নাটকীয় ম্যাচে মিলানের হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় গোলের ম্যাচ, লাল কার্ড দেখল মিলানের দুই খেলোয়াড়, স্বাগতিক নাপোলির কোচও হলেন বহিষ্কৃত। নাটকের কোনো কমতি ছিল পরশু নাপোলি-মিলান ম্যাচে? শেষ পর্যন্ত বিমর্ষ মুখেই নেপলস থেকে ফিরতে হলো মিলানকে, হেরেছে তারা ৪-২ গোলে।
হিগুয়েইনের অভাব পূরণ করতে আসা আরকাদিউজ মিলিক অভিষেকের প্রথমার্ধেই জোড়া গোল করে এগিয়ে দেন নাপোলিকে। কিন্তু দ্বিতীয়ার্ধের ৫১ ও ৫৫ মিনিটে গোল করে মিলানকে সমতায় ফেরান এমবায়ে নিয়াং ও সুসো। এরপরই শুরু নাটক। ৭৪ মিনিটে হোসে কায়েহনের গোলে এগিয়ে যায় নাপোলি, পরের মিনিটেই ১০ জনের দল হয়ে পড়ে মিলান। প্রথমে প্রতিপক্ষকে ফাউল, পরে রেফারিকে গালি দিয়ে মিনিটের মধ্যেই জোড়া হলুদ কার্ড দেখেন ইউরাই কুৎস্কা। ১২ মিনিট পর দ্বিতীয় হলুদ কার্ড দেখে করে দিয়ে মাঠ ছাড়েন নিয়াংও। যোগ করা সময়ে অ্যালেসিও রোমানিওলির আত্মঘাতী গোলের সৌজন্যে ৪-২ গোলে জেতে নাপোলি। রয়টার্স।
অন্য ম্যাচে স্যামি খেদিরার গোলে লাৎসিওকে ১-০ ব্যবধানে হারিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন জুভেন্টাস।