নাটকের পর সেমিতে যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ ২০ মিনিটের ঝড়টা শেষ পর্যন্ত ভালোমতোই সামাল দিল যুক্তরাষ্ট্রের রক্ষণ। ইকুয়েডরের সঙ্গে ২-১ গোলের জয়ে নিজেদের ইতিহাসে তাই দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার সেমিফাইনালে স্বাগতিক যুক্তরাষ্ট্র। আগামীকাল নিজেদের ম্যাচটা জিতলে শেষ চারে আর্জেন্টিনা পড়বে স্বাগতিকদের সামনেই।
ম্যাচটা যেমন রোমাঞ্চকর ছিল, তেমনি উত্তাপও কম ছড়ায়নি। দুই দলের মধ্যেই কয়েকবার ঠোকাঠুকিও হয়েছে। দুই দলেরই একজন করে লাল কার্ড দেখেছেন। ইকুয়েডর কোচকে তো বহিষ্কৃতই হতে হয়েছে।
তবে দুর্ভাগ্য ইকুয়েডরের। তারাই ছিল সেরা দল। বিশেষ করে, ম্যাচের শেষ ২৫ মিনিট তো একের পর এক আক্রমণ করেছে। এনার ভ্যালেন্সিয়াই অন্তত দুবার হেড থেকে গোল করতে পারতেন। আর তাই ইকুয়েডর কোচের মাথায় বারবার উঠেছে হতাশার হাত। পারলে মাথার সব চুলই যেন তিনি ছিঁড়ে ফেলতেন!
হতাশ হওয়ারই কথা। ২-০ গোলে পিছিয়ে পড়া ম্যাচে ৭৪ মিনিটে গোল করে ইকুয়েডরকে দারুণভাবে ফিরিয়ে এনেছিলেন আরোয়া (২-১)। ২২ মিনিটে ক্লিন্ট ডেম্পসি আর ৬৫ মিনিটে জিয়াসি জারডেসের গোলে এগিয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্র।
তার আগে ম্যাচটি মহানাটকের সাক্ষী হয়েছে ৫২ মিনিটে। আন্তোনিও ভ্যালেন্সিয়া দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছেড়েছেন। ইকুয়েডরের খেলোয়াড়েরা প্রতিবাদে ঘিরে ধরেন রেফারিকে। ছুটে আসেন যুক্তরাষ্ট্রের খেলোয়াড়েরাও। ওই জটলার মধ্যেই জার্মেইন জোন্স কিছু একটা বলে সরাসরি লাল কার্ড দেখেন। যুক্তরাষ্ট্রের কোচ ইয়ুর্গেন ক্লিন্সমান এটি নিয়ে ভীষণ ক্ষুব্ধ, ‘আমি একদম কাছ থেকে দেখেছি। সিদ্ধান্তটা চতুর্থ রেফারির, রেফারি ঘটনাটা দেখেইনি। আর দুর্ভাগ্যজনকভাবে আমরা জোন্সকে হারিয়ে ফেললাম। এটা তামাশা ছাড়া আর কী!’ তবে ডেম্পসির এ নিয়ে মাথাব্যথা নেই, সেমিফাইনালে ওঠার আনন্দেই বুঁদ যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার, ‘ছেলেবেলা থেকেই এ রকম কিছুর স্বপ্ন দেখে আসছি। বড় প্রতিযোগিতায় খুব বেশি দূর যাওয়ার সুযোগ আমাদের আসে না। এখন আমরা ফাইনালে যাওয়ার সব চেষ্টাই করব।’ এএফপি, রয়টার্স।