নাটকীয় জয় চট্টগ্রাম আবাহনীর

দারুণ জয় পেয়েছে আবাহনীছবি: বাফুফে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোলপোস্টের সামনে খানিকক্ষণ চুপচাপ বসে রইলেন ব্রাদার্স ইউনিয়নের গোলরক্ষক তিতুমীর চৌধুরী। কিছুতেই মানতে পারছিলেন না! পুরোটা সময় একের পর এক চট্টগ্রাম আবাহনীর আক্রমণ ঠেকিয়ে গেছেন, ভেবেছিলেন, আর কয়েকটা সেকেন্ডও পার করে দেবেন। কিন্তু শেষ পর্যন্ত আর পারলেন না।

ডান প্রান্ত দিয়ে চট্টগ্রাম আবাহনীর আক্রমণ, রাকিব হোসেনের ক্রসটা অরক্ষিত কাউসার রাব্বি জালে পাঠিয়েই জার্সি খুলে ঊর্ধ্বশ্বাসে দিলেন দৌড়।

৯০ মিনিট পর্যন্ত ১-১ গোলে সমতায় থাকা ব্রাদার্স যোগ হওয়া সময়ে গোল খেয়ে বসল। এমন একটা গোল খেয়ে স্বাভাবিকভাবেই হতাশায় ‘পাথর’ হয়ে গেলেন গোলরক্ষক তিতুমীর।

চিনেদু ম্যাথিউর গোলে এগিয়ে যায় চট্টগ্রামের দল
ছবি: বাফুফে

অবনমন এড়ানোর জন্য প্রতিটি ম্যাচেই লড়াই করে চলেছে ব্রাদার্স। কিন্তু জয় সোনার হরিণ হয়ে উঠেছে তাদের। বঙ্গবন্ধু স্টেডিয়ামে আজ অন্তত ১ পয়েন্ট পেতে যাচ্ছিল গোপীবাগের দলটি। কিন্তু ডিফেন্ডারদের দুর্বলতায় সেটাও হলো না।

চট্টগ্রাম আবাহনীর মতো শক্তিশালী দলের বিপক্ষে রক্ষণ সামলে আক্রমণে ওঠার পরিকল্পনা ছিল ব্রাদার্স কোচ রেজা পারকাসের। সেই পরিকল্পনায় একটা সময় পর্যন্ত সফল হচ্ছিল তারা। প্রথম ১৫ মিনিট আক্রমণের পর আক্রমণেও গোলের দেখা পাচ্ছিল না মারুফুল হকের চট্টগ্রাম আবাহনী।

হেরেই চলেছে ব্রাদার্স
ছবি: বাফুফে

ম্যাচের ১৬ মিনিটে চিনেদু ম্যাথিউর গোলে এগিয়ে যায় চট্টগ্রামের দলটি। নিক্সন গিয়াহামের বাড়িয়ে দেওয়া বল থেকে গোল করেন ম্যাথিউ। ২৩ মিনিটে ইমতিয়াজ জিতুর গোলে ১ পয়েন্ট পাওয়ার স্বপ্ন দেখছিল ব্রাদার্স। ডান প্রান্ত থেকে ব্রাদার্সের মোকাররম হোসেনের ক্রস, মোমোদু বার হেড থেকে জিতু বুক দিয়ে বল রিসিভ করে ঠান্ডা মাথায় গোল দেন।

মোহামেডানকে টপকে গেছে চট্টগ্রাম আবাহনী
ছবি: বাফুফে

ম্যাচের ৪৫ মিনিটে দুটি ভালো আক্রমণ ছিল চট্টগ্রাম আবাহনীর। ম্যাথিউয়ের প্রথম শট গোলরক্ষক তিতুমীর ঠেকান, পরেরবার মিডফিল্ডার শফিকুল ইসলাম ক্লিয়ার করেন। সময় যতই গড়িয়েছে, ততই গোলের জন্য মরিয়া হয়ে পড়েছে চট্টগ্রাম আবাহনী। ম্যাচের ৮৮ মিনিটে কাউসার রাব্বির ক্রস, কিন্তু রাকিব হোসেন মারলেন বাইরে। এরপর যোগ হওয়া সময়ে গোল করলেন রাব্বি।

এই জয়ে ২১ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে টেবিলের চারে চট্টগ্রাম আবাহনী। আর ২০ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে ব্রাদার্স।