নতুনে আস্থা চট্টগ্রাম আবাহনীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেডারেশন কাপ দিয়ে গতকাল শুরু হয়ে গেছে নতুন ফুটবল মৌসুম। দলগুলো কেমন করবে নতুন মৌসুমে? শিরোপাপ্রত্যাশী দলগুলোকে নিয়ে এই ধারাবাহিকের শেষ পর্বে আজ চট্টগ্রাম আবাহনী
অনুশীলনে চট্টগ্রাম আবাহনী দল l প্রথম আলো
অনুশীলনে চট্টগ্রাম আবাহনী দল l প্রথম আলো

মনের আনন্দে হোটেল রুমে গান শুনছেন জাহিদ হোসেন। শরীরের এখানে-ওখানে উল্কি। বিছানায় আধশোয়া উইঙ্গার উৎফুল্লচিত্তে দেন একটা খবর, ‘জানেন, মামুনুলের জ্বর। কাল কিন্তু আমিই চট্টগ্রাম আবাহনীর অধিনায়ক।’

মামুনুল ইসলামই এবারও চট্টগ্রাম আবাহনীর অধিনায়ক। কিন্তু জাহিদ খুশি এই জন্য যে, নতুন মৌসুমের শুরুতেই আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রিয় বন্ধুর সঙ্গে টক্কর হবে। জাহিদের কাছে যা রোমাঞ্চকর, ‘এমিলি মোহামেডানের অধিনায়ক, আমি চট্টগ্রাম আবাহনীর। দারুণ জমবে ম্যাচ। ক্যাপ্টেন হয়ে একে অন্যের বিরুদ্ধে কখনো খেলিনি। গত ১১ বছর আমরা বেশির ভাগ এক ক্লাবেই ছিলাম।’
এক ক্লাবে খেলা দোষের কিছু নয়। কিন্তু মুশকিল হচ্ছে, এমিলি, জাহিদ, মামুনুলরা তাঁদের হাতে থাকা দেশের ফুটবল-ঝান্ডাটা ওপরে তুলে রাখতে পারেননি। যে কারণে ভুটানের কাছে হারে জাতীয় দল। ঝাঁকের কই হয়ে শীর্ষ ফুটবলাররা এত দিন এক দলে খেলতে চাইতেন। মাঠে প্রতিপক্ষ হয়ে লড়াইয়ের মানসিকতা তাঁদের ছিল না। এখন অবশ্য তাঁরা প্রতিপক্ষ। তবে এমিলি বিচ্ছিন্ন হয়ে গেলেও মামুনুল আর জাহিদের ঠিকানা এখনো একই ক্লাব। নতুন মৌসুমে চট্টগ্রাম আবাহনীর আলোটা থাকছে তাঁদের ওপরই।
বন্দর নগরীর হালিশহরে আবাসিক ক্যাম্প শেষে চট্টগ্রাম আবাহনী এসে উঠেছে পল্টনের একটা হোটেলে। এই এক সমস্যা দলটির। ঢাকায় নিজস্ব অনুশীলন-সুবিধা বা স্থায়ী আবাস নেই। হোটেলের ভাড়াতেই নাকি চলে যায় অনেক টাকা। এই হোটেল-জীবনে মামুনুল-জাহিদ একই রুমের বাসিন্দা। অনুশীলন শেষে কাল দুপুরে জাহিদ নিজের কক্ষেই ছিলেন। কিন্তু মামুনুল কই? খানিক পর তাঁর দেখা মিলল ডাইনিংয়ের ওদিকটায়, ‘ফিজিওর রুমে গিয়েছিলাম। ওখানে ঘুম এসে গিয়েছিল (হাসি)।’
