নবীন ফুটবলারের খোঁজে...
ভুটানের কাছে হার চোখে আঙুল দিয়ে দেখিয়েছে, দেশে নবীন ফুটবলার উঠে আসার রাস্তা কত ফাঁকা! খেলোয়াড় তুলে আনতে আর্থিক সমস্যাটা বড় বাধা বলে আসছে বাফুফে। তবে সেই বাধা কিছুটা হলেও দূর করতে এগিয়ে এসেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। বাফুফেকে তারা ১ কোটি ১০ লাখ টাকা দিয়েছে তরুণ প্রতিভাবানদের তুলে আনতে। সেই টাকায় উপজেলা পর্যায় থেকে নবীন ফুটবলার খুঁজে কাল সেটির চূড়ান্ত পর্বের ফাইনাল আয়োজন করা হয়েছিল বঙ্গবন্ধু স্টেডিয়ামে।
আটটি বিভাগীয় দলের নবীন ফুটবলারদের নিয়ে গত কয়েক দিন কাজ করেছেন বাফুফের কোচরা। উদ্দেশ্য, এখান থেকে সম্ভাবনাময় খেলোয়াড়দের ছেঁকে লম্বা সময়ের জন্য প্রশিক্ষণ দেওয়া। বাছাইয়ের কাজটা কাল গভীর মনোযোগে করলেন বাফুফের ফিটনেস কোচ জন হুইটাল ও হেড অব প্লেয়ার্স ডেভেলপমেন্ট মরেনো গঞ্জালো। তাঁরা দুজনই তিন-চারজন সম্ভাবনাময় নবীনের নাম বললেন। তবে বলতে ভোলেননি, এই অনূর্ধ্ব-১৬ পর্যায়ে নবীনদের শেখার প্রায় সবই বাকি, যেখানে ইউরোপের ছেলেরা অনেক কিছুই শিখে ফেলে ১০-১১ বছর বয়সে।
হুইটাল বাংলাদেশে একটা বড় সমস্যা দেখছেন, ‘বাংলাদেশের মানুষ প্রচুর ঝাল খান। এটি টানা খাওয়া ক্ষতিকর। নবীনেরাও ছোট থেকে ঝালে অভ্যস্ত হওয়ায় এটা দূর করা সময়সাপেক্ষ।’ তবে ক্যাম্পে নিলে এরা ছকে অভ্যস্ত হবে বলেই তাঁর আশা। এ জন্য সারা দেশ থেকে উঠে আসা এই নবীনদের ক্যাম্পে রাখাটা জরুরি। ওটা করা গেলে জাতীয় দলে মানসম্মত খেলোয়াড়ের অভাব পূরণ করা সম্ভব।
কিন্তু লম্বা সময় প্রশিক্ষণ হবে তো? বাফুফের ডেভেলপমেন্ট কমিটির প্রধান বাদল রায় যেন প্রতিজ্ঞাই করছেন, ‘আমরা এই ছেলেদের জন্য লম্বা সময়ের অনুশীলনের ব্যবস্থা করেছি। এদের হারিয়ে যেতে দেব না।’ প্রতিশ্রুতি ও প্রতিজ্ঞা অবশ্য আগেও দিয়েছে বাফুফে। কিন্তু বাস্তবে ধারাবাহিকতা না থাকায় অনেক নবীন প্রতিভাই ঝরে যায় অকালে।
টুর্নামেন্টের প্রধান সমন্বয়কারী ফজলুর রহমান বাবুলের দেওয়া তথ্য, এই বাছাইপ্রক্রিয়ায় ২৪ হাজার নবীন অংশ নিয়েছে। এত বেশি খেলোয়াড় কোনো বাছাইপ্রক্রিয়ায় আগে আসেনি। টুর্নামেন্টে খুলনা বিভাগকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর বিভাগ।