নাপোলিতে ফিরবেন ম্যারাডোনা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

নেপলস তাঁর নিজের শহর নয়। ইতালির এ শহরটি তবু ডিয়েগো ম্যারাডোনার কাছে নিজের শহরের চেয়েও বেশি। কারণ এ শহরের ক্লাব নাপোলি যে ম্যারাডোনার হৃদয়ে! সেই নাপোলিতে ম্যারাডোনা যাবেন, আর তাঁকে ঘিরে উন্মাদনা তৈরি হবে না, তা কি হয় নাকি! নাপোলির প্রথম সিরি ‘আ’ জয়ের ৩০ বছর পূর্তি অনুষ্ঠানে গিয়ে ম্যারাডোনাও আপ্লুত। কখনো সুযোগ পেলে যে আবার এই ক্লাবের কোচ হয়ে ফিরতে চান, সেটিও বলেছেন।

আশির দশকে নিতান্তই সাদামাটা ক্লাব নাপোলি ম্যারাডোনার জাদুতে হয়ে উঠেছিল অপ্রতিরোধ্য। ১৯৮৪ থেকে ১৯৯১—এই সাত বছরে দুবার নাপোলিকে ইতালির চ্যাম্পিয়ন বানিয়েছেন ম্যারাডোনা, যার প্রথমটি ১৯৮৭ সালে, পরেরটি ১৯৯০ সালে। এরপর আর কখনো লিগ জিততে পারেনি নাপোলি। যাঁর জাদুতে প্রথমবার লিগ জয়, সেই ম্যারাডোনাকে মধ্যমণি করেই পরশু ৩০ বছর পূর্তি উৎসব করল নাপোলি। স্মৃতির শহরে এসে ম্যারাডোনাও যেন ফিরে গেলেন সেই দিনগুলোতে, ‘কেমন লাগছে বলে বোঝাতে পারব না। এখানে এমন অনেকে আছে, যারা আমাকে কখনো খেলতে দেখেনি। তবু তারা আমার সঙ্গে ছবি তোলার জন্য কাঁদছিল। আমি এই ভালোবাসা অনুভব করি। বাবা তার ছেলের মধ্যে এই ভালোবাসা ঢুকিয়ে দিয়ে গেছে, ছেলে দিয়ে গেছে তার ছেলের ভেতরে। এটা জীবনের প্রথম প্রেমিকার মতো।’

ভালোবাসার ক্লাবে আবার কোচ হয়ে ফেরার ইচ্ছেও আছে ম্যারাডোনার। তবে সেই ইচ্ছার সামনে দেখেন কিছু সমস্যাও, ‘তার আগে আমাকে কিছু সমস্যার সমাধান করতে হবে। ইতালিতে আমার কিছু সমস্যা আছে। ওগুলো শেষ হলেই আমি নাপোলির হয়ে কাজ করতে পারব।’ রয়টার্স।