নদীতে উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রফি জেতার পরেই অ্যাঞ্জেলিক কারবার কথাটা বলেছিলেন। তখন হয়তো অনেকে স্রেফ কথার কথাই মনে করেছিলেন। প্রথম গ্র্যান্ড স্লাম জেতার খুশিতে নিশ্চয় নদীতে নেমে পড়বেন না! অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি কাল কিন্তু সেটিই করে ফেলেছেন। মেলবোর্নের ইয়ারা নদীর জলে অবগাহন করার ছবিটা এর মধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে কারবারের এই উদ্যাপনটা অভূতপূর্ব নয়। ১৯৯২ সালে যুক্তরাষ্ট্রের জিম কুরিয়ারও করেছিলেন কাজটা। ট্রফি জেতার আনন্দে লাফ দিয়েছিলেন ইয়ারা নদীতে। কারবার অবশ্য ট্রফি নিয়ে ঐতিহ্য মেনে ফটোসেশনেও অংশ নিয়েছেন। আর শ্যাম্পেন ছড়ানো তো ছিলই। তবে নদীতে নেমে বুঝিয়ে দিয়েছেন, জয়ের আনন্দে এখনো আচ্ছন্ন হয়ে আছেন! দেশেও বয়ে যাচ্ছে অভিনন্দনের ঢল। শোয়েনস্টাইগার, ওজিলদের মতো স্বদেশি ফুটবলাররাও কারবারের কীর্তিতে মুগ্ধ! এএফপি।