নয় সেকেন্ডেই গোল!

সদ্যই বেজেছিল রেফারির বাঁশি। পেরিয়েছিল মাত্র আটটি সেকেন্ড। এর মধ্যেই নড়েচড়ে বসতে হলো সবাইকে। খেলার স্কোর: ১-০। হ্যাঁ, মাত্র নয় সেকেন্ডের মাথায় গোল করে জার্মান লিগে নতুন এক রেকর্ডই গতকাল গড়েছেন বেয়ার লেভারকুসেনের উইঙ্গার করিম বেলারবি। ডাগআউটে দাঁড়িয়ে যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না বরুসিয়া ডর্টমুন্ডের কোচ ইয়ুর্গেন ক্লপ। শেষ পর্যন্ত তাঁর শিষ্যরা ম্যাচটা হেরেও গেছেন ২-০ গোলের ব্যবধানে।
জার্মান লিগে সবচেয়ে দ্রুততম গোলের রেকর্ডটি এর আগে ছিল ব্রাজিলিয়ান স্ট্রাইকার জিওভানে এলবারের দখলে। ১৯৯৮ সালে বায়ার্ন মিউনিখের জার্সি গায়ে মাত্র ১১ সেকেন্ডে গোল করেছিলেন এলবার। কিন্তু গতকাল নয় সেকেন্ডে গোল করে এই রেকর্ডটা নতুন করে গড়েছেন বেলারবি। কিক অফের পর মাত্র তিনটি পাসের পরই ডর্টমুন্ডের জালে বল জড়িয়েছেন ২৪ বছর বয়সী এই উইঙ্গার। ম্যাচের একেবারে শেষমুহূর্তে আরেকটি গোল হজম করেছে ডর্টমুন্ড।
অথচ কয়েক দিন আগেই জার্মান সুপার কাপে বায়ার্ন মিউনিখকে হারিয়ে দারুণভাবে শুরু করেছিল জার্মানির অন্যতম সেরা এই ক্লাবটি। কিন্তু প্রথম ম্যাচেই হেরে বুন্দেসলিগার শুরুটা ভালো হলো না ডর্টমুন্ডের। সূত্র: এএফপি।