নর্দের সামনে শেখ জামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ফেব্রুয়ারিতে আইএফএ শিল্ডের ম্যাচে তাঁর কাছেই হেরে গিয়েছিল মোহনবাগান। হাইতিয়ান ফরোয়ার্ড সনি নর্দের দুর্দান্ত এক ফ্রি-কিকই জিতিয়েছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে। ভুটানের কিংস কাপে আজ আবারও শেখ জামালের প্রতিপক্ষ সেই মোহনবাগান। তবে আজ নর্দের গায়ে মোহনবাগানের জার্সি!
থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে শেখ জামাল বনাম মোহনবাগান ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়। ‘এ’ গ্রুপের দুই ম্যাচে শেখ জামাল হারিয়েছে ড্রুক ইউনাইটেডকে, ড্র করেছে থাইল্যান্ডের ক্লাব রাতচাসিমার সঙ্গে। ২ জয় ও ১ ড্রয়ে ৪ পয়েন্ট তাদের। মোহনবাগানেরও সমান ৪ পয়েন্ট। আজকের ম্যাচটি ড্র করতে পারলেই টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নদের। আর জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই উঠবে শেষ চারে। পরশু থাইল্যান্ডের দল রাতচাসিমাকে ৩-০ গোলে হারিয়ে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে মোহনবাগান। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী মুখোমুখি সাক্ষাতে জিতেই শেষ চারে কলকাতার দলটি। ফলে গ্রুপের শেষ ম্যাচে হারলেও তাদের ক্ষতি নেই। সুতরাং ম্যাচটা শেখ জামালের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এতে জয় পেতে মরিয়া বাংলাদেশের চ্যাম্পিয়নরা। খেলোয়াড়দের উজ্জীবিত করতে ১০ হাজার ডলারের বোনাস ঘোষণা করে ভুটান পৌঁছে গেছেন ক্লাব সভাপতি মনজুর কাদের।
সনি নর্দে দুই মৌসুম খেলেছেন বাংলাদেশে। প্রথম মৌসুমে খেলেন শেখ রাসেল ক্রীড়াচক্রে, ওই সময় দলের কোচ ছিলেন মারুফুল হক। সেই কোচই এবার শেখ জামালের দায়িত্বে। জামালের জন্য এটি একটি সুবিধা। মারুফুলও জয়ের ব্যাপারে আশাবাদী, ‘সনির শক্তি ও দুর্বলতা সম্পর্কে ভালোই জানি আমি। ওকে নিয়ে বেশি চিন্তা করছি না। ছেলেরা তাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলে মোহনবাগানকে হারাতে পারব।’
দুই সপ্তাহ ধরে ভুটানের জল-হাওয়া গায়ে মাখছে শেখ জামাল। আর কিংস কাপে খেলতে মোহনবাগান ভুটান এসেছে পাঁচ দিন আগে। এই পাঁচ দিনে মোহনবাগানকে খেলতে হয়েছে টানা দুই ম্যাচ। এটাও শেখ জামালকে বাড়তি সুবিধা দেবে। বাকি শুধু মাঠে নিজেদের প্রমাণ দেওয়ার। টুর্নামেন্টের ‘বি’ গ্রুপ থেকে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারতের পুনে এফসি ও নেপালের মানাং মার্সিয়াংদি।