নাটকীয়ভাবে হার এড়াল ইউনাইটেড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলকে দারুণভাবে সমতায় ফিরিয়েছেন ফন পার্সি। ছবি: রয়টার্স
দলকে দারুণভাবে সমতায় ফিরিয়েছেন ফন পার্সি। ছবি: রয়টার্স

বিরাট আক্ষেপ নিয়েই মাঠ ছাড়লেন চেলসি কোচ হোসে মরিনহো। হিসাবটা তখন সেকেন্ডে নেমে এসেছে। অথচ এ সময়ে এমন ‘সর্বনাশ’! হারতে হারতে ৯০ মিনিটের অতিরিক্ত সময়ে রবিন ফন পার্সির দুর্দান্ত ফিনিশিংয়ে ম্যাচে সমতায় ফিরল ম্যানচেস্টার ইউনাইটেড। উত্তেজনায় ঠাসা ম্যাচটা শেষ পর্যন্ত ড্র ১-১ গোলে।
পরাজয়—এ মৌসুমে এর নতুন কী ইউনাইটেডের কাছে! লিগে লুই ফন গালের দলকে পরাজয়ের লজ্জা দিল কত পুঁচকে দল! সেখানে চেলসি তো বিরাট এক নাম! খেলাটা যেহেতু রেড ডেভিলদের ঘরের মাঠে, সমর্থকেরা বড় আশা নিয়েই এসেছিলেন মাঠে। কিন্তু ফন গালের ছাত্ররা সে আশা শতভাগ পূরণ করতে পারলেন কি না, সে প্রশ্ন থেকেই যায়।
৪১ মিনিটেই দিদেয়ের দ্রগবার ডান পায়ের জোরালো শট দারুণভাবে ঠেকিয়ে দলকে বিপদ থেকে উদ্ধার করেন ডেভিড গিয়া। কিন্তু ৫৩ মিনিটে দ্রগবার হেড ঠেকাতে পারল না ইউনাইটেড গোলরক্ষক। সেস্ক ফ্যাব্রিগাসের কর্নার দ্রগবা দারুণ এক হেডে পাঠিয়ে দেন জালে।
ম্যাচের দারুণ এক চমক তখনো বাকি। ৯০ মিনিটের অতিরিক্ত সময়ে ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখার ফল হিসেবে লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন চেলসি ডিফেন্ডার ইভানোভিচ। বক্সের বাইরে সেট পিস পেল ইউনাইটেড। ডি মারিয়ার রংধনু ফ্রি কিকটি খুঁজে পেল ফেলাইনির মাথা। কিন্তু হেডে গোল দিতে পারলেন না ইউনাইটেড মিডফিল্ডার। রিবাউন্ড শটে দ্রুত বল জালে পাঠিয়ে দিলেন জটলায় দাঁড়িয়ে থাকা ফন পার্সি। ম্যাচের অন্তিম মুহূর্তে কোনোমতে হার এড়াল ফন গালের দল। স্টার স্পোর্টস ২।