না থেকেও আছেন প্লাতিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিফার অনুমোদিত তালিকায় ছিলেন সাতজন। হারাধনের সাত ছেলের এখন বাকি রইল পাঁচ। কাল প্রার্থীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তের পর বাদ পড়েছেন আরও দুজন। এর মধ্যে একজন মিশেল প্লাতিনি। উয়েফার নিষিদ্ধ এই সভাপতির ফিফা নির্বাচনে প্রার্থী হওয়ার সম্ভাবনা এতে প্রায় শেষই হয়ে গেল বলা যায়। তবে এখনই প্লাতিনিকে বাদ বলা যাচ্ছে না, সর্বোচ্চ ক্রীড়া আদালতের রায় তাঁর পক্ষে গেলে ফিফা নির্বাচনে প্রার্থী হতেও পারেন।
ব্যাপারটা অবশ্য ফিফা আগেই পরিষ্কার করে দিয়েছিল। এ মুহূর্তে ফিফার নৈতিকতা কমিটির দেওয়া ৯০ দিনের নিষেধাজ্ঞার খড়্গ ঝুলছে প্লাতিনির মাথার ওপর। তবে সর্বোচ্চ ক্রীড়া আদালতের (সিএএস) কাছে সেটা প্রত্যাহারের জন্য আবেদনও তিনি করেছেন এরই মধ্যে। আবেদন ব্যর্থ হলে সামনের ফেব্রুয়ারির ফিফা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। ফিফা বাকি প্রার্থীদের বিরুদ্ধে দুর্নীতি বা অন্য অভিযোগ তদন্তের আগেই ঘোষণা দিয়েছিল, প্লাতিনির বিরুদ্ধে আপাতত তদন্ত করা হচ্ছে না। ক্রীড়া আদালতে প্লাতিনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারলে তখনই তদন্ত হবে।
কিন্তু প্লাতিনি তো সিএএসের কাছে আবেদন করেছেন গত ১০ অক্টোবর, সেটার মীমাংসার জন্য এত সময় লাগছে কেন? প্লাতিনি নিজে এতে বিস্মিত, আইনজীবীদের মাধ্যমে বিস্ময়টা জানিয়েও দিয়েছেন, ‘আপিল করার পর সপ্তাহ খানেক পার হয়ে গেলেও কোনো সিদ্ধান্ত না হওয়ায় মি. প্লাতিনি বিস্মিত। যত দ্রুততার সঙ্গে তাঁর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো সেই প্রক্রিয়াটা হঠাৎ করে শ্লথ হলো কেন, সেই প্রশ্নও তুলেছেন।’
প্লাতিনির ভাগ্যটা এখনো ঝুলে থাকলেও মুসা বিলিতি অতটা সৌভাগ্যবান নন। লাইবেরিয়া ফুটবল ফেডারেশনের সভাপতিকে প্রার্থিতার জন্য অযোগ্য ঘোষণা করেছে ফিফা। কারণটা পরিষ্কার করে বলা হয়নি। তবে ২০১৩ সালে সব ধরনের ফুটবল থেকে ছয় মাসের নিষেধাজ্ঞার কারণেই বিলিতি বাদ পড়েছেন বলে অনুমান করা হচ্ছে। আফ্রিকান ফুটবল কনফেডারেশনের কিছু গোপন দলিল ব্যবহারের জন্য ওই নিষেধাজ্ঞা পেয়েছিলেন বিলিতি। আপাত ফিফা সভাপতি পদে প্রার্থী রইলেন পাঁচজন—জর্ডানের প্রিন্স আলী বিন আল হুসেইন, বাহরাইনের শেখ সালমান বিন ইব্রাহিম, ফ্রান্সের জেরোম শ্যাম্পেন, উয়েফা মহাসচিব সুইজারল্যান্ডের জিয়ান্নি ইনফ্যান্তিনো ও দক্ষিণ আফ্রিকার টোকিও সেক্সওয়েল। এএফপি।