নানির জন্য ডি মারিয়ার গোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোলের পর ডাগআউটে ছুটে গেলেন নানিকে উৎসর্গ করে লেখা টি-শার্ট নিতে। সেটি উঁচিয়ে ধরেই এক দিন আগে মারা যাওয়া নানিকে স্মরণ করলেন ডি মারিয়া। (ইনসেটে) জীবিত থাকার সময়ে নানির সঙ্গে আর্জেন্টাইন উইঙ্গার। ম্যাচের পর নানির কথা বলতে গিয়ে ভেঙে পড়লেন কান্নায় l মেইল অনলাইন
গোলের পর ডাগআউটে ছুটে গেলেন নানিকে উৎসর্গ করে লেখা টি-শার্ট নিতে। সেটি উঁচিয়ে ধরেই এক দিন আগে মারা যাওয়া নানিকে স্মরণ করলেন ডি মারিয়া। (ইনসেটে) জীবিত থাকার সময়ে নানির সঙ্গে আর্জেন্টাইন উইঙ্গার। ম্যাচের পর নানির কথা বলতে গিয়ে ভেঙে পড়লেন কান্নায় l মেইল অনলাইন

গোল করেই ছুটে গেলেন ডাগআউটের দিকে। একজনের কাছ থেকে সাদা একটি টি-শার্ট নিয়ে উঁচিয়ে ধরলেন। সেখানে স্প্যানিশ ভাষায় লেখা কথাটা বাংলা অনুবাদ করলে দাঁড়ায়, ‘নানি, এই গোলটা তোমার জন্য।’ চিলির সঙ্গে ২-১ গোলে জয়ের পর সাক্ষাৎকার দিতে গিয়ে আবেগটা আর ধরে রাখতে পারলেন না অ্যাঙ্গেল ডি মারিয়া। কান্নাভেজা চোখ আর বাষ্পরুদ্ধ কণ্ঠ জানিয়ে দিচ্ছিল, প্রিয় মানুষ হারানোর শোকে কতটা বিহ্বল আর্জেন্টাইন উইঙ্গার।
খবরটা পেয়েছিলেন ম্যাচের আগের দিন রাতে। ছোটবেলা থেকে যাঁর কোলেপিঠে মানুষ হয়েছেন, সেই প্রাণপ্রিয় নানি আর নেই। ডি মারিয়ার জন্য শোকটা সহ্য করা কঠিনই ছিল। কিন্তু মা তাঁকে মনে করিয়ে দিলেন, নানির জন্য হলেও তাঁকে মাঠে নামতে হবে। ম্যাচ শেষে ডি মারিয়াও কাঁপা কাঁপা গলায় সেটিই বললেন, ‘জাতীয় দলে খেলার জন্য নানি সব সময় আমাকে নিয়ে গর্ব করতেন। তাঁর জন্যই আমি আজ মাঠে নেমেছি।’ অথচ ডি মারিয়ার এই ব্যক্তিগত দুঃসংবাদটা কোচ মার্টিনো জানতেনই না। আর্জেন্টিনা কোচের অবাক প্রতিক্রিয়া, ‘আমি তো মাত্র পাঁচ মিনিট আগে এটা জেনেছি। ও আমাকে কিছুই বলেনি।’
ডি মারিয়া শুধু মাঠেই নামেননি, আর্জেন্টাইন আক্রমণের প্রাণভোমরাও হয়ে ছিলেন। এভার বানেগার পাস থেকে প্রথম গোলটা করেছেন, পরে আবার বানেগাকে দিয়ে করিয়েছেন পরেরটি। গত বছর ফাইনালে এই চিলির কাছেই হেরে গিয়েছিল আর্জেন্টিনা। কোচ জেরার্ডো মার্টিনো যতই প্রতিশোধের কথা উড়িয়ে দিন, আর্জেন্টিনার জন্য কালকের জয়টা তো এক অর্থে তা-ই।
ব্যবধান আরও বড় হতেই পারত। তা হয়নি আর্জেন্টিনার ফরোয়ার্ডদের ব্যর্থতা আর চিলি গোলরক্ষক ক্লদিও ব্রাভোর দৃঢ়তায়। হিগুয়েইন ও লামেলা সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। দুবারই ব্রাভো গোলবঞ্চিত করেছেন আর্জেন্টাইনদের।
নিষ্ফলা প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুটা দুর্দান্ত করে আর্জেন্টিনা। আক্রমণের পর আক্রমণে চিলির অটুট রক্ষণে চিড় ধরায়। আর তা থেকেই বানেগার দুর্দান্ত বাড়িয়ে দেওয়া বল জালে পাঠিয়ে দেন ডি মারিয়া। ম্যাচের ঘড়িতে তখন ৫১ মিনিট।
সাত মিনিট পরে বানেগার কাছে ঋণ শোধ করেন ডি মারিয়া। তাঁর বাড়ানো বলে জোরালো শট চিলি ডিফেন্ডারের পায়ে লেগে খানিকটা দিক বদলে চলে যায় জালে। গত বছর ফাইনালে টাইব্রেকারে নেওয়া বানেগার শট ব্রাভো ঠেকিয়ে দেওয়াতেই নিশ্চিত হয়েছিল আর্জেন্টিনার পরাজয়।
সেদিনের আরেক খলনায়ক হিগুয়েইনও প্রায়শ্চিত্ত করতে পারতেন। কিন্তু ৬৬ মিনিটে তাঁর শট দারুণ রিফ্লেক্সে পা দিয়ে ঠেকিয়ে দেন ব্রাভো। পরে বদলি হিসেবে নামা লামেলাকেও ম্যাচের শেষ দিকে গোলবঞ্চিত করেছেন। ওই শেষ মুহূর্তেই ফ্রি কিক থেকে গোল খেয়ে গেছে আর্জেন্টিনা। এএফপি, গোলডটকম।