না দেখেই কেন বলছি, তাঁরা পারেন না!

>চলতি লিগে বিদেশি কোটা বেড়ে যাওয়ায় দেশি স্ট্রাইকারদের জন্য একাদশে সুযোগ পাওয়াটাই কষ্টসাধ্য। অথচ সুযোগ পেয়েই আলো কেড়ে নিচ্ছেন জীবন-মতিনরা। নিশ্চিতভাবে বলা যায়, জাতীয় ফুটবল দলের জন্য সুসংবাদ। এই মুহূর্তে দেশের স্ট্রাইকাররা যখন দর্শনীয় গোল করছেন, আপনি তখন ঘরে বসে কেন?
বাংলাদেশের স্ট্রাইকাররা ফাঁকা পোস্টেও গোল করতে পারেন না’—চায়ের আড্ডায় হোক কিংবা ফেসবুকে, দেশের ফুটবল নিয়ে আলোচনা হলেই কথাটি শোনা যাবেই। যাবে না-ই বা কেন! শেষ বঙ্গবন্ধু গোল্ডকাপে দুর্দান্ত খেলেও সেমিফাইনাল বাধা পার হওয়া যায়নি শুধু গোল মিসের খেসারতে। ফলে হতাশা থেকে ফুটবলপ্রেমীদের মনে এ কথা আসা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু আশার কথা চলতি প্রিমিয়ার লিগে দুর্দান্ত কিছু গোল এসেছে দেশের স্ট্রাইকারদের পা থেকেই।
প্রিমিয়ার লিগে অব্যবস্থাপনার শেষ নেই। কিন্তু মাঠের খেলায় এখন পর্যন্ত আশার গানই শোনাচ্ছে। লিগে এখন পর্যন্ত ম্যাচ হয়েছে ৩৬টি। উত্তেজনায় গড়ানো প্রায় প্রতিটি ম্যাচের ভাগ্যই গড়ে দিয়েছেন দেশি ফুটবলাররা; যা ফুটবলকে দেখাচ্ছে নতুন ভোরের স্বপ্ন। লিগে এখন পর্যন্ত হ্যাটট্রিক হয়েছে তিনটি। একটি করে এসেছে দেশি ফুটবলার জাহিদ হোসেন ও নাবীব নেওয়াজ জীবনের পা থেকে। ৫ গোল করে যৌথভাবে গোলদাতার শীর্ষে আছে আবাহনীর জীবন। আপাত দেখে মনে হতেই পারে জাতীয় দলের স্ট্রাইকার সমস্যা এই বুঝি কাটল!
কথা উঠতে পারে, দুই হ্যাটট্রিকেই এত কথা! বাংলাদেশের ফুটবলে কোনো রেনেসাঁ সৃষ্টি হয়নি। সম্ভবও নয়। তবে ম্যাচগুলোতে দেশি ফুটবলারদের দৃষ্টিনন্দন গোল দেখে মনে হচ্ছে, গোল করার রাস্তাটা অন্তত চিনেছে তাঁরা।

এবার লিগের প্রথম ৩৬ ম্যাচে গোল হয়েছে ৮৬ টি। ম্যাচপ্রতি গোল প্রায় দুইটি। দক্ষিণ এশিয়ার ফুটবলে কম কি! তবে পরিসংখ্যানে পিছিয়ে থাকবে দেশি ফুটবলাররা। বিদেশিদের ৫০ গোলের বিপরীতে ৩২ গোল করেছেন দেশিরা। বাকি চারটি গোল আত্মঘাতী। সর্বোচ্চ ৫ গোল করে যৌথভাবে গোলদাতার শীর্ষে আবাহনী লিমিটেডের জীবন ও মুক্তিযোদ্ধা সংসদের আইভরি কোস্টের স্ট্রাইকার বাল্লো ফামুসা।
