নাটকের মাত্র শুরু
হোসে মরিনহো লোকটা এমনই অদ্ভুত! এদিকে গুডিসন পার্কে এভারটনকে গোলবন্যায় ভাসিয়ে দেওয়ার পর চেলসি সমর্থকেরা উৎসবে মেতেছেন, আর ম্যাচ-পরবর্তী প্রতিক্রিয়ায় মরিনহো কিনা বলছেন, ‘এই ম্যাচ দেখে সবাই এত মজা পেয়েছে, আমি কিন্তু পাইনি।’ কারণ? এভারটনকে তাঁর দল ছয় গোল দিয়েছে সত্যি, কিন্তু তিনটা তো খেয়েছেও।
যৌক্তিক কারণ। কিন্তু যে দিনে ফন গালের ম্যানচেস্টার ইউনাইটেড রুনি-ডি মারিয়া-ফন পার্সি-মাতাকে নিয়েও বার্নলির জাল খুঁজে পায় না, যে দিনে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি নিজের মাঠে হেরে যায় স্টোক সিটির কাছে, সেই দিনেই প্রতিপক্ষের জালে আধা ডজন গোল দিয়ে চেলসির জয়। তিন ম্যাচ পরে প্রিমিয়ার লিগের শীর্ষস্থান। তার পরও কেউ যদি খুশি না থাকেন, সেটা তো কিছুটা অদ্ভুত মনে হবেই! অথবা এটাও কৌশল। কী দরকার বেশি খুশি হওয়ার কথা বলে বাড়তি প্রত্যাশার চাপ নেওয়া!
যেটাই হোক, ভেতরে ভেতরে যে মরিনহোই এই মুহূর্তে প্রিমিয়ার লিগের কোচদের মধ্যে সবচেয়ে সুখী মানুষ, তাতে মনে হয় না খুব একটা সন্দেহ আছে। তিন ম্যাচে তিনটা জয়। তিনটা করে ম্যাচ খেলে ইউনাইটেড যেখানে জয়ের চেহারাই দেখেনি। নিউক্যাসল আর লিভারপুলকে হারিয়ে দুর্দান্ত শুরুর পর সিটিও মুখ থুবড়ে পড়েছে। আর্সেনাল পয়েন্ট হারিয়েছে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচেই, এভারটন ও লিস্টারের বিপক্ষে। কাল টটেনহামকে ৩–০ গোলে হারালেও আগের ম্যাচেই সিটির বিপক্ষে হারের স্বাদ পেয়েছে লিভারপুল। বড় পাঁচটা ক্লাবের মধ্যে তাই একমাত্র চেলসিরই এখন পর্যন্ত শতভাগ জয়ের রেকর্ড। হ্যাঁ, তিন ম্যাচে তিন জয় সোয়ানসি সিটিরও। তবে এটিকে খুব গুরুত্ব দেওয়ার কারণ নেই। লম্বা লড়াইয়ে যে সোয়ানসি থাকবে না এটা মরিনহো জানেন, জানেন এমনকি সোয়ানসি কোচও। চেলসির এক শ ভাগ সাফল্যের রেকর্ডও হুমড়ি খেয়ে পড়তে কতক্ষণ!
প্রিমিয়ার লিগের বিশেষত্বও আসলে এটাই। এখানে একটি-দুটি দলের একতরফা দাপট চলে না। শিরোপার দাবিদার বেশ কটি দল। তারাও আবার নিরাপদ নয় ছোট দলগুলোর বিপক্ষে। এবার নিচের বিভাগ থেকে উঠে আসা বার্নলির সঙ্গে পরশু ইউনাইটেডের ড্র কিংবা নিজের মাঠে স্টোক সিটির কাছে চ্যাম্পিয়ন সিটির হারে আরও একবার সেটিরই প্রমাণ। এখানে আসার আগে কোচরাও যেন এই প্রবল প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিয়েই আসেন। ইতিহাদে স্টোক সিটির কাছে হারের পরও তাই সিটি কোচ ম্যানুয়েল পেলিগ্রিনি যেমন বলেছেন, তিনি খুব একটা বিস্মিত নন ম্যাচের ফলে। বরং প্রশংসা করেছেন প্রতিপক্ষের, ‘আজ দুটি ব্যাপার ঘটেছে। এক, আমরা খুব একটা সৃষ্টিশীল ছিলাম না। দুই, স্টোক খুব ভালো খেলেছে।’
ইংলিশ ফুটবলের সফলতম ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সপ্তম স্থানে শেষ করার মতো অবিশ্বাস্য ঘটনা দেখেছে গত প্রিমিয়ার লিগ। একদিক থেকে এবার সেটিকেও ছাড়িয়ে গেছে তারা। প্রথম তিন ম্যাচে কোনো জয় নেই, দুটি ড্র ও একটি পরাজয়—২০০৭ সালের পর এটাই সবচেয়ে বাজে শুরু ইউনাইটেডের। ফার্গুসন-পরবর্তী সময়টা কঠিন হবে জানা ছিল সবারই, তবে এতটা কঠিন কেউ ভেবেছিলেন কি না সন্দেহ। নতুন কোচ লুই ফন গাল অসম্ভব চাপে আছেন। তাঁরও ডেভিড ময়েসের ভাগ্য বরণ করতে হয় কি না, এ নিয়ে গুঞ্জন শুরু হতেও বোধ হয় বেশি দিন বাকি নেই। ডাচ কোচ কিছুদিন ধরে নিয়মিত যা বলছেন, সেটিই বলেছেন আবারও, ‘এই মুহূর্তে আমরা বিশ্বমানের নই। কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে এবং বিশ্বাস রাখতে হবে যে আমাদের দল সে রকম হবে। দেখা যাক, মাস খানেকের মধ্যে দলটা কোথায় গিয়ে দাঁড়ায়।’
মাস খানেক পর কী হয়, তা দেখতে আসলেই কৌতূহলভরে তাকিয়ে আছে ফুটবল বিশ্ব। এএফপি, স্কাই স্পোর্টস।
প্রিমিয়ার লিগ পয়েন্ট তালিকা
ম্যাচ জয় ড্র হার গোল পয়েন্ট
১ চেলসি ৩ ৩ ০ ০ ১১/৪ ৯
২ সোয়ানসি ৩ ৩ ০ ০ ৬/১ ৯
৩ অ্যাস্টন ভিলা ৩ ২ ১ ০ ৩/১ ৭
৪ ম্যান সিটি ৩ ২ ০ ১ ৫/২ ৬
৫ লিভারপুল ৩ ২ ০ ১ ৬/৪ ৬