নাটকীয় ড্রয়ের পরও চাপে রিয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেছনে ঝাপসা হয়ে থাকা স্কোরবোর্ড দেখুন। দ্বিতীয়ার্ধের ৪৩ মিনিট ৪৮ সেকেন্ড, রিয়াল তখনো ২-৩ গোলে পিছিয়ে। এবার স্কোরবোর্ডটা ভুলে যান। রোনালদোর এই বুলেট হেডেই বদলে গেছে স্কোরবোর্ডটা। ৩-৩! পরশু সান্তিয়াগো বার্নাব্যুতে l এএফপি
পেছনে ঝাপসা হয়ে থাকা স্কোরবোর্ড দেখুন। দ্বিতীয়ার্ধের ৪৩ মিনিট ৪৮ সেকেন্ড, রিয়াল তখনো ২-৩ গোলে পিছিয়ে। এবার স্কোরবোর্ডটা ভুলে যান। রোনালদোর এই বুলেট হেডেই বদলে গেছে স্কোরবোর্ডটা। ৩-৩! পরশু সান্তিয়াগো বার্নাব্যুতে l এএফপি

গ্যারেথ বেলের পাগলামির পর রিয়াল মাদ্রিদকে বাঁচিয়েছেন, তবে বার্সেলোনার হাতে শিরোপা বিসর্জন দেওয়ার ঝুঁকিটা কি দূর করতে পারলেন ক্রিস্টিয়ানো রোনালদো?
উত্তর—না! দুই গোলে পিছিয়ে থেকেও ৮৬ থেকে ৮৯—চার মিনিটের রোনালদো-ঝলকে লাস পালমাসের সঙ্গে পরশু ৩-৩ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। তবু হারিয়েছে লিগের শীর্ষস্থান। স্পোর্টিং গিজনকে ৬-১ গোলে হারিয়ে ২৩ সপ্তাহ পর পয়েন্ট তালিকায় শীর্ষে উঠেছে বার্সা।
অবশ্য তথ্যটাতে একটু ফাঁকি আছে। বার্সা শীর্ষে আছে ঠিকই। রিয়ালের পয়েন্ট তাদের চেয়ে এক কমও, তবে জিনেদিন জিদানের দল ম্যাচও খেলেছে একটি কম।
কী নাটুকে রাতই গেল স্প্যানিশ লিগে! বার্সা গোলবন্যা বইয়ে ম্যাচ জেতার কিছুক্ষণ পরই কোচ এনরিকে ঘোষণা দেন, মৌসুম শেষে বার্সা ছাড়ছেন। আর রিয়াল-লাস পালমাস ম্যাচটা তো যেন ফুটবল নয়, ছিল দেড় ঘণ্টার এক পর্বের নাটক।
১০ মিনিটের মধ্যেই দুই দলের প্রথম দফা ‘গোল-বিনিময়’ শেষ, রিয়ালের গোলটি ইসকোর, লাস পালমাসের পেদ্রো ‘তানা’ ডমিঙ্গেজের। আসল নাটক হলো দ্বিতীয়ার্ধে। শুরুতেই যেটির কেন্দ্রে বেল। লাস পালমাসের জোনাথন ভিয়েরাকে ফাউল করে হলুদ কার্ড দেখলেন ওয়েলস উইঙ্গার, তাতেও না থেমে দিলেন ধাক্কা! পরিণতি—কয়েক সেকেন্ডের মধ্যে দ্বিতীয় হলুদ কার্ড!
১০ জনের রিয়াল আরও বড় ধাক্কা খায় ৫৬ থেকে ৫৯—এই তিন মিনিটে। পেনাল্টি থেকে ভিয়েরার গোলের পর লাস পালমাসকে ৩-১-এ এগিয়ে দেন কেভিন প্রিন্স বোয়াটেং! সেখান থেকেও রিয়াল যে উদ্ধার পায়, সেটি রোনালদোর কৃতিত্ব। ৮৬ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান কমানোর তিন মিনিট পর দুর্দান্ত হেডে রিয়ালকে সমতায় ফেরান পর্তুগিজ ফরোয়ার্ড।
লড়াই করে ড্র ঠিকই, তবে দুটি পয়েন্ট তো হারিয়েছে রিয়াল। যদি সাময়িকও হয়, তারপরও হারিয়েছে শীর্ষস্থানও। পরশুই যে ‘প্র্যাকটিস মুডে’ খেলে ৬-১ গোলে জেতে বার্সা! মেসি ‘অলস হেডে’ গোল করেছেন, সুয়ারেজ করেছেন দুর্দান্ত ভলিতে, আর অসাধারণ ফ্রিকিকে গোল নেইমারের। গোল করেছেন ইভান রাকিটিচ ও পাকো আলকাসারও। অন্য গোলটি আত্মঘাতী। ম্যাচে বার্সা চাপে ছিল শুধু ২১ থেকে ২৭—এই ছয় মিনিটই। ২১ মিনিটে গিজনের কাস্ত্রোর গোলে ব্যবধান ২-১ হয়, তবে ২৭ মিনিটে সুয়ারেজের গোল চাপটাপ সব উড়িয়ে নিয়ে যায়।
তবে বার্সা এগিয়ে গেলেও এখনই প্রমাদ গুনছেন না রিয়াল কোচ জিদান, ‘ড্রয়ে খুশি নই। তবে এখনই হা-হুতাশ করলে তো চলবে না। বিশ্লেষণ করে দেখতে হবে কী বদলাতে পারি আমরা। তেমন কিছু পেলে বদলাবও।’ ইএসপিএন, বিবিসি।