নাভাস হলেন রিয়ালের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের পরপরই শোনা যাচ্ছিল, কেইলর নাভাস যোগ দিতে যাচ্ছেন রিয়াল মাদ্রিদে।অপেক্ষা ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণার। পরশু সেটাও এসে গেল। রিয়াল মাদ্রিদ নিজেদের ওয়েবসাইটে জানিয়েছে, লেভান্তের কোস্টারিকান গোলরক্ষককে দলে নিয়ে এসেছে তারা। দুই পক্ষের চুক্তিটা ছয় বছরের। নাভাসের জন্য রিয়ালের কত খরচ হয়েছে, সেটা আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। তবে মার্কা বলছে, অঙ্কটা এক কোটি ইউরো। বার্নাব্যুতে গতকাল নাভাস-বরণও হয়ে গেছে।

টনি ক্রুস, হামেস রদ্রিগেজের পর নাভাস মৌসুমে রিয়ালে যোগ দেওয়া তৃতীয় নতুন মুখ। কোস্টারিকার গোলরক্ষক বেশ কয়েক মৌসুম থেকেই আলো ছড়াচ্ছিলেন লা লিগায়। গত মৌসুম লেভান্তের হয়ে লিগে সবচেয়ে বেশি সেভও (১৬০) করেছেন। নাভাসের কল্যাণে লিগে ৪৩টি গোল খায় লেভান্তে, শুধু শীর্ষ চারটি দলই করেছিল এর চেয়ে কম গোল হজম।

তার পরও বলতে হবে, নাভাসকে বার্নাব্যুতে নিয়ে এসেছে ব্রাজিল বিশ্বকাপের পারফরম্যান্সই। পুরো বিশ্বকাপে দুর্দান্ত খেলেছেন, কোস্টারিকার কোয়ার্টার ফাইনাল অভিযানে পথ দেখিয়েছেন সামনে থেকে। বিশ্বকাপে দলের পাঁচ ম্যাচের তিনটিতেই ম্যাচসেরা হয়েছেন।

ইকার ক্যাসিয়াস, ডিয়েগো লোপেজ আগে থেকেই ছিলেন। এবার নাভাসও চলে আসায় রিয়ালের ১ নম্বর শেষ প্রহরী হওয়ার লড়াইটা দারুণ জমে উঠেছে। নাভাস নিজেও জানেন সেটা, ‘আমি জানি, মাদ্রিদে ১ নম্বর হওয়াটা হবে অনেক কঠিন। আমাকে অনেক পরিশ্রম করতে হবে। আমি নিজের সেরাটাই ঢেলে দেব। দেখা যাক, এরপর কী ঘটে!’

নিয়মিত হতে পারবেন কি না, সেটা ভবিষ্যৎ বলে দেবে। আপাতত রিয়ালের মতো ক্লাবে যোগ দিয়েই বেশি আপ্লুত নাভাস, ‘মাদ্রিদে আসাটা দারুণ একটা ব্যাপার। এখানে আমি অনেক কিছুই শিখতে পারব। আমি শুরু থেকেই এটা কাজে লাগানোর চেষ্টা করব। একজন খেলোয়াড় ও ব্যক্তি হিসেবে আমি আরও উন্নতি করতে চাই। আশা করি, আমি দ্রুত খাপ খাইয়ে নিজের ভূমিকাটা ভালোভাবে পালন করতে পারব।’ এএফপি, গোলডটকম।