নতুন সাজে মফুলিক
চারপাশে ফুল আর রঙিন বেলুন দিয়ে সাজানো। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ঢাকা মহানগর ফুটবল লিগ কমিটির অফিসটাকে আর চেনাই যাচ্ছে না। নতুন আসবাবপত্র। নতুন সাজসজ্জায় ৩৮ বছরের পুরোনো অফিসটাকে একেবারে আধুনিক করে তোলা হয়েছে।
শুধু তা-ই নয়, ঢাকা মহানগর ফুটবল লিগ কমিটি (মফুলিক) নতুন পৃষ্ঠপোষকও পেয়েছে। সাইফ পাওয়ারটেক আগামী চার বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছে মফুলিকের সঙ্গে। ফলে আগামী চার বছর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ লিগ আয়োজনেও কোনো বাধা থাকছে না।
মফুলিক চেয়ারম্যান হারুনুর রশীদের আশা, এবার তৃণমূল থেকেই বেরিয়ে আসবে আগামী দিনের ফুটবলার, ‘৩৮ বছর পর সব ভেঙে নতুন করে তৈরি করা হলো এই অফিস। ৪৮টি ক্লাব সমানভাবে সহায়তা করেছে আমাদের। এখান থেকেই আগামী দিনে বিভিন্ন পর্যায়ে এবং জাতীয় দলের ফুটবলার তৈরি করব। আগামী বছর থেকে নিয়মিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ লিগ আয়োজন করা হবে।’
অনুষ্ঠানে এসে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেছেন, ‘আমি ক্লাবগুলোকে অনুরোধ করব, ফুটবলার নেওয়ার সময় যেন ফুটবলারদের সঙ্গে ৪-৫ বছরের চুক্তি করেন। তাহলে হুট করে বড় কোনো ক্লাব এসে আপনাদের খেলোয়াড় নিয়ে যেতে পারবে না।’ ১১ জানুয়ারি থেকে মাঠে গড়াবে ১২ দলের দ্বিতীয় বিভাগ লিগ।
মহানগর লিগ কমিটির অফিস নতুন করে সেজেছে। মফুলিক এখন নতুন উদ্যমে কাজে নামলেই হয়।