সুইডেন–ইউক্রেন ম্যাচ। দুই দলের নাম দেখে যদি খেলা না দেখে থাকেন তাহলে আপনি ঠকেছেন। গ্লাসগোর দ্বিতীয় রাউন্ডের শেষ ম্যাচটি যে জমজমাট ফুটবল লড়াই উপহার দিয়েছে। আক্রমণ–পাল্টা আক্রমণ, গোল–পাল্টা গোল, কখনো গোলরক্ষক, কখনো পোস্টের বাধা হওয়া, লাল কার্ড, অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচের অতিরিক্ত সময় শেষে যোগ করা সময়ে গোলে জয়—রোমাঞ্চকর ফুটবল বলতে যা বোঝায় সেটিই দেখেছেন হ্যাম্পডেন পার্কের দর্শক।
নকআউট পর্বের ম্যাচ। এক দলকে জিততেই হবে, বিদায় নিতে হবে আরেক দলকে। সেই ম্যাচ ২–১ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে ইউক্রেন। ৩ জুলাই রোমে শেষ আটে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে আন্দ্রিই শেভচেঙ্কোর দল।
নির্ধারিত ৯০ মিনিটে ১–১ গোলে সমতায় ছিল ম্যাচ। অতিরিক্ত সময়ের শেষ ২২ মিনিটে ১০ জন নিয়ে খেলা সুইডেন ম্যাচটিতে টাইব্রেকারে নিয়েই গিয়েছিল। কিন্তু ১২০ মিনিটেরও পরে যোগ করা সময়ে সুইডিশদের সর্বনাশ। ইউক্রেনের বদলি খেলোয়াড় আর্তেম দোভবিক জিনচেঙ্কোর দারুণ এক ক্রসে দুই সুইডিশ ডিফেন্ডারের মাঝ দিয়ে বেরিয়ে হেড গোল করে দলকে শেষ আটে নিয়ে যান।
ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোর পর আট মিনিটে ইউক্রেন ফরোয়ার্ড আর্তেম বেসেদিনকে মারাত্মক এক ফাউল করে লাল কার্ড দেখেন সুইডেনের ডিফেন্ডার মার্কাস দানিয়েলসন। প্রথমে হলুদ কার্ড দেখালেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআরের সাহায্য নিয়ে সিদ্ধান্ত পাল্টান রেফারি।
১০ জন নিয়ে খেলেও ম্যাচটাকে টাইব্রেকারে প্রায় নিয়েই গিয়েছিল সুইডেন। কিন্তু হলো না। জিনচেঙ্কোর অসাধারণ ক্রস আর দোভবিকের হেড টাইব্রেক নামের লটারি হতে দিল না।
ম্যাচের প্রথম দুটিই গোলই হয়েছে প্রথমার্ধে। ২৭ মিনিটে প্রথম গোলটি করে ইউক্রেন। ইউক্রেন অধিনায়ক আন্দ্রি ইয়ারমোলেঙ্কো ডান পাশ থেকে দেওয়া দারুণ এক ক্রস পেনাল্টি বক্সের বাঁ প্রান্তে পেয়ে যায় ওলেক্সান্দর জিনচেঙ্কোকে। ম্যানচেস্টার সিটির মিডফিল্ডারের বাঁ পায়ের প্রচণ্ড গতির হাফ ভলিতে সুইডিশ গোলরক্ষক হাত লাগিয়েও গোল বাঁচাতে পারেননি।
৪৩ মিনিটে সমতা ফেরায় সুইডেন। এমিল ফোর্সবার্গ আচমকাই পেয়ে যান টুর্নামেন্টে নিজের চতুর্থ গোলে। সুইডিশ উইঙ্গার বলটা পেয়েছিলেন ইউক্রেনের বক্সের একটু নিচে। ২৫ গজ দূর থেকে শট নেন ফোর্সবার্গ। ইউক্রেনিয়ান ডিফেন্ডার ইলিয়া জাবারনির পায়ে লেগে গতিপথ পাল্টে ঢুকে যায় জালে।
ম্যাচের প্রথম গোলটি হতে পারত ১১ মিনিটেই। সুইডিশ গোলরক্ষক রবিন ওলসেন হতে দেননি তা। ইয়ারমোলেঙ্কো ও রোমান ইয়ারেমচুক ওয়ান–টু খেলে বক্সের মধ্যে জায়গা বানিয়ে ফেলেন। ইয়ারেমচুকের জোরালো শট দারুণ ক্ষীপ্রতায় রুখে দেন ওলসেন।
দ্বিতীয়ার্ধে এক মিনিটের মধ্যেই দুবার পোস্টে লাগে বল। ৫৫ মিনিটে ইয়ারমোলেঙ্কোর কাছ থেকে বল পেয়ে গোলে শট নেন সেরহি সিদোরচুক। ওলসেন পরাস্ত হলেও পোস্টে লাগে। পাল্টা আক্রমণে ফোর্সবার্গ দ্বিতীয় গোলটি প্রায় পেয়েই গিয়েছিলেন। ইউক্রেনর দু–তিনজন ডিফেন্ডারকে কাটিয়ে আলেক্সান্দার ইসাক ফোর্সবার্গকে পাস দেন। ফোর্সবার্গ একটু ভেতরে ঢুকে গোলে শট নেন। ডান পাশের পোস্টের নিচের অংশে লেগে বাইরে যায় বল।
মিনিট দশেক পরে ইউক্রেনের ত্রাতা হন গোলরক্ষক গিওর্গি বুশচান। দেয়ান কুলুসেভস্কির শট ঝাপিয়ে পড়ে বাঁচিয়ে দেন বুশচান। ঠিক পর মুহূর্তেই পাল্টা আক্রমণে বল সুইডিশ পেনাল্টি বক্সে। এবার ইয়ারমোলেঙ্কোকে গোল করতে দেননি ওলসেন। ৬৯ মিনিটে আরেকবার গোল প্রায় করে ফেলেছিলেন ফোর্সবার্গ। এবার বাধা হয়ে দাঁড়ায় বার।
সুইডেনের ভাগ্যটাও সম্ভবত লেখা হয়ে যায় তখন। গোলটা হয়ে গেলে যে অতিরিক্ত সময়েই যায় না ম্যাচ।