প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন মনের মানুষ খুঁজে পেয়েছেন ক্যারোলিন ওজনিয়াকি। সময়টা তাঁর সঙ্গে দারুণই কাটছে। দিন কয়েক আগে ওয়াশিংটনে এক দাতব্য অনুষ্ঠানে ন্যাশনাল ফুটবল লিগের (এনএফএল) খেলোয়াড় রায়ান কেরিগানের সঙ্গে দেখা গেছে ডেনিশ টেনিস তারকাকে। তার পর থেকেই এমন গুজব। এর সপক্ষে কিংবা বিপক্ষে এখনো মুখ খোলেননি ওজনিয়াকি। কিন্তু তাঁদের সম্পর্ককে দেখাতে গিয়ে পত্রপত্রিকায় টেনে আনা হচ্ছে কেরিগানের উচ্চতাকে। গলফার ম্যাকইলরয়ের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর সম্ভাব্য নতুন মনের মানুষ সম্পর্কে একটা চাওয়ার কথা জানিয়েছিলেন টেনিসের সাবেক এক নম্বর। তিনি যেন হিল পরতে পারেন! এনএফএলের দল ওয়াশিংটন রেডস্কিনের খেলোয়াড় কেরিগানের উচ্চতা ৬ ফুট ৪ ইঞ্চি। এখন নিশ্চয়ই হিল পরার জন্য আক্ষেপ করতে হবে না ৫ ফুট ১০ ইঞ্চি উচ্চতার ওজনিয়াকিকে। টেনিসডটকম।