নাপোলি-বেনফিকার কঠিন পরীক্ষা
শেষ পর্যন্ত যে এই গ্রুপটাই এত নাটকীয় হয়ে উঠবে, তা কে জানত! নাপোলি, বেনফিকা, বেসিকতাস আর ডায়নামো কিয়েভকে নিয়ে গড়া চ্যাম্পিয়নস লিগের ‘বি’ গ্রুপ। ওই অর্থে কেউই ইউরোপের ক্লাব ফুটবলে এই সময়ের পরাশক্তি নয়। কিন্তু এই সাদামাটা গ্রুপ থেকে ষোলোতে ওঠার কী জমজমাট লড়াই! পরাশক্তি ক্লাবগুলোকে নিয়ে গড়া অন্য অনেক গ্রুপেই যেখানে নকআউট পর্বের ভাগ্য নির্ধারিত হয়ে গেছে, ‘বি’ গ্রুপে সেই লড়াইটা টিকে আছে শেষ রাউন্ড পর্যন্ত। কিয়েভ ছাড়া গ্রুপের বাকি তিনটি দলেরই সুযোগ আছে শেষ ষোলোতে খেলার।
পাঁচটি করে ম্যাচ শেষে নাপোলি ও বেনফিকা দুই দলেরই পয়েন্ট ৮। তবে গোল ব্যবধানে এগিয়ে নাপোলি। এই দুই দলের চেয়ে মাত্র ১ পয়েন্ট পিছিয়ে বেসিকতাস। কিন্তু শেষ ম্যাচে আজ বেসিকতাসের প্রতিপক্ষ ২ পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে থাকা কিয়েভ। অন্যদিকে লিসবনে মুখোমুখি হবে নাপোলি-বেনফিকা। এক হিসাবে এটাই আজ রাতে চ্যাম্পিয়নস লিগের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ।
সেই তুলনায় আজ রাতের অন্য ম্যাচগুলো প্রায় গুরুত্বহীন। ‘এ’ গ্রুপে পিএসজি-আর্সেনাল ম্যাচটারই যা একটু হিসাব-নিকাশ আছে। ৫ ম্যাচ শেষে দুই দলেরই পয়েন্ট ১১ করে। প্যারিসে আজ যারা জিতবে, তারাই গ্রুপ চ্যাম্পিয়ন হবে।
‘সি’ গ্রুপ থেকেও শেষ ষোলো নিশ্চিত করে রেখেছে বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটি। ৫টি করে ম্যাচের পর বার্সার পয়েন্ট ১২, সিটির ৮। ৫ পয়েন্ট নিয়ে তিনে ম’গ্লাডবাখ, ২ পয়েন্ট সেল্টিকের। বার্সা গ্রুপ চ্যাম্পিয়ন হচ্ছে, সিটি রানার্সআপ, এটাও তাই নিশ্চিত। আজ সেল্টিকের কাছে সিটি হেরে গেলে এবং অন্য ম্যাচে বার্সেলোনার বিপক্ষে গ্লাডবাখ জিতলেও শীর্ষ দুটি স্থানে কোনো পরিবর্তন হবে না। গ্লাডবাখের সঙ্গে মুখোমুখি লড়াই, গোল ব্যবধান এবং প্রতিপক্ষের মাঠে গোল—সবকিছুতেই এগিয়ে সিটি।
একই হিসাব ‘ডি’ গ্রুপেও। অ্যাটলেটিকো মাদ্রিদ গ্রুপ চ্যাম্পিয়ন হচ্ছে, বায়ার্ন মিউনিখ রানার্সআপ—এটাও নিশ্চিত হয়ে আছে। আলিয়াঞ্জ অ্যারেনায় আজ বায়ার্ন-অ্যাটলেটিকো ম্যাচটা স্রেফ মর্যাদার লড়াই ছাড়া আর কিছুই নয়। এএফপি, উয়েফাডটকম।
আজমুখোমুখি
পিএসভি-রোস্তভ
বায়ার্ন-অ্যাটলেটিকো
ম্যান সিটি-সেল্টিক
বার্সেলোনা-ম’গ্লাডবাখ
বেনফিকা-নাপোলি
কিয়েভ-বেসিকতাস
বাসেল-আর্সেনাল
পিএসজি-লুদোগোরেৎস
* সব ম্যাচ রাত পৌনে ২টায় শুরু
** প্রথমে স্বাগতিক দল