বিখ্যাত হলুদ জার্সি গায়ে গত মাসে কোনো ম্যাচ খেলেননি নেইমাররা। জুলাই মাসে মাঠে নামা হয়নি জার্মানিরও। কিন্তু সর্বশেষ প্রকাশিত ফিফা র্যাঙ্কিংয়ে ব্রাজিল-জার্মানির অবস্থানের বদল ঠিকই হয়ে গেল। র্যাঙ্কিং-টেবিলে জার্মানিকে দুইয়ে ঠেলে দিয়ে শীর্ষে ফিরল ব্রাজিল। চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এক মাসের রাজত্ব, আবার রাজত্ব শুরু পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।
প্রতি মাসে র্যাঙ্কিং প্রকাশ করে ফিফা। নতুন র্যাঙ্কিং প্রকাশের সময় বাদ দেওয়া হয় চার বছর আগের ম্যাচগুলোর পয়েন্ট। আর এ কারণেই ওলটপালট হয় র্যাঙ্কিংয়ে। ওপরের দুটি অবস্থানে পরিবর্তন হলেও আর্জেন্টিনা আছে তাদের আগের অবস্থানেই—তিন নম্বরে। দুই ধাপ পিছিয়ে পর্তুগাল আছে ষষ্ঠ স্থানে। ক্রিস্টিয়ানো রোনালদোর দলের নিচে নেমে যাওয়ায় উন্নতি হয়েছে সুইজারল্যান্ড ও পোল্যান্ডের। এক ধাপ এগিয়ে সুইজারল্যান্ড উঠে এসেছে চারে। পোল্যান্ডও এক ধাপ এগিয়েছে, আছে পাঁচ নম্বরে। পোল্যান্ডের ইতিহাসে সেরা র্যাঙ্কিং এটা।
শীর্ষ দশে নতুন করে কোনো দল ঢুকতে পারেনি। চিলি ও কলম্বিয়া আছে তাদের আগের অবস্থানেই—সপ্তম ও অষ্টম স্থানে। এক ধাপ এগিয়ে বেলজিয়াম আছে নয় নম্বরে। এক ধাপ নিচে নেমে ফ্রান্স দশে। র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের। গত মাসে কোনো ম্যাচ না খেলা বাংলাদেশ এক ধাপ ওপরে উঠে এখন আছে ১৮৯তম স্থানে। বাংলাদেশের প্রতিবেশী ভারত এক ধাপ পিছিয়ে আছে ৯৭ নম্বরে। ফিফাডটকম।