না খেলেও ৩-০ গোলে জিতল রাশিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগুন জ্বলছিল দর্শকদের মনেও! ফাইল ছবি
আগুন জ্বলছিল দর্শকদের মনেও! ফাইল ছবি

না খেলেই ৩-০ গোলে জয়। বাহ্‌, বেশ তো! ইউরো ২০১৬ বাছাইপর্বে এমনই এক জয় পেয়েছে রাশিয়া। মন্টেনেগ্রোর বিপক্ষে তাদের ম্যাচের ফলাফলটিতে লেখা হয়েছে, রাশিয়া ৩-০ গোলে জয়ী। অথচ ম্যাচটা হয়নি।
ম্যাচটা হয়নি বলেই রাশিয়াকে জয়ী ঘোষণা করা হয়েছে। তাই বলে ভেবে বসবেন না, রাশিয়া ক্ষমতার অপব্যবহার করে অন্যায় সুযোগ পেয়েছে। খেলা যে হয়নি, এর পুরো দায়  মন্টেনেগ্রোরই। আরও স্পষ্ট করে বললে মন্টেনেগ্রোর দর্শকদের। তাদের কারণেই তো পরিত্যক্ত হয়েছে গত ২৭ মার্চের বাছাই পর্বের ম্যাচটি।
ম্যাচটা একেবারেই হয়নি, তা অবশ্য নয়। পদগোরিকায় সেদিন শুরু থেকেই দুই দলের দর্শকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। সেই উত্তেজনা চরম আকার ধারণ করলে ৬৭ মিনিটে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। স্কোর লাইন তখন ছিল ০-০। পরে উয়েফার নীতি ও শৃঙ্খলাবিষয়ক কমিটি (সিইডিবি) পুরো  ম্যাচটির ঘটনাবলি বিশ্লেষণ করে রাশিয়াকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করে।
মন্টেনেগ্রোর দর্শকদের এমন আচরণের কারণে দলটিকে তাদের পরের ম্যাচটিও খেলতে হবে ফাঁকা গ্যালারিতে। মন্টেনেগ্রোকে ৫০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে। সমর্থকদের আচরণের কারণে জরিমানা করা হয়েছে রাশিয়াকেও, অঙ্কটা ২৫ হাজার ইউরো। দুই পক্ষই শাস্তি মাথা পেতে নিয়েছে।
সমস্যার শুরু ম্যাচ শুরুর পরপরই। মন্টেনেগ্রোর দর্শকদের ছোড়া একটা আতশবাজি রাশিয়ার গোলরক্ষক ইগর আকিনফিভের মাথায় এসে লাগে। ৩৩ মিনিট বন্ধ থাকে খেলা। পোড়া ক্ষত নিয়ে হাসপাতালে ছুটতে হয় আকিনফিভকে। দ্বিতীয়ার্ধে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। রাশিয়া একটি পেনাল্টি পেয়েছিল। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন শিরোকভ। এর পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। ফুঁসতে থাকা গ্যালারিতেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুরো ম্যাচটাই ভন্ডুল হয়ে যায়।
না খেলেও জয়, রাশিয়া হয়তো খুশি। কিন্তু ফুটবলের জন্য পুরোটাই একটা অপ্রত্যাশিত খবর। এএফপি, রয়টার্স।