নর্দে ফিরছেন, মারুফ বাদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সনি নর্দে
সনি নর্দে

সব আয়োজন সারা। এখন শুধু কার্যকর করার অপেক্ষা। চলতি প্রিমিয়ার লিগের ফিরতি পর্বে শেখ জামাল ধানমন্ডিকে দেখা যাবে নতুন চেহারায়। কোচ মারুফুল হকসহ গোটা কোচিং স্টাফকেই বিদায় দিয়ে আনা হচ্ছে বিদেশি কোচিং স্টাফ। চমক হয়ে দলে ফিরছেন হাইতিয়ান ফুটবলার সনি নর্দে।
শেখ জামাল ছেড়ে এ মৌসুমেই নর্দে পাড়ি জমান কলকাতার মোহনবাগানে। আই লিগে ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা তাঁর দল শেষ ম্যাচটি জিতলেই আই লিগ ঘরে তুলবে। আই লিগে ১৮ ম্যাচে ৯ গোল করে গোলদাতার তালিকায় নর্দে আছেন তৃতীয় স্থানে। মোহনবাগানকে চ্যাম্পিয়ন করার দ্বারপ্রান্তে নিলেও নাকি স্বস্তিতে নেই দামি এই ফুটবলার।

মারুফুল হক
মারুফুল হক


শেখ জামাল ধানমন্ডির সভাপতি মনজুর কাদের এ সুযোগটাই নিচ্ছেন। নর্দে ফিরলে নিশ্চিত করেই আকর্ষণ একটু হলেও বাড়বে প্রিমিয়ার লিগের। সেটি মনে করিয়ে দিয়ে কাদের কাল জানালেন, ‘মোহনবাগানে আর একটি ম্যাচ খেললে সে মুক্ত হবে। আমার চোখে ও বাংলাদেশে খেলে যাওয়া সেরা বিদেশি। ওর সঙ্গে পাকা কথাও হয়ে গেছে। ২০ জুন শুরু লিগের দ্বিতীয় পর্বের প্রথম থেকেই ইনশা আল্লাহ ওর গায়ে থাকবে শেখ জামালের জার্সি।’
নতুন কোচ হিসেবে আসছেন শেখ জামালেরই পুরোনো মুখ যোসেফ আপুসি। গত মৌসুমে আপুসির অধীনে লিগ শিরোপার সুবাস যখন ভালোভাবেই পাচ্ছিল শেখ জামাল, তখনই সবাইকে অবাক করে আপুসি বাদ, মারুফের আগমন। মারুফ বাকি পথটা টেনে নিয়ে এনে দেন দ্বিতীয় প্রিমিয়ার লিগ শিরোপা।

এরপর ভুটানে কিংস কাপ ও ফেডারেশন কাপ দুটি শিরোপাই মারুফের অধীনে জিতেছে শেখ জামাল। কাল শেষ হওয়া প্রিমিয়ার লিগের প্রথম পর্বেও সবার ওপরে দলটি, নিকটতম প্রতিদ্বন্দ্বী চেয়ে ৩ পয়েন্টে পিছিয়ে। কিন্তু এতেও সন্তুষ্ট নন মনজুর কাদের।

তাই প্রথম প্রশ্নটিই আসে মারুফ সাফল্য দেওয়ার পরও কেন তাঁকে ছাঁটাই করা হচ্ছে? মনজুর কাদেরের ব্যাখ্যা, ‘দলের ফিটনেস নেই। খেলোয়াড়েরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলে। আবাহনীর কাছে ২ গোলে হারার টিম নয় আমার দল।’ একটু বিরতি দিয়ে বলতে থাকেন, ‘ব্রাদার্স, মোহামেডানের বাজেটের চেয়ে অনেক বেশি টাকার দল শেখ জামাল। ঘরোয়া ফুটবলে আমরাই সবচেয়ে বড় বাজেটের দল গড়েছি। অথচ আমরা এই দলগুলোর সঙ্গে হারতে হারতে ড্র করি। এটা গ্রহণযোগ্য নয়। তাই নতুন বিদেশি কোচ, গোলকিপার কোচ, ট্রেনার এনে দেখি কিছু হয় কি না।’ মারুফ অবশ্যই ভালো কোচ বলার পর যোগ করলেন, ‘এই কোচিং স্টাফ না বদলালে দলের ফল আরও খারাপ হবে।’

লিগের দ্বিতীয় পর্বে শেখ জামালের কোচ পাল্টানো অলিখিত নিয়মই হয়ে দাঁড়িয়েছে। এত অস্থিরতা কেন? মনজুর কাদেরের উত্তর, ‘অস্থিরতার বিষয় নয়। আমাদের ক্লাব ম্যানেজমেন্ট মনে করে এই কোচিং স্টাফ দিয়ে চলবে না। সে জন্যই এমন সিদ্ধান্ত।’

মারুফ মানসিকভাবে তৈরিই আছেন। প্রতিক্রিয়াও দিলেন তাই বেশ শান্তভাবে, ‘উনি ক্লাবের প্রেসিডেন্ট। কোচ তো বদলাতেই পারেন।’ খেলোয়াড়দের ফিটনেস নেই, হার বা ড্র নিয়ে প্রশ্ন তুলেছেন সভাপতি। এ ব্যাপারে মারুফের কথা, ‘উনি আমাদের এনেছেন জয় পেতে। জয় না পেলে প্রশ্ন তোলাই স্বাভাবিক। আমার কিছু বলার নেই। তবে আমাকে ক্লাব থেকে কিছু বলা হয়নি।’