মামুনুলের জ্বর। গোলরক্ষক আশরাফুল রানাও হঠাৎ জ্বরে পড়েছেন। মৌসুমের প্রথম ম্যাচে এঁদের ছাড়াই নামতে হচ্ছে। যদিও এবারের মৌসুমটাকে চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছে ‘ছোট আবাহনী’। ক্লাব ইতিহাসে গতবারই প্রথম বড় বাজেটের দল গড়েও লিগে রানার্সআপ। স্বাধীনতা কাপ জিতলেও আসল লক্ষ্যটা অপূর্ণ। তাতে কী, ক্লাবটির ফুটবল কমিটির প্রধান তরফদার রুহুল আমিন নতুন উদ্যমেই দল গড়েছেন। মামুনুল-জাহিদ, গোলরক্ষক আশরাফুল রানাকে রেখে নতুনের সমাহারে খোলনলচেই বদলে ফেলেছেন কোচের পরামর্শে।
সেটা কেমন? হোটেলের ডাইনিংয়ে বসে তরুণ ম্যানেজার আরমান আজিজের বর্ণনায়, ‘গতবার মাঠে পারফর্ম করেছে এমন ফুটবলারই এবার নিয়েছি আমরা। নাম দেখে নয়। প্রতিটি পজিশনেই দুজন করে খেলোয়াড় নেওয়া হয়েছে এবং দুজনই ভালো পারফরমার।’
মাঝমাঠ এবং আক্রমণই এই আবাহনীর শক্তিশালী দিক। জাহিদ, শাখাওয়াত রনি, ঢাকা মোহামেডানের গতবারের অধিনায়ক সবুজ ও চৌমরিন আছেন আক্রমণে। এই ফরোয়ার্ডরা গত লিগে ৬-৭টি করে গোল করেছেন। ম্যানেজারের ভাষায়, ‘টপ চারজন অ্যাটাকারই নিলাম আমরা।’ সঙ্গে শেখ কামাল টুর্নামেন্টে নেপালের মানাং মার্সিয়াংদির হয়ে ৫ গোল করা নাইজেরিয়ান হাফিজ। তাঁর দুটি গোলই ছিল চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে।
মাঝমাঠে গতবার আরামবাগের জার্সিতে সাইফুল বারীর অধীনে চমক দেখানো জাফর ইকবাল, আবদুল্লাহদের নেওয়া হয়েছে। নতুন আসা মান্নাফ রাব্বি, জনি, কৌশিকও আস্থা জোগাবেন। নেতা যথারীতি মামুনুল। রাইটব্যাক মনসুর, ফয়সাল, লেফটব্যাক সুশান্ত। গোলে আশরাফুল রানা।
কিন্তু ভালো স্টপার নেই। এই পজিশনে আছেন দুই বিদেশি লাওয়াল ও এলিস। বাংলাদেশের ক্লাব ফুটবলে দুজন বিদেশি স্টপার নেওয়া বিরল ঘটনা। স্থানীয় স্টপারদের মধ্যে ব্রাদার্স থেকে আসা কৃষ্ণপদই ভরসা। ভালো দল গড়েও তাই স্থানীয় একজন নামী স্টপারের অভাব দেখছে ক্লাব।
তবে সাইফ স্পোর্টিংয়ের সঙ্গে বিকেএসপিতে অনুশীলন ম্যাচে ২-১ গোলে তরতাজা জয়টা আশাবাদীই করে তুলেছে টিম ম্যানেজমেন্টকে। মাঠে এখন নিজেদের মেলে ধরার পালা। মামুনুল-জাহিদরা সেই প্রতিশ্রুতিই দেন একান্ত আড্ডায়।
যাঁরা এলেন
শাখাওয়াত রনি, সবুজ, মনসুর আমিন, নেহাল, সুশান্ত, কৃষ্ণপদ, রাকিন, জনি, আবদুল্লাহ, সোহান, শফি, মান্নাফ রাব্বি, জাফর ইকবাল, চৌমরিন, আরিফ, হাফিজ (নাইজেরিয়ান), লাওয়াল (নাইজেরিয়ান)
যাঁরা গেলেন
নাসিরউদ্দিন, রায়হান, ইয়ামিন মুন্না, সোহেল রানা, শাকিল,
রুবেল মিয়া, শরিফুল, বিপ্লব, ইব্রাহিম, জিকু, রেজাউল,
মেজবাবুল মানিক, তারেক, লিওনেল, চেনচো
পুরোনো মুখ
মামুনুল, জাহিদ, আশরাফুল রানা, রঘু, কৌশিক, ফয়সাল,
এলিসন (স্টপার, নাইজেরিয়ান)