
চেলসি থেকে চলে গেছেন মাস দুয়েক আগে। আজ স্টামফোর্ড ব্রিজে চেলসি যখন ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি, সেখানে তো হোসে মরিনহোর ছায়াই থাকার কথা নয়। কিন্তু না থেকেও আজ যেন আছেন মরিনহো। যতটা না চেলসিতে, তার চেয়ে অনেক বেশি ম্যানচেস্টার ইউনাইটেডে!
কিছুদিন ধরেই জল্পনা চলছে, মরিনহো আগামী মৌসুমেই কোচ হয়ে আসছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। এরই মধ্যে ইউনাইটেড কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তাও নাকি অনেকটা এগিয়ে গেছে। তবে ব্রিটিশ প্রচারমাধ্যম অনেকটাই নিশ্চিত যে যেকোনো সময় চুক্তিটা হয়ে যেতে পারে। ম্যানচেস্টার সিটি পেপ গার্দিওলাকে নেওয়ার পরই ইউনাইটেড একটু নড়েচড়ে বসেছে। আর মরিনহোও এ মুহূর্তে বেকার, সবকিছুই তাই মিলে যেতে পারে। তাহলে রিয়াল-বার্সার ডাগ-আউটে মরিনহো-গার্দিওলার সেই দ্বৈরথ এবার ইংলিশ লিগেও ফিরে আসবে? সেই উত্তরটা নাহয় পরের মৌসুমের জন্যই তোলা থাক।
তবে ইউনাইটেডের বর্তমান কোচ লুই ফন গাল পড়েছেন মহা-অস্বস্তির মধ্যে। কোথায় মন দিয়ে চেলসি-বধের পরিকল্পনা করবেন, তা নয় চারদিক থেকে শুনতে হচ্ছে উটকো প্রশ্ন। ফন গাল অবশ্য এসব পাত্তা দিচ্ছেন না। এই মৌসুমেই তো দুবার ব্রিটিশ প্রচারমাধ্যমই ইউনাইটেডের ডাচ কোচের চাকরি খেয়ে নিয়েছিল। সপ্তাহ খানেক আগেই ফন গালের বিদায়টা আসন্ন বলে ইংল্যান্ড সংবাদমাধ্যমের সে কি শোরগোল। তবে ইউনাইটেড স্টোক সিটিকে হারিয়ে দেওয়ার পর সেটি নিভে গেছে। ফন গালও দুর্জনের মুখে ছাই দিয়ে এখনো ডাগ-আউটেই আছেন।
এ মুহূর্তে ইউনাইটেড লিগের পাঁচ নম্বরে আছে। শীর্ষে থাকা লেস্টারের চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে, শিরোপা সম্ভাবনা তাই অনেকটাই ক্ষীণ। তবে ফন গাল আশা ছাড়ছেন না, ‘একটু বাড়িয়ে বলা হবে হয়তো, তবে আমার কেন যেন মনে হচ্ছে চেলসিকে হারাতে পারলে আমাদের লিগ জয়ে একটা বড় প্রেরণা পাব। যদিও আমি জানি, কাজটা খুব কঠিন। হিডিঙ্কের অধীনে ওরা এখনো হারেনি।’ হিডিঙ্কের অধীনে নয় ম্যাচ খেলে চেলসি অপরাজিত থাকলেও রেকর্ডটা দারুণ বলা যাচ্ছে না। লিগে সাতটি ম্যাচ খেলে জিতেছে মাত্র দুটিতে।
মরিনহো-গার্দিওলাবিষয়ক আলোচনা নয়। চেলসি কোচ গাস হিডিঙ্কের সঙ্গে ফন গালের দ্বৈরথ নিয়েই বেশি কথা হওয়া উচিত ছিল। দুই ডাচ কোচের মধ্যে সূক্ষ্ম একটা চাপান-উতোর অনেক দিন ধরে আছে বলে জানা যায়। হিডিঙ্ক-ফন গাল দুজনই অবশ্য প্রসঙ্গটা এড়িয়ে গেছেন। হিডিঙ্কের কাছে গুরুত্ব পাচ্ছে ম্যাচটাই, ‘এটা বড় একটা ম্যাচ। অনেক বছর ধরেই ইউনাইটেড ও আমরা শিরোপার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছি। ওরা ভালো করতে পারছে না, আমরাও একটু একটু করে পথ খুঁজে পাচ্ছি।’
দুই দলই ঘুরে দাঁড়াতে মরিয়া। তা ছাড়া পুরোনো প্রতিদ্বন্দ্বিতা তো আছেই। চেলসি-ইউনাইটেড ম্যাচটি জমজমাট না হওয়ার কোনো কারণ নেই! এএফপি, ইএসপিএন।