না খেলেই ফিরল স্পেন
ব্রাসেলসের বিমানবন্দর থেকে হোটেলে যেতে হয়েছে বজ্র আঁটুনি নিরাপত্তার ভেতর দিয়ে। সেখান থেকে অনুশীলনেও পুরোপুরি পুলিশি প্রহরায়। কিন্তু যে জন্য স্পেন ফুটবল দল ব্রাসেলসে এসেছিল, সেটাই হয়নি। বেলজিয়ামের সঙ্গে প্রীতি ম্যাচ না খেলেই ফিরে যেতে হয়েছে। সম্ভাব্য হামলার ভয়েই প্রীতি ম্যাচটি বাতিল করা হয়েছে।
প্যারিসের ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ইউরোপজুড়ে এখন সন্ত্রস্ত অবস্থা। প্রতিটি দেশেই নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। ব্রাসেলসের ম্যাচ ঘিরেও বাড়তি সতর্কতা ছিল। কিন্তু ম্যাচের আগের দিন ব্রাসেলসে বোমা হামলার আশঙ্কা জানায় বেলজিয়ান গোয়েন্দা বিভাগ। যেখানে হামলার আশঙ্কা করা হয়েছিল, স্পেন দলের হোটেল ছিল সেখান থেকে মাত্র দুই কিলোমিটার দূরে। পরে ব্রাসেলসে সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতাও জারি করেছে বেলজিয়াম সরকার। প্যারিসের হামলায় সন্দেহভাজনদের একজন সালাহ আবদেসালেম এই মুহূর্তে বেলজিয়ামেই লুকিয়ে আছেন বলে মনে করা হচ্ছে।
শেষ পর্যন্ত ম্যাচটা তাই বাতিলই করতে হয়েছে। স্পেন কোচ ভিসেন্তে দেল বস্ক অবশ্য স্বাভাবিক প্রতিক্রিয়াই জানিয়েছেন, ‘আমরা ভয় পাইনি। হোটেলেও কারও কোনো সমস্যা হয়নি। অন্য সব ম্যাচের মতোই সবাই প্রস্তুতি নিচ্ছিল। আশা করি, এরপর থেকে এভাবে কোনো ম্যাচ স্থগিত হবে না। এখানে আমরা মানুষকে আনন্দ দিতে এসেছিলাম।’ এএস।