কিছু গোল তো বারবার ইউটিউবে সার্চ দিয়ে দেখার মতো (ফুটবল প্রেমীরা নিজেরাই শেয়ার করেছেন ফেসবুকে)। আরামবাগের বিপক্ষে ৪-১ গোলে হারা ম্যাচে মোহামেডানের কাওসার আলি রাব্বির বক্সের বাইরে থেকে করা গোলটা এখনো চোখে লেগে আছে। বক্সের কোনায় ফ্রি কিক পেয়েছিল মোহামেডান। সেখান থেকে রাব্বির উদ্দেশ্যে ল্যান্ডিং ব্যাক পাস করলে, প্রথম স্পর্শেই জোরালো শটে বল জালে জড়িয়ে দেন জালে। এই ম্যাচেই হ্যাটট্রিক করেছিলেন উইঙ্গার জাহিদ হোসেন। ভলিতে করা তাঁর শেষ গোলটি ময়মনসিংহবাসী মনে রাখতে বাধ্য অনেক দিন।
আরিফুর রহমান নামটি না শোনারই কথা। অথচ দ্রুত গতির জন্য আরামবাগের এই উইঙ্গারের নামের পাশে সমর্থকেরা ট্যাগ লাগিয়ে দিয়েছেন ‘বোল্ট’। মাঝমাঠ থেকে ভো দৌড়ে সলো মুভে বক্সে প্রবেশ করে গোল করানোয় জুড়ি নেই তাঁর। গোল করেন নিজেও। ইনসাইড আউটসাইড ডজে প্রতিপক্ষ রক্ষণভাগকে ঘোল খাইয়ে শুইয়ে ফেলেন গোলরক্ষককেও।
মারুফুল হকের হাতে গড়া তারুণ্য নির্ভর আরামবাগ উড়ছিল। ময়মনসিংহে আরামবাগের বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে পড়েছিল আবাহনী। সেখান থেকে জোড়া গোল করে আকাশি-নীলদের উদ্ধার করেছেন জীবন। ফ্রি কিক থেকে করা তাঁর দ্বিতীয় গোলটি সেরা গোলগুলোর অন্যতম বিজ্ঞাপন।
বসুন্ধরা কিংসের মতিন মিয়া গোল করেছেন টানা তিন ম্যাচে। দলে তারকা ফুটবলারের হাঁট। ফরোয়ার্ড লাইনেই আছেন কোস্টারিকার জার্সিতে রাশিয়া বিশ্বকাপ খেলা দানিয়েল কলিন্দ্রেস ও ব্রাজিলিয়ান মার্কোস ভিনিসিয়ুস। লিগে দুর্দান্ত খেলছেন বিদেশি দুই ফরোয়ার্ড। কিন্তু গোল করার বিচারে তাঁদের ছাপিয়ে গিয়েছেন মতিন। চার ম্যাচে দুইটি গোল করেছেন কলিন্দ্রেস ও একটি ভিনিসিয়ুস। আর দুজনের সমান তিন গোল করেছেন মতিন।
নীলফামারীতে নোফেল স্পোর্টিংয়ের বিপক্ষে মতিনের দুর্দান্ত ফিনিশিংয়ের প্রশংসা করেছেন সবাই। পেছন থেকে প্রতিপক্ষ রক্ষণভাগের ফাঁক গলে দৌড়ে বের হয়ে চলতি বলে প্রথম স্পর্শে মতিনের ফিনিশিংয়ের মাহাত্ম্য অনেক। এমন গোল দেখে কারও বলার সাধ্য থাকে না, বাংলাদেশের স্ট্রাইকাররা গোল করতে জানেন না।
চলতি লিগে বিদেশি কোটা বেড়ে যাওয়ায় দেশি স্ট্রাইকারদের জন্য একাদশে সুযোগ পাওয়াটাই কষ্টসাধ্য। অথচ সুযোগ পেয়েই আলো কেড়ে নিচ্ছেন জীবন-মতিনরা। নিশ্চিতভাবে বলাই যায়, জাতীয় ফুটবল দলের জন্য সুসংবাদ। এই মুহূর্তে দেশের স্ট্রাইকাররা যখন দর্শনীয় গোল করছেন, আপনি তখন ঘরে বসে কেন? অন্তত না দেখে কেন বলছি, ফাঁকা পোস্টেও গোল করতে পারেন না দেশের স্ট্রাইকাররা!