নাটক, নাটক আর নাটক!

>একই দিনে একই সময়ে মাঠে গড়িয়েছিল স্পেন-মরক্কো ও পর্তুগাল-ইরান ম্যাচ। দুটি ম্যাচেই নাটক ও উত্তেজনার অভাব ছিল না
বেশির ভাগ ম্যাচেই এবার নাটকের পসরা সাজিয়ে বসেছে বিশ্বকাপ। তাই বলে একই দিনে একই সময়ে শুরু হওয়া দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে এত খণ্ড খণ্ড নাটক! উত্তেজনা আর প্রতিদ্বন্দ্বিতারও অভাব ছিল না। বলা হচ্ছে স্পেন-মরক্কো আর পর্তুগাল-ইরান ম্যাচ দুটির কথা। দুটি ম্যাচেরই অমীমাংসিত নিষ্পত্তি ঘটেছে যোগ করা সময়ে। নির্ধারিত সময়ের পরে সারানস্ক ও কালিনিনগ্রাদের সবুজ গালিচা সত্যি সত্যিই যেন নাটকের মঞ্চ হয়ে উঠেছিল! তবে নব্বই মিনিটের মধ্যেও নাটক কম হয়নি। আসুন, দেখে নিই এ দুটি ম্যাচের খণ্ড খণ্ড নাটকের চিত্র—
স্পেন-মরক্কো
১৪ মিনিট: রামোস-পিকে-কারবাহলের গড়া স্প্যানিশ রক্ষণভাগে ফাটল! মাঝমাঠে ইনিয়েস্তা-রামোসের দেওয়া-নেওয়ার ভুল–বোঝাবুঝিতে বলটা ছোঁ মেরে বক্সে চিতার গতিতে ঢুকে পড়ল মরক্কোর ফরোয়ার্ড খালদি বুতাইব। পেছন থেকে পিকে ঝোড়ো গতিতে দৌড়েও বুতাইবকে আটকাতে পারলেন না। ডেভিড ডি গেয়াকে হারিয়ে বল পাঠিয়ে দিলেন জালে। স্পেন পড়ল পিছিয়ে।
১৯ মিনিট: কিন্তু এই পিছিয়ে পড়া মাত্র ৫ মিনিটের জন্য। আন্দ্রেস ইনিয়েস্তার দুর্দান্ত এক পাস থেকে ইসকোর নিখুঁত ফিনিশিং। সমতায় ফিরল স্পেন। হাঁফ ছেড়ে বাঁচলেন স্প্যানিশ–সমর্থকেরা। কারণ, ম্যাচটা ড্র হলে স্পেনের চিন্তা নেই। নির্ভাবনায় চলে যাবে শেষ ষোলোর মঞ্চে।
২৫ মিনিট: আবারও স্পেনের হৃৎকম্প বাড়িয়ে দিলেন বুতাইব। মাঝমাঠের থ্রো-ইনে দুর্দান্ত স্প্রিন্টে স্পেনের তিন ডিফেন্ডারকে হারিয়ে ঢুকে পড়েছিলেন বক্সে। কিন্তু শেষ মুহূর্তে হারাতে পারলেন না স্প্যানিশ গোলরক্ষক ডেভিড ডি গেয়াকে।

৮১ মিনিট: স্প্যানিশ–সমর্থকেরা যখন শেষ ষোলোয় এক পা দিয়ে রেখেছেন, ঠিক তখনই তাদের মাথাব্যথা হয়ে দাঁড়াল এন-নেসিরির মাথা! ফয়সাল ফজরের কর্নার থেকে নিখুঁত হেডে এন-নেসিরির গোল। এগিয়ে গেল মরক্কো। আবার দুর্ভাবনায় স্প্যানিশ শিবির।

