নাপোলির প্রেরণা ম্যারাডোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সান্তিয়াগো বার্নাব্যুতে আজ প্রতিপক্ষ নাপোলি, ক্রিস্টিয়ানো রোনালদোরাও তাই ঘাটতি রাখছেন না প্রস্তুতিতে। কাল মাদ্রিদে l রয়টার্স
সান্তিয়াগো বার্নাব্যুতে আজ প্রতিপক্ষ নাপোলি, ক্রিস্টিয়ানো রোনালদোরাও তাই ঘাটতি রাখছেন না প্রস্তুতিতে। কাল মাদ্রিদে l রয়টার্স

স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার প্রচ্ছদে তাঁর খেলোয়াড়ি জীবনের একটা ছবি। গায়ে জার্সিটা দেখেই বোঝা যায়, তখন তিনি কোন ক্লাবে খেলতেন। নাপোলি। ছবির সঙ্গে বিশাল অক্ষরে শিরোনাম: ‘এমনকি ম্যারাডোনাও আসছেন এবার!’
‘এবার’ মানে আজ, সান্তিয়াগো বার্নাব্যুতে। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচ, যেখানে রিয়াল মাদ্রিদের মুখোমুখি নাপোলি। গ্যালারিতে বসে ম্যাচটা দেখতে এরই মধ্যে মাদ্রিদ পৌঁছে গেছেন নাপোলির ইতিহাসের সেরা খেলোয়াড় ডিয়েগো ম্যারাডোনা। আর ম্যারাডোনা যে ম্যাচ দেখতে গ্যালারিতে থাকেন, সেই ম্যাচ নিয়ে একটা বাড়তি রোমাঞ্চ তো থাকবেই।
রিয়াল মাদ্রিদ সমর্থকেরা এই ম্যাচের জন্য অপেক্ষা করে আছেন আরও একটি কারণে। এর আগে মাত্র দুবার নাপোলির মুখোমুখি হয়েছে রিয়াল মাদ্রিদ। ১৯৮৭-৮৮ সালের তৎকালীন ইউরোপিয়ান কাপের প্রথম রাউন্ডে। প্রথম লেগটা হয়েছিল বার্নাব্যুতে। যে ম্যাচে নাপোলির অধিনায়ক ছিলেন ম্যারাডোনা। কিন্তু এর আগের মৌসুমে বায়ার্নের বিপক্ষে ইউরোপিয়ান কাপের সেমিফাইনালে উগ্র রিয়াল সমর্থকদের অসদাচরণের জন্য নাপোলির বিপক্ষে ওই ম্যাচটা দর্শক নিষিদ্ধ করে রাখা হয়েছিল। ম্যাচটা রিয়াল ২-০ গোলে জিতলেও বার্নাব্যুর গ্যালারিতে বসে সেদিন ম্যারাডোনাকে খেলতে দেখেননি কেউ! ২৯ বছর পর আবার প্রতিপক্ষ সেই নাপোলি, এবার ভরা গ্যালারিতেই খেলা হবে। কিন্তু ম্যারাডোনা যে এখন আর খেলোয়াড় নন, শুধুই দর্শক!
নাপোলির কাছে অবশ্য ম্যারাডোনা শুধুই দর্শক নন, বরং তিনিই সবকিছু। তাঁর গ্যালারিতে থাকাটাই এই ক্লাবের খেলোয়াড়দের কাছে কত ব্যাপার, সেটি বোঝা যাবে নাপোলি গোলরক্ষক পেপে রেইনার কথা শুনলেই, ‘ম্যারাডোনার উপস্থিতি মানেই একটা বাড়তি প্রেরণা। আশা করছি, আমরা তাঁকে নিরাশ করব না।’
এমনিতে সব ধরনের প্রতিযোগিতা মিলে টানা ১৮ ম্যাচ অপরাজিত নাপোলি, নকআউট পর্বে এসেছে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে। রিয়াল এসেছে ‘এফ’ গ্রুপের রানার্সআপ হয়ে। গত মাসে সেভিয়া ও সেল্টা ভিগোর কাছে পরপর দুই ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে আবার দারুণভাবে ঘুরেও দাঁড়িয়েছে। ইতিহাস বলছে, চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে খুবই ভয়ংকর হয়ে ওঠেন রিয়াল উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদো। ২০০৯ থেকে সর্বশেষ চ্যাম্পিয়নস লিগ পর্যন্ত শুধু শেষ ষোলোতেই ১৫ গোল রোনালদোর! ওদিকে প্রথমবারের মতো শেষ ষোলো পেরোতে মরিয়া নাপোলি। ২৯ বছর আগে দুই লেগ মিলিয়েও রিয়ালের কাছে ৩-১ গোলে হেরেছিল তারা। সেটার প্রতিশোধের ব্যাপার আছে। বার্নাব্যুতে আজ দুর্দান্ত এক লড়াইয়ের প্রত্যাশা করাই যায়।
সেই লড়াইয়ে শেষ হাসিটা হাসবে কোন দল? মাদ্রিদে নেমে সবার আগে এই প্রশ্নটারই জবাব দিতে হয়েছে ম্যারাডোনাকে। সর্বকালের অন্যতম সেরা ফুটবলার কী উত্তর দিয়েছেন জানেন, ‘যদি ভাগ্য বলে দিতে পারতাম, তাহলে আমি কখনো ফুটবলার হতাম না!’
অপেক্ষা ছাড়া উপায় কী! মার্কা, রয়টার্স।

ইউরোপীয় প্রতিযোগিতায় ঘরের মাঠে সর্বশেষ ৩৩ ম্যাচের ২৮টিতে জিতেছে রিয়াল
প্রতিপক্ষের মাঠে ইউরোপিয়ান প্রতিযোগিতায় সর্বশেষ সাত ম্যাচের একটিতে হেরেছে নাপোলি
রিয়ালের সামনে টানা সপ্তমবার শেষ আটে ওঠার হাতছানি, নাপোলি এ নিয়ে শেষ ষোলোতেই উঠেছে দুবার