নাপোলির 'বিশ্বাসঘাতক' হিগুয়েইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্সি, পোস্টার, স্কার্ফ ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে রাস্তায়। কিছু কিছু পোড়ানোও হয়েছে। নেপলসের রাস্তার এই তাণ্ডবে খেয়াল করলে একজনের ছবিই দেখা যাবে। চোখে পড়তে পারে টানিয়ে রাখা ব্যানারও। সেখানে লেখা ইতালিয়ান শব্দটার বাংলা অনুবাদ, ‘বিশ্বাসঘাতক’। কিন্তু মাস খানেক আগেও যে গঞ্জালো হিগুয়েইন নাপোলি সমর্থকদের চোখের মণি ছিলেন, তিনিই এখন এমন চক্ষুশূল হয়ে উঠলেন কীভাবে?
এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে সবকিছু ঠিকঠাক থাকলে খুব তাড়াতাড়িই নাপোলির গঞ্জালো হিগুয়েইন হয়ে যাচ্ছেন জুভেন্টাসের। এর মধ্যে স্বাস্থ্যপরীক্ষাও হয়ে গেছে বলে জানাচ্ছে ইতালিয়ান প্রচারমাধ্যম। দলবদলের ফি-টা রীতিমতো অবিশ্বাস্য, ৯ কোটি ৪০ লাখ ইউরো! শুধু গ্যারেথ বেলের দলবদলের ফি-টাই এর চেয়ে বেশি ছিল। প্রতিপক্ষ সোনার ডিম পাড়া হাঁসকে এভাবে নিয়ে যাবে—নাপোলি সমর্থকেরা এটাই মেনে নিতে পারছেন না। নেপলসের রাস্তা থেকে শুরু করে ফেসবুক-টুইটারে হিগুয়েইন জ্বালিয়ে দিয়েছেন ক্ষোভের দাবানল।
নাপোলি বললেই যার নামটা সবার আগে আসে সেই কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার অবশ্য হিগুয়েইনের ওপর এত রাগ নেই। তাঁর অনুভূতিটা বরং অভিমানজাতই বলা উচিত। কিছুটা মন খারাপ করেই বলেছেন, ‘হিগুয়েইনের ব্যাপারটা আমাকে আহত করছে, কারণ ও প্রতিদ্বন্দ্বী একটা ক্লাবে যাচ্ছে। কিন্তু সে জন্য ওকে আমরা দোষ দিতে পারি না।’ দলবদলের এমন সিদ্ধান্তে হিগুয়েইনকে দোষ দিতে পারছেন না ম্যারাডোনা, তাঁর চোখে ফুটবলে অর্থের ঝনঝনানিই যত নষ্টের মূল, ‘একজন খেলোয়াড়ের দায়িত্ব তার নিজের। পেটমোটা ব্যবসায়ীদের কলকাঠিতেই এসব হয়। সমর্থকদের কথা ভাবে না।’ ফিফার ওপরও দায় চাপাচ্ছেন আর্জেন্টাইন কিংবদন্তি, ‘আমি এখন বলতে বলতে ক্লান্ত, এ সময় ভালো প্রেসিডেন্ট হওয়ার চেয়ে ভালো ব্যবসায়ী হওয়াটাই বেশি গুরুত্বপূর্ণ। আমাদের সময়ে এসব কিছু ছিল না। আর সব দেখেশুনেও ফিফা নাক ডেকে ঘুমাচ্ছে, এটাই সবচেয়ে খারাপ ব্যাপার।’ গোলডটকম, মার্কা।