টম সেন্টফিটকে বেশ খুশিই দেখাচ্ছে। তাঁর অনুশীলনপর্বগুলো বেশ আকর্ষণীয়। নিজে সারা মাঠ দাবড়ে বেড়ান, খেলোয়াড়দের সঙ্গে খেলেন, দৌড়ান, কখনো শুয়ে পড়ে ফিটনেস টিপস দেন। মজাও করেন বিস্তর। দেখা গেল হঠাৎ করে কোনো খেলোয়াড় তাঁর পিঠের ওপর চড়ে বসল। এটা অনুশীলনেরই অংশ। এমন ভরপুর আনন্দে বাংলাদেশ দলটাকে ভুটান ম্যাচের জন্য তৈরি করছেন বেলজিয়ান কোচ।
খেলোয়াড়দের দেখে নোটবুকে যা কিছুই টুকে রাখুন না কেন, মুখে বলেন ‘সবাই ভালো’। গত চার দিনে যতবারই প্রশ্ন করা হয়েছে বিশেষ কাউকে ভালো লেগেছে কি না, ততবারই দিয়েছেন কূটনৈতিক উত্তর, ‘কেউই খারাপ নয়।’
কোচদের কথা এমনই হয়। তবে দুজনের ওপর তাঁর চোখটা একটু বেশিই থাকার কথা—আরামবাগের দুই নবীন জাফর ইকবাল ও আবদুল্লাহ। এঁরা দুজন গত জানুয়ারিতে দিলকুশাকে তৃতীয় বিভাগে চ্যাম্পিয়ন করে এক লাফে প্রিমিয়ারের দল আরামবাগে এসেছেন। দলটির ফেডারেশন কাপ জয়ে রেখেছেন অবদান। ফেডারেশন কাপে আবাহনীর বিপক্ষে একমাত্র গোল করে ম্যাচসেরা ছিলেন সিরাজগঞ্জের তরুণ আবদুল্লাহ। বান্দরবানের ছেলে জাফর ইকবালের গোল আছে বিজেএমসির বিপক্ষে। এভাবেই তাঁরা হঠাৎ জাতীয় দলের ক্যাম্পে। আবদুল্লাহ রীতিমতো রোমাঞ্চিত, ‘আমি তো কখনো ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি জাতীয় দলের ক্যাম্পে আসব!’
জাফরের অনুভূতিও একই রকম। এবং ভালো করছেন সেন্টফিটের ক্লাসে। মামুনুলের সঙ্গে তাঁকে দিয়েও অনুশীলনে বাঁ পায়ে অনবরত ক্রস তোলান কোচ। ফ্রি-কিক, কর্নার অনুশীলনও চলে লম্বা সময় ধরে। আর শুটিং-হেডিং তো আছেই। বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল বিকেলের সেশনেও এগুলো ছিল। সেন্টফিটের অনুশীলন দেখে মনে হলো, গোল করার দিকেই সব মনোযোগ।
কারণটা জানাই, ভুটানের সঙ্গে সামনে জীবন-মরণ ম্যাচ। সেন্টফিট তাই বলেন, ‘ভুটানকে হারাতে গোলের বিকল্প নেই। আর গোল পেতে করণীয় সবই আমাকে করতে হবে।’ ৬ সেপ্টেম্বর ঘরের মাঠে ভুটানকে অন্তত ২-৩ গোলে হারানোর লক্ষ্য। সেন্টফিট গোল চান, গোল চায় গোটা বাংলাদেশই। তাই ভুটান ম্যাচে দুই স্ট্রাইকার নিয়ে খেলার কথা হচ্ছে।
কিন্তু একাদশে রাখার মতো নির্ভরযোগ্য দুজন স্ট্রাইকার কই! নাবিব নেওয়াজ জীবন ও রাশেদ তূর্যর ঘরোয়া ফুটবলেই গোল খরায় আছেন। সেন্টফিট তাই ডেকে পাঠিয়েছেন এমিলি ও শাখাওয়াত রনিকে, ‘আমার এমন স্ট্রাইকার দরকার, যে গোল করতে পারবে। গোল স্কোরিংয়ে উন্নতির বিকল্প নেই। শাখাওয়াত রনি আর এমিলি ক্যাম্পে আসুক, ওদের আমি দেখব।’ চোট থেকে অনেকটা সেরে ওঠা এই দুজন আজ কোচের ‘পরীক্ষাগারে’ আসার কথা।
বেশি বেশি গোল পাওয়ার আশায় প্রথমে ৩-৫-২, ৪-৪-২ ছকে অনুশীলন করিয়েছেন কোচ। কাল করলেন ৪-৪-২ ও ৪-২-৩-১ ছকে। খেলোয়াড় বুঝে উপযুক্ত ছকটাই বেছে নিতে চান। সেন্টফিট ভালো করেই জানেন, ভুটানকে টপকে এশিয়া কাপের বাছাইয়ে ঢুকতে না পারলে বাংলাদেশের সামনে আরও দুর্গতি অপেক্ষা করছে। কারণ, পেছাতে পেছাতে বাংলাদেশ এখন ফিফা র্যাঙ্কিংয়ে নিজেদের সর্বনিম্ন ১৮৩তম স্থানে। এটাকে অবশ্য বড় করে দেখতে নারাজ সেন্টফিট, ‘র্যাঙ্কিং নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। ভুটানের সঙ্গে ভালো করলে ওপরে উঠে আসব। এক-দেড় বছরের মধ্যে ১৫০-এ আসাও সম্ভব।’