প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত সপ্তাহে এল ক্লাসিকো জয়ের পর ন্যু ক্যাম্পে রিয়াল মাদ্রিদের উচ্ছ্বাসটা নিশ্চয়ই অনেকের মনে আছে! ম্যাচ শেষে পোশাক পাল্টানোর মাঝপথেই তোলা খেলোয়াড়দের উচ্ছ্বসিত ছবিটিও ফলাও করে প্রকাশ করা হয়েছে ক্লাবটির টুইটার পেজে। সেখানে অর্ধনগ্ন ক্রিস্টিয়ানো রোনালদোর ভঙ্গিটা জুগিয়েছে হাসির খোরাক। সবাই আকারে-ইঙ্গিতে এ নিয়ে মজা করলেও ডাচ দল আলমেরে সিটি সে পথে যায়নি। হল্যান্ডের দ্বিতীয় বিভাগের দলটি শুক্রবার লিগে নিজেদের ম্যাচ জেতার পর রিয়ালের ওই ভঙ্গিতেই উদ্যাপন করেছে। এখানেই থামেনি, দলটির বদলি গোলরক্ষক রয় পিস্তর নকল করেছেন রোনালদোর ভঙ্গি, তাঁর মতোই অর্ধনগ্ন হয়ে! দলটির মূল গোলরক্ষক অ্যাগিল এটেমোডি সেই ছবিটা ছেড়ে দিয়েছেন টুইটারে, সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো লিখতে ভোলেননি! সূত্র: ইএসপিএন।