নর্দের সামনে আবাহনী-শেখ জামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুটানে পা রেখে শেখ জামাল ও আবাহনীর ফুটবলাররা খুঁজবেন সনি নর্দেকে।
প্রথমে শেখ রাসেল তারপর শেখ জামাল, এই দুদলের জার্সি গায়ে বাংলাদেশের ফুটবলে আলো ছড়িয়েছেন হাইতিয়ান এই ফুটবলার। সম্প্রতি শেখ জামাল ছেড়ে নাম লিখিয়েছেন কলকাতার মোহনবাগানে। এই মোহনবাগানের বিপক্ষেইÿ গত ফেব্রুয়ারিতে কলকাতার আইএফএ শিল্ডে শেখ জামালের জার্সি গায়ে দুর্দান্ত এক ফ্রি-কিকে গোল করেছিলেন নর্দে। গোটা টুর্নামেন্টই অবশ্য আলোড়িত ছিল তাঁর পারফরম্যান্সে। তাঁকে নিয়ে ভারতের শীর্ষ কয়েকটি ক্লাবের মধ্যে পড়ে গিয়েছিল কাড়াকাড়ি।
নর্দের সামনে এবার নতুন মঞ্চ, ভুটানের কিংস কাপে খেলবেন মোহনবাগানের জার্সি গায়ে। এই টুর্নামেন্টে শেখ জামালও খেলছে, সঙ্গে বাংলাদেশের আরেক শীর্ষ দল আবাহনী। আজই বাংলাদেশের দুই ক্লাব রওনা হবে ভুটান। সকালে শেখ জামাল, বিকেলে আবাহনী।
মোহনবাগানের সঙ্গে শেখ জামালের সাক্ষাৎ ২৭ নভেম্বর। ম্যাচটা হবে শেখ জামাল বনাম নর্দে। টুর্নামেন্টের বড় আকর্ষণও এই ম্যাচটা। আগামী পরশু থিম্পুতে শুরু হতে যাওয়া টুর্নামেন্টের শিরোপায় চোখ শেখ জামালের। তবে ভুটান সফর নিয়ে কাল ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে কোচ মারুফুল হক বললেন, ‘আমার প্রথম লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে যাওয়া। তারপর শিরোপা ভাবনা।’
টুর্নামেন্টের প্রথম দিনেই শেখ জামালের প্রতিপক্ষÿ ভুটানের ড্রুক ইউনাইটেড। ২৩ নভেম্বর থাইল্যান্ডের নাখন রাতচাসিং মাজদার সঙ্গে ম্যাচ। চ্যাম্পিয়ন হওয়া সহজ নয়, তারপর অধিনায়ক মামুনুল ইসলাম অ্যাটলেটিকো ডি কলকাতা ক্লাবের সঙ্গে থাকায় তাঁকে পাওয়া যাচ্ছে না। তবে স্থানীয় খেলোয়াড় নিয়ে শেখ জামালই এখন দেশসেরা, এ কারণেই দলটির খেলোয়াড়দের মধ্যে দেখা যাচ্ছে ‘আমরা পারব’ মনোবল।
আবাহনীর এই দলটা নতুন। তাতে কী, তাদেরও লক্ষ্য শিরোপা। ম্যানেজার সত্যজিৎ দাস রুপু যেমন বললেন, ‘নতুন খেলোয়াড়দের দেখব আমরা। এটা একটা সুযোগ। তবে অবশ্যই চ্যাম্পিয়ন হতে চাই।’ ১৬ নভেম্বর আবাহনীর প্রথম ম্যাচ ভারতের আসাম ইলেকট্রিসিটির সঙ্গে। ১৮ নভেম্বর ভুটানের উগেনই একাডেমি, ২২ নভেম্বর নেপালের মানাং মার্সিয়াংদি ও ২৫ নভেম্বর প্রতিপক্ষ থাইল্যান্ডের ওতোসপা এফসি। সব ঠিকভাবে এগোলে সেমিফাইনালে নর্দের মোহনবাগানের সঙ্গে দেখা হতে পারে আবাহনীর।