নতুনভাবে জেগে উঠল আবাহনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৬ বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী। তিন বছর পর পেশাদার লিগ শিরোপা পুনরুদ্ধার করেছে আকাশি–নীলেরা l শামসুল হক
২০১৬ বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী। তিন বছর পর পেশাদার লিগ শিরোপা পুনরুদ্ধার করেছে আকাশি–নীলেরা l শামসুল হক

আগের ম্যাচেই শিরোপা নির্ধারিত হয়ে যাওয়ায় আবাহনীর উদ্যাপন ছিল অনেকটাই নীরব। সমর্থক ছিল না গ্যালারিতে। ক্লাবও প্রস্তুতি নিয়ে আসেনি। কাল শেষ ম্যাচেও অবশ্য বলার মতো সমর্থক নেই, আকালি-নীল গ্যালারি অনেকটা ফাঁকাই।
কিন্তু ক্লাবের উদ্যোগে ফুলের মালা, ব্যানার, প্ল্যাকার্ড সবই আনা হয়েছে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। বাড়তি আকর্ষণ ১২টি ঘোড়ার গাড়ি, তাতে চড়ে খেলোয়াড়েরা ক্লাবে ফেরার আগে অনেকদিন পর মনে রাখার মতো আনন্দ করলেন মাঠে। সে আনন্দে যোগ দিয়েছিলেন সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল।
শেষ ম্যাচে রহমতগঞ্জকে হারিয়েই উৎসব করতে চেয়েছে চ্যাম্পিয়ন আবাহনী। প্রত্যাশিত জয়ে পূরণ হয়েছে সেই চাওয়াটা। আবাহনীর জন্য বছরটাই কেটেছে দারুণ। স্বাধীনতা কাপের ফাইনালে হারের পর ফেডারেশন কাপ জয়, এবার লিগে সেরা। কাল তো পিছিয়ে পড়েও জীবনের জোড়া গোলে এসেছে জয় (৩-১)। আবাহনীর অন্য গোলটি করেছেন জোনাথন।
১৯৭৭ সালে শেখ আশরাফ আলীর নেতৃত্বে আবাহনী প্রথম অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল। পেশাদার লিগের ১০ বছরের ইতিহাসে প্রথম দল হিসেবে এবার আবাহনী ট্রফির স্বাদ নিয়েছে কোনো ম্যাচ না হেরেই। ২২ ম্যাচে ১৫ জয় আর ৭ ড্রয়ে ৫২ পয়েন্ট। রানার্সআপ চট্টগ্রাম আবাহনীর চেয়ে ৫ পয়েন্ট বেশি। দিনের দ্বিতীয় ম্যাচে পিছিয়ে পড়েও মেজবাবুল মানিক ও চেনচোর গোলে চট্টগ্রাম আবাহনী ২-১ গোলে ব্রাদার্সকে হারানোর পরও ব্যবধানটা বড়ই থাকল (ব্রাদার্সের গোলদাতা কাওসার)।
তিন মৌসুম পর পেশাদার লিগের শিরোপা পুনরুদ্ধার করল আবাহনী। ২০০৭ সালে শুরু এই লিগের নয় আসরে আবাহনীই সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন। প্রথম তিনবার টানা। পেশাদার লিগে আবাহনীই সবচেয়ে বেশি ম্যাচ জিতেছে (১২৫)। অন্যরা এক শও পার হতে পারেনি।
শেষ বাঁশি বাজতেই একটি করে গাঁদা ফুলের মালা পরিয়ে দেওয়া হলো খেলোয়াড়দের গলায়। কোচ জর্জ কোটান, অমলেশ সেন, ম্যানেজার সত্যজিৎ দাশ রুপু—সবার গলায় মালা। পুষ্পবৃষ্টিও ঝরাল সমর্থক গোষ্ঠী। দাঁড়িয়ে তা উপভোগ করলেন ক্লাব কর্মকর্তা হারুনুর রশিদ, কাজী ইনাম আহমেদ। পরে বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ অভিনন্দন জানিয়েছেন গোটা দলকে।
মাঠে ঢুকে সমর্থকেরা খেলোয়াড়-কর্মকর্তাদের সঙ্গে ছবি তুললেন অনেক। এই ফাঁকে রুপু ও কোটানকে চ্যাংদোলা করে উৎসবে মাতলেন খেলোয়াড়েরা। বাফুফে ট্রফি বিতরণ অনুষ্ঠানকে দিয়েছে ভিন্নমাত্রা। গত বছর চ্যাম্পিয়ন শেখ জামাল ট্রফি পেয়েছে মাঠেই। কাল প্রথম মঞ্চ করে ইউরোপের লিগের মতো চ্যাম্পিয়ন দলকে দেওয়া হলো ট্রফি। চ্যাম্পিয়নদের নাম ঘোষণার সঙ্গে সঙ্গে কনফেত্তি উড়ল স্টেডিয়ামে রং ছড়িয়ে।
ট্রফিটাও চীন থেকে আনা। আর এই ট্রফি তুলে দিতে মঞ্চে ছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, লিগের স্বত্ব কেনা সাইফ গ্লোবাল স্পোর্টসের প্রধান তরফদার রুহুল আমিন, বাফুফের জ্যেষ্ঠ সহসভাপতি সালাম মুর্শেদী প্রমুখ। পুরস্কার দিয়ে সালাউদ্দিন যেন তৃপ্ত, ‘যত বাধাই আসুক। হরতাল, অবরোধ, বোমাবাজি, জঙ্গি হামলা সবকিছুর মধ্যেও আমরা লিগ আয়োজনে পিছিয়ে যাইনি। আমার সময়ে লিগটা নিয়মিত হয়েছে। আমি আমার দায়িত্ব পালন করেছি।’
তৃপ্তি খেলা করল আবাহনী কোচ জর্জ কোটানের মুখেও। এই ‘বুড়ো’ এবার আবাহনীকে গেঁথেছেন একসূত্রে, খেলোয়াড়দের সেরাটা বের করে এনেছেন। তাই আবাহনীই খেলেছে সবার চেয়ে গোছানো ফুটবল। তবে কোটানের মুখে শুধুই খেলোয়াড়দের প্রশংসা, ‘খেলোয়াড়েরাই এই সাফল্যের আসল চরিত্র। ওদের চেষ্টা ছিল বলেই আমরা দুটি ট্রফি জিততে পেরেছি।’
আবাহনীর অধিনায়ক আরিফুল ইসলাম খুব খুশি, ‘আবাহনীর কাছে জয়টা আসল। জয় ছাড়া আবাহনী আর কিছু বোঝে না। দারুণ লাগছে সময়টা।’ ওয়ালী ফয়সাল বলছিলেন, ‘আবাহনীর দলীয় ঐক্যই সাফল্য এনেছে।’ উচ্ছ্বসিত রুপু ও সহকারী কোচ অমলেশ সেনের মুখেও একই কথা। এই বিকেলটা আবাহনীকে যেন নতুনভাবে জাগিয়ে দিল।