নরওয়ের 'ধূমকেতু'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরওয়ের বিস্ময়বালক মার্টিন ওডেগার্ড l ফাইল ছবি
নরওয়ের বিস্ময়বালক মার্টিন ওডেগার্ড l ফাইল ছবি

১৯৯৮ বিশ্বকাপে নরওয়ের সর্বশেষ উপস্থিতির মাস ছয়েক পরে তার জন্ম। অঙ্কে ভালো হলে নিশ্চয়ই এতক্ষণে বয়সটা হিসাব করে ফেলেছেন। ১৫ বছর ৮ মাস। জন্মের পর যে ছেলে দেশকে কখনো বিশ্বকাপ খেলতে দেখেনি, তাকে ঘিরেই নাকি এখন আগামী বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখছে নরওয়েজিয়ানরা! ভাবছেন কে এই বিস্ময়বালক?
মার্টিন ওডেগার্ড। কৈশোরের লাবণ্য সরেনি যার মুখ থেকে, সেই এখন নরওয়ের ফুটবলের নতুন ‘সেনসেশন’। নরওয়ের প্রথম বিভাগের দল স্ট্রোমসগডসেটের এই অ্যাটাকিং মিডফিল্ডারকে নিয়েই চলছে মাতামাতি। এতটাই যে জাতীয় দলের কোচ পার-ম্যাথিয়াস হোগমো ২৭ আগস্ট সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য নরওয়ে দলেও রেখেছেন তাকে। ম্যাচের দিন তার বয়স হবে ১৫ বছর ২৫৩ দিন। এর চেয়ে কম বয়সে নরওয়ের জাতীয় দলে খেলার রেকর্ড নেই কারও। ওডেগার্ডের সেই রেকর্ড গড়ার সম্ভাবনা যে খুবই উজ্জ্বল, কোচ হোগমো আভাস দিয়েছেন সেটারও, ‘ও লিগের কতগুলো ম্যাচে এত ভালো খেলেছে যে আমি তাকে জাতীয় দলে দেখতে চেয়েছিলাম। আমি মৌসুমের শুরুতেই বলেছিলাম, ও হবে এই মৌসুমের ধূমকেতু। জাতীয় দলের ইতিহাসে কনিষ্ঠতম ফুটবলার হতে পারে সে।’
আবির্ভাবটাও ধূমকেতুর মতোই আলো ছড়ানো। স্ট্রোমসগডসেটের বয়সভিত্তিক দলে খেলা শুরু করেছিল দুই বছর আগে। দুই বছরের মধ্যেই মূল দলে। এ বছরের এপ্রিলে অ্যালেসান্ডসের বিপক্ষে একটা ম্যাচে খেলতে নেমে গড়েছে সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে নরওয়ের সর্বোচ্চ লিগে (টিপ্পেলিগা) খেলার রেকর্ড। পরের মাসেই টিপ্পেলিগায় সবচেয়ে কম বয়সে গোলের রেকর্ডটাও নিজের করে নিয়েছে। সব মিলিয়ে ক্লাবের হয়ে এ মৌসুমে এখন পর্যন্ত ১৪ ম্যাচে ৩ গোল, ৬ অ্যাসিস্ট। ওডেগার্ডের প্রতিভার খবর দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে ইউরোপের বড় ক্লাবগুলোতে। এরই মধ্যে বায়ার্ন মিউনিখ আর ম্যানচেস্টার ইউনাইটেড অনুশীলনে ডেকে দেখে নিয়েছে তাকে। অনুশীলন করেছে স্টুটগার্টের সঙ্গেও। গুঞ্জন আছে, ম্যানচেস্টার সিটিতেও ঘুরে গেছে ওডেগার্ড। ঠিকানা বদলানোটা তাই এখন সময়ের ব্যাপার বলেই মনে হচ্ছে। তবে আপাতত সেসব ভাবনা দূরে সরিয়ে রেখে জাতীয় দলে ডাক পাওয়ার রোমাঞ্চটাই বেশি উপভোগ করছে নরওয়ের ধূমকেতু, ‘এটা স্বপ্নের মতো ব্যাপার। আমি বিস্মিত।’ এএফপি