নাইজেরিয়ায় যাচ্ছেন না সেন্টফিট

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ টম সেন্টফিট নাইজেরিয়ায় চলে যাবেন কি না, এ নিয়ে ছিল জল্পনা-কল্পনা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে স্বল্পমেয়াদি চুক্তির ব্যাপারে সম্মতি দেওয়ার পরপরই আন্তর্জাতিক গণমাধ্যমে খবর এসেছিল, জাতীয় দলের কোচ হিসেবে নাইজেরিয়া ফুটবল ফেডারেশনের সংক্ষিপ্ত তালিকায় আছেন এই বেলজিয়ান। সেন্টফিট নিজেও এই খবর অস্বীকার করেননি। বলেছিলেন, চাকরি না থাকা অবস্থায় বেশ কয়েকটি দেশের ফুটবল ফেডারেশনকে তিনি নিজের জীবনবৃত্তান্ত পাঠিয়েছিলেন।
নাইজেরিয়া ফেডারেশন হয়তো সেটা দেখেই সংক্ষিপ্ত তালিকার জন্য তাঁকে নির্বাচন করেছে।
ব্যাপারটা এমন দাঁড়িয়েছিল যে নাইজেরিয়ার চাকরি পেলে সেন্টফিট বাংলাদেশ জাতীয় দলের চাকরিটা ছেড়ে দিলেও দিতে পারেন। আফ্রিকান ফুটবলের অন্যতম বড় শক্তি, একাধিকবার বিশ্বকাপ খেলা নাইজেরিয়া নিশ্চয়ই চাকরির ক্ষেত্র হিসেবে বাংলাদেশের চেয়ে শ্রেয়তর!
এই অনিশ্চয়তার অবসান হতে চলেছে, জাতীয় দলের কোচ হিসেবে নাইজেরিয়া নিয়োগ দিয়ে দিয়েছে ক্যামেরুনের সাবেক ফরাসি কোচ পল লি গুইনকে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, লি গুইনকে আনুষ্ঠানিকভাবেই জাতীয় দলের কোচ হিসেবে ঘোষণা করেছে নাইজেরিয়া ফুটবল ফেডারেশন।
লি গুইন ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ক্যামেরুনের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। নাইজেরিয়ার কোচ হওয়ার আগে এবারের এশিয়া অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে তিনি ওমানের কোচ ছিলেন। এ ছাড়া ফরাসি ক্লাব পিএসজি, লিওঁর কোচ হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।
বেলজিয়ান কোচ সেন্টফিটকে স্বল্পকালীন চুক্তিতে নিয়োগ দিতে যাচ্ছে বাফুফে। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে এশিয়ান কাপের প্লে অফের দুটো ম্যাচে বাংলাদেশ মাঠে নামবে ভুটানের বিপক্ষে। আপাতত সেন্টফিটের চুক্তি ভুটান ম্যাচ পর্যন্ত। এই ম্যাচ দুটোয় সাফল্য পেলে সেন্টফিটের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তিতে যাবে ফেডারেশন। চুক্তি এখনো সই না হলেও জাতীয় দলকে নিয়ে ইতিমধ্যেই ভুটান ম্যাচের প্রস্তুতিতে নেমে পড়েছেন সেন্টফিট।