নরম জার্মান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাগ-আউটে তাঁর সপ্রাণ উপস্থিতি চোখে পড়বেই। গোলের উদ্যাপনেও ইয়ুর্গেন ক্লপ একটু বেশিই স্বতঃস্ফূর্ত। অথচ লিভারপুলের জার্মান কোচকেই কিনা ‘নরম জার্মান’ কথাটা শুনতে হলো! তা-ও আবার একজন ইংলিশের কাছ থেকে! সান্ডারল্যান্ডের কোচ স্যাম অ্যালারডাইসই ক্লপকে এই ‘অপবাদ’ দিয়েছেন। ঘটনাটা গত সপ্তাহের ম্যাচে। লিভারপুলের মামাদো সাখোকে ফাউল করেছিলেন সান্ডারল্যান্ডের জার্মেইন লেন্স। ক্লপের দাবি, ওটা লাল কার্ডের ফাউল ছিল। কিন্তু লেন্স পার পেয়ে গেছেন হলুদ কার্ড দেখেই। অ্যালারডাইস পরে খোঁচা দিয়েছেন, ক্লপের মধ্যে ঠিক জার্মানসুলভ শৌর্য নেই। লিভারপুল কোচের পাল্টা উত্তরটাও মজার, ‘আমার সম্পর্কে এর চেয়ে বাজে অনেক কথাই বলেছে অনেকে। এটা এমন কিছু নয়। এটা তো শুনতে ভালোই লাগছে।’ বোঝাই যাচ্ছে, ক্লপকে চটানো খুব একটা সহজ হবে না! ইএসপিএন।