না থেকেও ছিলেন তিনি...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সবাই রানিয়েরি! ইতালিয়ান কোচ লেস্টার সিটি থেকে বরখাস্ত হয়েছেন ছয় দিন হয়ে গেল। তবে পরশু লিভারপুলের বিপক্ষে ম্যাচে গত মৌসুমে লেস্টারের রূপকথার রূপকারের মুখোশ পরেই মাঠে এলেন ক্লাবের সমর্থকেরা l রয়টার্স
সবাই রানিয়েরি! ইতালিয়ান কোচ লেস্টার সিটি থেকে বরখাস্ত হয়েছেন ছয় দিন হয়ে গেল। তবে পরশু লিভারপুলের বিপক্ষে ম্যাচে গত মৌসুমে লেস্টারের রূপকথার রূপকারের মুখোশ পরেই মাঠে এলেন ক্লাবের সমর্থকেরা l রয়টার্স

ম্যাচ চলার সময়ই স্টার স্পোর্টসের ধারাভাষ্যকার বলছিলেন, হয়তো তিনিও ঘরে বসে টিভিতে লেস্টার সিটিকে এভাবে খেলতে দেখে অনেক খুশি হয়েছেন। আবার কে জানে, এত দিন কেন এমন খেলল না, এই ভেবে দীর্ঘশ্বাসও ফেলতে পারেন!
এই তিনিটা কে, বলার দরকার পড়ে না। ক্লদিও রানিয়েরি! পরশু আসলে কেমন লেগেছে লেস্টার সিটির সাবেক কোচের? আদৌ খেলাটা দেখেছেন কি না, তা-ও জানা যায়নি। তবে এটা ম্যাচজুড়ে খুব ভালোভাবেই টের পাওয়া গেল, চলে গেলেও তাঁকে এতটুকু ভোলেনি লেস্টার! অবশ্য তাঁকে ভোলার সাধ্য কার!
গত বৃহস্পতিবার রানিয়েরি বরখাস্ত হওয়ার পর এটিই ছিল লেস্টারের প্রথম ম্যাচ। ডাগআউটে তিনি নেই, তবে গ্যালারিতে ঠিকই দেখা মিলল কয়েক হাজার ‘রানিয়েরি’র—ইতালিয়ান কোচের মুখোশ পরেই এসেছিলেন লেস্টার-সমর্থকেরা! আর হাতে ব্যানার তো ছিলই। একটি ব্যানারে যেমন লেখা ছিল তাঁর জাদুমন্ত্রটা, ‘ডিলি ডিং, ডিলি ডং, উই আর স্যাড রানিয়েরি ইজ গন!’ আরেক ভক্ত ধন্যবাদ জানালেন গত মৌসুমের রূপকথার রূপকারকে, ‘রানিয়েরি, আপনাকে ধন্যবাদ। আমাদের স্বপ্নটা সত্যি করার জন্য!’
তবে সবচেয়ে বড় সম্মানটা ছিল ৬৫ মিনিটের সময়। ৬৫ বছর বয়সী ইতালিয়ানের সম্মানে ওই এক মিনিট স্মার্টফোনের টর্চ জ্বালিয়ে রেখেছিল পুরো স্টেডিয়াম!
এই দৃশ্যটা দেখেছেন রানিয়েরি? কে জানে, হয়তো চোখের কোণও ভিজে এসেছিল সাদা চুলের, চশমা পরা বুড়ো লোকটার! এএফপি।