নাইজেরিয়ান ফুটবলারের স্ত্রী অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসা থেকে একটু ঘুরতে বেরিয়েছিলেন সন্তানদের নিয়ে। হঠাৎই গাড়ি থেকে নেমে এল একদল বন্দুকধারী। অস্ত্রের মুখে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হলো মায়মুনাত ওগেদেকে। এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি নাইজেরিয়ার জাতীয় দলের ফুটবলার ফেগুদে ওগুদের স্ত্রীর। পরে জানা গেছে, কাজটা জঙ্গি সংগঠন বোকো হারামের। তিন দিন আগে নাইজেরিয়ার দক্ষিণের ওয়ারি শহরে ঘটেছে এ ঘটনা।
নাইজেরিয়া জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১৬টি ম্যাচ খেলেছেন ওগুদে। খেলেন রাশিয়ার প্রিমিয়ার লিগের ক্লাব আমকার পার্মের হয়ে। পরিবার নিয়ে রাশিয়াতেই থাকেন। বড়দিনের ছুটিতে গিয়েছিলেন নিজ দেশে। কে জানত, সেখানেই এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাবে! ঘটনার সময় ওগুদে অবশ্য বাড়িতে ছিলেন না। পরে ভাইয়ের কাছে জানতে পারেন স্ত্রীর অপহরণের খবর। কিন্তু এখন পর্যন্ত অপহৃতার কোনো হদিস পাওয়া যায়নি। কোনো মুক্তিপণও দাবি করেনি কেউ। আর ঘটনার ৩০ কিলোমিটার দূরে পাওয়া গেছে অপহরণকারীদের গাড়ি।
নাইজেরিয়ায় এমন ঘটনা প্রায়ই ঘটে। গত বছরই সাবেক খেলোয়াড় স্যামসন সিসিয়ার মাকে অপহরণ করা হয়েছিল। পরে অবশ্য মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছিলেন তিনি। আর ওয়ারী থেকেই তিন বছর আগে অপহৃত হয়েছিলেন নাইজেরিয়ান ফুটবলার ক্রিস্টিয়ান ওবোদো। তথ্যসূত্র: মেইল অনলাইন।