নাপোলিকে নিয়ে ম্যারাডোনার উচ্ছ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহরটা ইতালির, ক্লাবটা নেপলসের। কিন্তু সেসব শুধু মানচিত্রে। আসলে তো নেপলস ডিয়েগো ম্যারাডোনার শহর, নাপোলিও ম্যারাডোনারই ক্লাব। হ্যাঁ, এখনো দক্ষিণ ইতালির এ ক্লাবটির সবচেয়ে বড় পরিচয় এটাই। ফুটবল ইতিহাসে আর কোনো খেলোয়াড় এমন প্রবলভাবে একটা ক্লাবের সমার্থক হতে পেরেছেন কি না, সেটি গবেষণার বিষয় হতে পারে। সেই ম্যারাডোনা তো নাপোলির যেকোনো অর্জনে উচ্ছ্বাসে ভাসবেনই। সিরি ‘আ’তে প্রিয় ক্লাবটিকে শীর্ষস্থানে দেখে আর্জেন্টাইন কিংবদন্তির সেই উচ্ছ্বাস যেন বাঁধ মানছে না!
নাপোলির হয়ে কী করেছিলেন ম্যারাডোনা, সেটি আজ প্রায় ২৫ বছর পর শুধু পরিসংখ্যান আর শিরোপাসংখ্যা দিয়ে বোঝানো যাবে না। উত্তর ইতালির দলগুলোর একক আধিপত্য ভেঙে দক্ষিণের দল হিসেবে ৬০ বছর পর সিরি ‘আ’ জিতিয়েছিলেন নাপোলিকে! একবার নয়, দু-দুবার! ক্লাবটির ৮৯ বছরের ইতিহাসে লিগ শিরোপা এই দুটিই। সঙ্গে কোপা ইতালিয়া, সুপার কোপা ইতালিয়া, উয়েফা কাপ! ১৯৮৪ থেকে ১৯৯১—ম্যারাডোনার এ সাতটি বছর নাপোলির জন্য ছিল রূপকথার মতো। ম্যারাডোনা ছিলেন সেই রূপকথার রাজা।
সেই নাপোলি পরশু ফ্রোজিননেকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে সিরি ‘আ’র শীর্ষে উঠে এসেছে। পাঁচ গোলের দুটি করেছেন ম্যারাডোনারই স্বদেশি স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েইন। লিগে ১৯ ম্যাচে এ নিয়ে ১৮ গোল হলো হিগুয়েইনের।
সর্বশেষ যেবার মৌসুমের অর্ধেক পেরিয়ে যাওয়ার পর নাপোলি লিগের শীর্ষে ছিল, সেটিও কিন্তু ম্যারাডোনার সময়ে, ১৯৮৯-৯০ মৌসুমে। ইতালিতে মৌসুমের অর্ধেক ম্যাচ পর যারা শীর্ষে থাকে তাদের বলে ‘উইন্টার চ্যাম্পিয়ন’। প্রায় ২৬ বছর পর নাপোলিকে ‘উইন্টার চ্যাম্পিয়ন’ হিসেবে দেখে তাই ম্যারাডোনাও দারুণ আনন্দিত, ‘নাপোলির ফল শুনে খুবই খুশি লাগছে। অনেক বছর ধরে আমরা এমন একটা কিছুর জন্য অপেক্ষা করছি।’
১৯৮৯-৯০ মৌসুমে উইন্টার চ্যাম্পিয়ন থাকার পর লিগ শিরোপাও জিতেছিল নাপোলি। এবারও মৌসুম শেষে নাপোলিকে শীর্ষেই দেখতে চান ম্যারাডোনা, ‘নেপলস শহরবাসী ও নাপোলির সমর্থকেরা এ সময়টা উপভোগ করছেন, এটা ভেবে আমি আরও আনন্দিত। এগিয়ে যাও নাপোলি। এখন আমাদের চাওয়া লিগ শিরোপা।’
শুধু নিজেদের জয়টাই নয়, নাপোলির শীর্ষে ওঠার পেছনে ভূমিকা আছে ফিওরেন্টিনা ও ইন্টার মিলানের হারেরও। আগের দিন ফিওরেন্টিনা ৩-১ গোলে হেরেছে লাৎসিওর কাছে, পরশু ইন্টারকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে সাসসুয়োলো। ১৯ ম্যাচ পর নাপোলির পয়েন্ট ৪১, সমান ম্যাচ খেলে ৩৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে ইন্টার, ৩৮ পয়েন্ট নিয়ে চারে ফিওরেন্টিনা। নাপোলির জয়ের রাতে সাম্পদোরিয়াকে ২-১ গোলে হারিয়ে দুই নম্বরে উঠে এসেছে জুভেন্টাস। পয়েন্ট ৩৯ হলেও ইন্টারের চেয়ে গোল ব্যবধানে এগিয়ে ‘জুভ’রা। এএফপি।মালদ্বীপ ৩: ২ কম্বোডিয়া