৯০+১ মিনিট: যোগ করা সময়ে ১ মিনিট শেষ হতে চলেছে। ঠিক এ সময়ে দানি কারবাহলের ক্রস থেকে ইগর আসপাসের দারুণ ফিনিশিং এবং গোল। সেই গোল নিয়ে আরেক নাটক। গোল হবে কি হবে না, দুই দলের খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের কথার লড়াই। স্নায়ুর ওপর দিয়ে ঝড় বইয়ে যাওয়া মুহূর্ত পেরিয়ে অবশেষে স্পেনের মুখে হাসি। কারণ, রেফারি অফসাইডের অজুহাতে প্রথম গোলটা বাতিল করলেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) মাধ্যমে সিদ্ধান্তটি বাতিল করে আসপাসের গোলটি বহাল রাখেন। স্নায়ুক্ষয়ী এ ম্যাচটা শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করতে সমর্থ হয় স্পেন।
পর্তুগাল-ইরান
৪৫ মিনিট: প্রথমার্ধের এই শেষ মিনিটের আগ পর্যন্ত পর্তুগালের সঙ্গে প্রায় পাল্লা দিয়েই লড়েছে ইরান। কিন্তু রিকার্ডো কারেসমার দুর্দান্ত গোল ইরানের শেষ ষোলোয় ওঠার আশার গুড়ে বালি ছিটিয়ে দেয়। সতীর্থ সেদরিক সোয়ারেসের সঙ্গে ওয়ান-টু খেলে ডান প্রান্ত দিয়ে বক্সের মাথা থেকে ডান পায়ের বাঁকানো শটে মনে রাখার মতো এক গোল করেন কারেসমা।

৪৯ মিনিট: রোনালদোকে বক্সে ফেলে দেন ইরানের মোর্তেজা পাউরিলাগানজি। পেনাল্টির আবেদন করে পর্তুগাল। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সহায়তায় রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। প্রতিবাদে রেফারিকে ঘিরে ধরেন ইরানের খেলোয়াড়েরা। মাঠে তখন তুমুল উত্তেজনা। কিন্তু ইরানের খেলোয়াড়দের শান্ত করলেন রোনালদো। স্পটকিক থেকে যে গোল করতে পারলেন না! তাঁর শট রুখে দেন ইরানের গোলরক্ষক আলীরেজা বেইরানভান্দে।

৮০ মিনিট: লাল কার্ড দেখতে পারতেন রোনালদো! ইরানের মোর্তেজা পাউরালিয়াগানজির সঙ্গে বল দখলের লড়াই নয় স্রেফ তাঁকে টপকে যেতে বসে কনুইয়ের গুঁতো মেরে বসেন পর্তুগিজ ফরোয়ার্ড। প্যারাগুয়ে রেফারি এনরিক ক্যাকেরেস তা টের পাননি। ভিএআর কক্ষ থেকে রেফারিকে ঘটনাটি পুনর্বিবেচনা করার কথা বলা হয়। রেফারি মাঠের বাইরে গিয়ে ঘটনাটির ভিডিও দেখেন এবং সবাইকে বেশ অবাক করেই রোনালদোকে হলুদ কার্ড দেখান।

৯০+৩ মিনিট: যোগ করা সময়ের ৩ মিনিটে আবারও নাটক। পর্তুগালের সেদরিক সোয়ারেস ‘হ্যান্ডবল’-এর শিকার! ‘হ্যান্ডবল’টা তাঁর ইচ্ছাকৃত ছিল না। কিন্তু এবারও ভিএআর-এর সহায়তা নিয়ে রেফারি দিলেন পেনাল্টির সিদ্ধান্ত। যদিও বিশ্লেষকদের মতে, এই পেনাল্টির সিদ্ধান্তটা একটু নির্মমই হয়ে গেছে। কিন্তু তাতে ইরানের কিছু যায় আসে না। স্পটকিক থেকে ইরানের সমতাসূচক গোল করতে কোনো ভুল করেননি করিম আনসারফিল্ড। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে ইরানের। যদিও এরপরও গোলের সুযোগ পেয়েছিল ইরান। পর্তুগিজ বক্সের মধ্যে বল পেয়েও পাশের জালে বল মারেন ইরানের মেহদি তারেমি।