নব্বইয়েও থামেননি যিনি!

মিউনিখের অলিম্পিক স্টেডিয়াম থেকে ব্রাজিলের মারাকানা। ১৯৭৪ বিশ্বকাপ দিয়ে শুরু করেছিলেন, হিরোশি কাগাওয়ার কলম থামেনি ব্রাজিল বিশ্বকাপের পরও। মাঝে অসুস্থতার জন্য দক্ষিণ আফ্রিকায় ২০১০ বিশ্বকাপে যেতে পারেননি। কিন্তু ৯০ বছর বয়সী এই জাপানি ক্রীড়া সাংবাদিকের ইচ্ছা আছে পরের বিশ্বকাপটাও কাভার করার। ১০টি বিশ্বকাপ কাভার করা এই বর্ষীয়ান জাপানি সাংবাদিক পরশু জুরিখে পেয়েছেন বিশেষ সম্মাননা ফিফা প্রেসিডেন্সিয়াল পুরস্কার।
ফুটবলে বিশেষ অবদানের জন্য ২০০১ সালে প্রথম এই পুরস্কারের প্রবর্তন করেন ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার। প্রথমবার পুরস্কারটা জিতেছিলেন ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর ফুটবলার মারভিন লি। খেলতে গিয়ে যিনি প্রাণঘাতী চোট পেয়েছিলেন, মারা গেছেন মাত্র ২১ বছর বয়সে। তারপর গত ১৪ বছরে এ পুরস্কারজয়ীদের মধ্যে আছেন ফুটবলের রাজা পেলে, জার্মান কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন, জর্ডানের রানি রানিয়া এবং হাইতি ফুটবল অ্যাসোসিয়েশন। তবে ক্রীড়া সাংবাদিক হিসেবে কাগাওয়াই প্রথম পেলেন এই পুরস্কার। ছোট বক্তৃতায় দারুণভাবে নিজের অনুভূতিটাও জানিয়েছেন জাপানি সাংবাদিক, ‘ভালো লাগছে ব্ল্যাটার সাহেবের কাছ থেকে এই পুরস্কার পেয়ে। ১৯৭৯ সালে জাপানে একটা বয়সভিত্তিক টুর্নামেন্টের আয়োজক কমিটিতে ছিলেন ব্ল্যাটার। তখন তাঁর সঙ্গে পরিচয়। দুর্ভাগ্যজনকভাবে ইংরেজি ভাষায় আমার দখল ওই টুর্নামেন্টের পর থেকে আজ পর্যন্ত একটুও বাড়েনি। এখানে আসব কি না, এটা নিয়ে তাই কিছুটা সংশয়ে ছিলাম। কিন্তু জাপানে আমার বন্ধুবান্ধব বলল, ওদের মেসি-রোনালদো আর নয়্যারের অটোগ্রাফ এনে দিতে হবে। তাই আসতেই হলো।’ ফিফা ডটকম।