু হতে যাওয়া ম্যাচে ভুটানকে হারাতে হবে বাংলাদেশকে। সঙ্গে তাকিয়ে থাকতে হবে নেপাল ও ভারতের মধ্যকার দিনের দ্বিতীয় ম্যাচে। দ্বিতীয় ম্যাচে ভারত না হারলেই চ্যাম্পিয়ন বাংলাদেশ!
ভুটান থেকে শিরোপা নিয়ে যাওয়ার অভ্যাস আছে বাংলাদেশ কোচ মাহবুব হোসেন রক্সির। ১৯৮৮ সালে প্রথমবার ভুটান এসে আরামবাগের জার্সিতে কিংস কাপের শিরোপা জিতেছিলেন আজকের বাংলাদেশ দলের কোচ। দ্বিতীয়বার ভুটানে এসেও তাঁর সামনে শিরোপার হাতছানি।
আশার কথা হলো, ২০১৫ সালে কাঠমান্ডুতে অনুষ্ঠিত শেষ যুব সাফে ভুটানের বিপক্ষে ২-০ গোলে জিতেছিল বাংলাদেশ। সেই দলের পাঁচজন আছেন বর্তমান দলে। তাঁদের মধ্যে একজন টুটুল হোসেন বাদশা বর্তমান দলের অধিনায়ক। বাদশার ভাষায়, ‘আজকেও জিতবে বাংলাদেশ।’
বাদশারা স্বপ্ন দেখাচ্ছেন, স্বপ্ন দেখছে দেশের ফুটবলপ্রেমীরা। থিম্পুর নতুন ভোরের পথ ধরে দেশের ফুটবলে আসবে কি নতুন কোনো আশা!