নাটকীয়ভাবে এল মেসির ৪০০তম গোল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্সার হয়ে ৪০০তম গোলের পর ছুটছেন মেসি। ছবি: রয়টার্স
বার্সার হয়ে ৪০০তম গোলের পর ছুটছেন মেসি। ছবি: রয়টার্স

খেলার শেষ বাঁশি বাজল বলে। আক্রমণ চালাল ভ্যালেন্সিয়া। কাজ হলো না। প্রতি-আক্রমণে নেইমারের বাড়িয়ে দেওয়া বল অর্ধেক মাঠ থেকে একাই টেনে নিলেন লিওনেল মেসি। ভ্যালেন্সিয়া গোলরক্ষক ডিয়েগো আলভেজের সঙ্গে ওয়ান-অন-ওয়ানে চিপ করতে চাইলেন। কিন্তু হাত বাড়িয়ে বল ঠেকিয়ে দিলেন আলভেজ। তাতেও শেষ রক্ষা হলো না। গোল দিয়েই ছাড়লেন মেসি। নাটকীয়তায় ভরপুর মেসির গোলটার মাহাত্ম্য অন্যরকম। এটা যে বার্সার জার্সিতে তাঁর ৪০০তম গোল। বার্সার ২-০ ব্যবধানে জয়ে মেসির ৪০০ গোলের আনন্দেও এল পূর্ণতা।

গোলটা অবশ্য আরও আগেই পেতে পারতেন। ২০ মিনিটে হেডে গোল করার সুযোগটা হাতছাড়া হলো। ৪১ মিনিটে ডান পায়ে নেওয়া শটে বল পাঠিয়ে দিলেন পোস্টের বাইরে। মেসির হেড ও ডান পায়ের দুর্বলতা নিয়ে নিন্দুকেরা আরেকবার মুখ খোলার সুযোগ পেল। ৫৫ মিনিটে শূন্যে ভেসে ভলিটা হয়তো কঠিনই ছিল। কিন্তু দুর্ভাগ্য, ৬৪ মিনিটে অসাধারণ ফ্রি-কিক লাগল ঠিক ক্রসবারে! শেষ পর্যন্ত সব আক্ষেপ দূর হলো অন্তিম মুহূর্তের ওই নাটকীয় গোলে।
এমনিতে পয়েন্ট টেবিলে নিঃশ্বাস দূরত্বে রিয়াল মাদ্রিদ। লিগে মাত্র দুই পয়েন্টের পার্থক্য, একটু পা হড়কালেই সর্বনাশ! এমন ভাবনা নিয়েই মৌসুমের এ শেষ সময়ে মাঠে নামতে হচ্ছে বার্সাকে। ভ্যালেন্সিয়ার বিপক্ষে ঘরের মাঠে সেই ভাবনাটা কি শুরুতে চাপ হয়ে দাঁড়াল মেসি-নেইমারদের সামনে? প্রতিপক্ষের একের পর এক আক্রমণ, অগোছাল রক্ষণ, বিপরীতে একাধিক সুযোগ হাতছাড়া-সর্বনাশই হতে বসেছিল বার্সার। তবে বার্সা সমর্থকদের স্বস্তি, লুইস সুয়ারেজ ও মেসির গোলে জিতেই মাঠ ছেড়েছে লুইস এনরিকের দল।
অথচ শুরুটা কী দুর্দান্তই না হলো! প্রথম মিনিটেই লিওনেল মেসির ডিফেন্স চেরা পাসে দারুণ এক ফিনিশিংয়ে দলকে এগিয়ে নিলেন সুয়ারেজ। কিন্তু প্রভাত যে দিনের পূর্বাভাস সব সময় ঠিকঠাক দেয় না। বার্সা এগিয়ে যাবে কী, উল্টো তটস্থ হতে হলো ভ্যালেন্সিয়ার একের পর এক আক্রমণে। প্রথম ২২ মিনিটে ভ্যালেন্সিয়া লক্ষ্যে শট নিয়েছে চারটি, সেখানে বার্সা মাত্র একটি। ৯ মিনিটে ফরোয়ার্ড রদ্রিগোকে বক্সে ফাউল করায় পেনাল্টি পেল ভ্যালেন্সিয়া। যদিও সেই পেনাল্টি নিয়ে প্রশ্ন তোলাই যায়। বার্সা সমর্থকদের বুক তখন কাঁপছে। ত্রাতা হয়ে এলেন ক্লদিও ব্রাভো। তাঁর দারুণ সেভে সে দফা ‘সেভ’ হলো বার্সাও!
সাহসের সঙ্গেই লড়েছেন ব্রাভো। বেশ কয়েকটি চোখধাঁধানো সেভ করেছেন বার্সা গোলরক্ষক। তবে বার্সার সৌভাগ্য, ৩৩ মিনিটে ভ্যালেন্সিয়া ফরোয়ার্ড পাকোর শটটা লেগেছে পোস্টে। সেটা চেয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না ব্রাভোর।
এ জয়ে ৩২ ম্যাচে বার্সার পয়েন্ট ৭৮, রিয়ালের ৩১ ম্যাচে ৭৩। রাতেই মালাগার বিপক্ষে মাঠে নামবেন রোনালদোরা। সে ম্যাচে রিয়াল জিতলে দুই দলের পয়েন্ট পার্থক্য আবারও নেমে আসবে দুইয়ে।