না হেরে খুশি ওয়েঙ্গার-রজার্স
>লিগে প্রথম দুই ম্যাচে ‘গানার’দের জার্সিতে ঠিক চেনা যাচ্ছিল না পিটার চেককে। পরশু ফিরে এলেন ‘চেলসির চেক’
পরশুর আগে এই শতাব্দীতে প্রিমিয়ার লিগে দুদলের ৩১ ম্যাচে গোল হয়েছে ৯৬টি। ম্যাচপ্রতি তিনটির কিছু বেশি। গত পরশু লিভারপুল-আর্সেনাল ম্যাচটি সেই ধারায় ব্যতিক্রমই হলো। এমিরেটস স্টেডিয়ামে গোলশূন্যভাবে শেষ হলো ম্যাচ। যা এই শতাব্দীতে এই দুদলের দ্বৈরথে প্রথম গোলশূন্য ড্র।
দুই অর্ধে দাপট ছিল দুই দলের। প্রথম ৪৫ মিনিটে আর্সেনালের গোলমুখে একের পর এক আক্রমণ চালিয়েও গোল বের করে নিতে পারেনি লিভারপুল। কখনো শট ফিরে এসেছে বারে লেগে, কখনোবা আর্সেনাল গোলরক্ষক ফিরিয়েছেন অসাধারণ দক্ষতায়। তবে গোলশূন্য অবস্থায় প্রথমার্ধ শেষ করার জন্য ভাগ্যকে দুষতে পারে আর্সেনালও। সান্তি কাজোরলার অসাধারণ থ্রু থেকে অ্যারন রামসের গোলটি বাতিল হয়ে গেছে অফসাইডের ভুল সিদ্ধান্তে।
ম্যাচ শেষে আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার উষ্মা প্রকাশ করলেন, ‘নিয়মানুযায়ী এটা গোল হয়। আমি বুঝতে পারছি না কেন বাতিল হলো গোলটি।’ আর পরপর দুই ম্যাচে দুটি অফসাইডের সিদ্ধান্ত নিজেদের পক্ষে পাওয়া লিভারপুল কোচ ব্রেন্ডন রজার্স রসিকতা করলেন, ‘ওর (রামসে) শার্টটা অফসাইড ছিল।’
প্রথমার্ধে জাল অক্ষত রাখার জন্য আর্সেনাল ধন্যবাদ দিতে পারে পিটার চেককে। এই মৌসুমেই চেলসি থেকে আসার পর থেকে তাঁকে নিয়ে প্রত্যাশা ছিল অনেক উঁচুতে। কিন্তু লিগে প্রথম দুই ম্যাচে ‘গানার’দের জার্সিতে ঠিক চেনা যাচ্ছিল না তাঁকে। পরশুর ম্যাচটিতে ফিরে এলেন ‘চেলসির চেক’। নিজেকে চেনালেন প্রথমার্ধের দুর্দান্ত দুটি সেভে। ছয় গজ দূর থেকে ক্রিস্টিয়ান বেনটেকের শটটি ফিরিয়েছেন অপূর্ব রিফ্লেক্সের প্রদর্শনীতে। পরে একই রকম দর্শনীয়ভাবে ফিলিপে কুটিনহোর গোলমুখী বাঁকানো শটটিও।
বিরতির পর ম্যাচের রং বদলে দিয়ে আর্সেনালেরই দাপট। অ্যালেক্সিস সানচেজ দারুণ খেলছিলেন, কিন্তু তাঁর শট ফিরল পোস্টে লেগে। জিরুকে গোলবঞ্চিত করেছে লিভারপুল গোলরক্ষক মিনিওলেতের ক্ষিপ্রতা। অক্সলেড-চেম্বারলেইনের ক্রস বাঁচাতে গিয়ে তো প্রায় আত্মঘাতী গোলই করে বসেছিলেন লিভারপুল ডিফেন্ডার মার্টিন স্কার্টেল। তবে যেমন খেলা হয়েছে, তাকে ড্র-ই হয়তো এই ম্যাচের সঠিক ফল।
ঘরের মাঠে প্রথম ম্যাচে ওয়েস্ট হামের কাছে হারতে হয়েছে, তার ওপর হঠাৎ চোটে এই ম্যাচে ছিলেন না নিয়মিত দুই ডিফেন্ডার মার্টেসেকার ও কসিয়েলনি। এই ম্যাচে হারতে না হওয়াতেই তাই খুশি ওয়েঙ্গার, ‘মনে হয় ওয়েস্ট হাম ম্যাচটি আমাদের মাথায় একটা ছাপ রেখে গিয়েছিল। আজ (সোমবার) রাতে না হারাটা খুব গুরুত্বপূর্ণ ছিল।’
খুশি ব্রেন্ডন রজার্সও। গত মৌসুমে ৪৮ গোল হজম করা লিভারপুল এই মৌসুমের প্রথম তিন ম্যাচেই জাল অক্ষত রেখেছে। ‘অল রেড’দের কোচকে ছুঁয়ে যাচ্ছে সেই আনন্দ, ‘অনেক নতুন খেলোয়াড় দলে আসার পর আমাদের রক্ষণটা জমাট রাখা ছিল খুব গুরুত্বপূর্ণ।’ এএফপি।