না জিতেও নায়ক রাব্বি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মান্নাফ রাব্বি
মান্নাফ রাব্বি

২০১২ সালে যশোর থেকে ঢাকা এসেছেন মান্নাফ রাব্বি। ওয়ারীর হয়ে নাম লেখান পেশাদার লিগের দ্বিতীয় স্তরে। এবার প্রিমিয়ার লিগে রহমতগঞ্জের জার্সি গায়ে তুলেই প্রথম দুই ম্যাচে যথেষ্ট নজর কেড়েছেন ১৯ বছর বয়সী এই তরুণ। দুই ম্যাচেই বদলি নেমে একটি করে গোল করেছেন। ম্যাচ দুটি আবার আবাহনী ও শেখ জামালের মতো শিরোপাপ্রত্যাশীদের সঙ্গে!
আবাহনীর সঙ্গে শেষ মুহূর্তের গোল স্কোরলাইন করে দিয়েছিল ২-২। রাব্বি একটা মহামূল্যবান পয়েন্ট এনে আনন্দে ভাসান রহমতগঞ্জকে। কাল অবশ্য তাঁর গোলে ড্র-ও নয়। হারের ব্যবধানই কমাল (২-১)। তবে ম্যাচে ফেরার একটা সুযোগ এনে দিয়েছিলেন রাব্বি। বঙ্গবন্ধু স্টেডিয়ামে দলকে তাই পয়েন্ট দিতে না পারলেও সবার মুখে মুখে ফিরল এই তরুণের নাম।
শেখ জামালের কোচ মারুফুল হকের সঙ্গে ম্যাচের পর দেখা হলো তাঁর। বড় মঞ্চে এসে শুরুতেই পেলেন মারুফের শুভকামনা। সাংবাদিকদের পরে মারুফ বললেন, ‘আমাদের স্ট্রাইকারদের মধ্যে তো বল হারালে দাঁড়িয়ে থাকার প্রবণতা বেশি। এই ছেলেটার মধ্যে গোলের তৃষ্ণা আছে। শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে।’
রাব্বি জাতীয় দলে খেলার স্বপ্ন এঁকেই ঢাকায় এসেছেন। আপাতত রহমতগঞ্জকে একটা সিঁড়ি হিসেবে পাওয়াই বড় ব্যাপার। তবে রহমতগঞ্জের একাদশে আসতেই আরও অপেক্ষায় থাকতে হবে তাঁকে। কোচ কামাল বাবু বললেন, ‘ওর মধ্যে অনেক সম্ভাবনা। তবে আপাতত ওকে বদলি হিসেবেই রাখব।’
৭৮ মিনিটে আরাফাতের থ্রু ধরে রাব্বি করলেন ২-১। এর আগেই অবশ্য জয়ের পথে পা বাড়ায় শেখ জামাল। ৩১ মিনিটে লিংকনের নিচু ক্রসে বল জালে পাঠান ডিফেন্ডার কেষ্ট কুমার। এই অর্ধে গোল আসতে পারত আরও দু-তিনটি। কিন্তু সুযোগ হাতছাড়া করে সেটি এল ৫৯ মিনিটে এমেকা ডার্লিংটনের পেনাল্টি থেকে (২-০)।
ফরাশগঞ্জকে ৪-০ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগ শুরু করা শেখ জামাল কাল পেল দ্বিতীয় জয়। রহমতগঞ্জ প্রথম দুই ম্যাচে হার না-মানা মানসিকতা দেখিয়েছে। শেষ পর্যন্ত লড়াই, প্রতি-আক্রমণে দ্রুত উঠে গোল করে ফেলা, দলটির খেলার বৈশিষ্ট্য। আবাহনীকে রুখে দেওয়া গেছে, শেখ জামালকেও শেষ দিকে ভয় ধরিয়ে দিয়েছিল।
শেখ জামালের বড় শক্তি আক্রমণভাগে তিন আফ্রিকান। আক্রমণে একসঙ্গে তিনজন অন্য দলে নেই। এমেকা, ল্যান্ডিং আর ওয়েডসনরা তাই ভীতিকরই হয়ে থাকছেন। কালও ব্যতিক্রম হয়নি। তবে গতবার সনি নর্দের মতো প্লে-মেকার যেভাবে দলের খেলাটা গড়ে তুলতেন সেটির একটু ঘাটতি দেখা যাচ্ছে।
দলের বাঁধন মাঝেমধ্যেই আলগা দেখাচ্ছে। মারুফ বললেন, গরমের কারণেই খেলোয়াড়দের মনঃসংযোগ নড়ে যাওয়াতেই কালকের একটু ছন্দপতন। তবে তুলনা করলে প্রথম ম্যাচে আবাহনীর পাসিং ফুটবলটাই এখন পর্যন্ত বেশি নজর কেড়েছে। শেখ জামাল এখানে দ্বিতীয় স্থানে।
প্রথম দুই ম্যাচেই একাদশে সুযোগ পেয়েছেন শাখাওয়াত রনি। দেশের ফুটবলের জন্য এটা ভালো। চার বিদেশির তিনজনকে খেলানো যায় বিধায় স্থানীয় একজনকে ওপরে দিচ্ছেন মারুফ। কিন্তু ‘নাম্বার নাইন’ রনি এখনো গোলের খাতা খুলতে পারেননি।
অন্যদিকে অচেনা এক তরুণ অল্প কয়েক মিনিটেই বড় দুই দলের রক্ষণ টলিয়ে গোল পেলেন। তাঁর দুর্ভাগ্য, জাতীয় দলের কোচ ডি ক্রুইফ হল্যান্ডে বসে আছেন। ঢাকা এসে দল গড়বেন অন্যদের কথায়!